ব্রাজিল-হল্যান্ড লড়াই: ইতিহাস কথা কয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ব্রাজিল ও হল্যান্ডের ম্যাচ সবসময়ই ক্ল্যাসিকের গুরুত্ব বহন করে। বিশ্ব ফুটবলে সুন্দর ফুটবল খেলার জন্য বিখ্যাত এই দুই দল অতীতেও শ্বাসরুদ্ধকর, উত্তেজনাপূর্ণ লড়াই থেকে বঞ্চিত করেনি ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের মুখোমুখি হওয়া তিনটি ম্যাচকেই আলাদাভাবে মনে করা যায় অজস্র খেলার ভিড়ে। লাতিন ছন্দ আর টোটাল ফুটবলের ধারক এই দুই দেশ যখন আজ রাতে পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা স্টেডিয়ামে একে অন্যের মুখোমুখি হবে, তখন নিশ্চিত করেই বলা যায়, দর্শকেরা অনুভব করবেন ফুটবলের ধ্রুপদী ছন্দ আর উত্তেজনার সব অনুষঙ্গ।ব্রাজিল কোচ দুঙ্গা আজ ম্যাচের পুরোটা সময় খুব নস্টালজিক থাকবেন—এ কথা নিশ্চিত করেই বলা যায়। তিনি কী আজ থেকে ১৬ বছর আগে কিংবা ১২ বছর আগে খেলোয়াড় হিসেবে খেলা হল্যান্ডের বিপক্ষের দুটি ঐতিহাসিক লড়াই ভুলতে পারবেন? দুঙ্গার মনের মণিকোঠায় সেই দুই লড়াইয়ে চিরন্তন আনন্দ আর অনুপ্রেরণার উত্স হয়ে আছে। হয়তো থাকবে আরও অনেক দিন।আজ থেকে ১৬ বছর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও হল্যান্ড। ব্রাজিল তখন চব্বিশ বছর পর বিশ্বকাপ জয়ের খরা কাটানোর স্বপ্নে বিভোর। রোমারিও, বেবেতো, ব্র্যাংকো, দুঙ্গারা সেদিন খেলতে নেমেছিলেন, রোনাল্ড কোয়েম্যান, ডেনিস বার্গক্যাম্পদের শক্তিশালী হল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচটিকে যেকোনো মানের বিচারেই ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ লড়াই হিসেবে চিহ্নিত করা যেতে পারে। ফুটবলের সব আনন্দ আর উত্তেজনা একাকার হয়ে গিয়েছিল সে দিন ডালাসের মাঠে। প্রথমার্ধে রোমারিও ও বেবেতোর দুই গোলে ব্রাজিল এগিয়ে গেলেও বার্গক্যাম্প ও অ্যারন উইন্টারের গোলে সমতা ফিরিয়ে নিয়ে উত্তেজনার পারদ অনেক ওপরে তুলে দেয় ডাচেরা। এরপর অবশ্য ব্র্যাংকোর এক মোহনীয় ফ্রি-কিকের গোল ব্রাজিলকে সেমির পথে পৌঁছে দেয়। সেই ম্যাচে ব্রাজিলের কোচ কার্লোস আলবার্তো পাহেইরা বলেন, ‘সেদিন ব্রাজিল দুই গোলে এগিয়ে গেলেও দুর্দান্তভাবেই খেলায় ফিরেছিল হল্যান্ড। ব্র্যাংকোর সেই ফ্রি-কিকেই আমরা সে দিন হল্যান্ডকে হারিয়েছিলাম নয় তো হল্যান্ড পুরোপুরিই আমাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলছিল।’ ১৯৯৪ সালে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন দুঙ্গা। তিনি সেই ম্যাচটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচেরই মর্যাদা দিয়েছেন। ‘১৯৯৪ সালের সেই ম্যাচটি জিতেই ২৪ বছর পর বিশ্বকাপ জয়টা নিশ্চিতই হয়ে গিয়েছিল ব্রাজিলের। তখন হল্যান্ডের যে দলটির বিপক্ষে আমরা জয় পেয়েছিলাম, তারপর কোনো বাধাই আমাদের কাছে বাধা মনে হয়নি।’১৯৯৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে হল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটিও ছিল দুর্দান্ত এক ময়দানী লড়াই। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলেও টাইব্রেকারে ফিলিপ কোকু ও রোনাল্ড ডি বোরের দুটি মিস হল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। নির্ধারিত সময়ে রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। দুরন্ত ডাচ স্ট্রাইকার প্যাট্রিক ক্লাইভার্টের গোলে সমতায় ফেরে হল্যান্ড। সেই ম্যাচে ব্রাজিল ও হল্যান্ডের মধ্যে পার্থক্য গড়ে দেন ব্রাজিলীয় গোলরক্ষক ক্লদিও তাফারেল। সেই ম্যাচটিকেও বিশ্বকাপের অন্যতম সেরা লড়াইয়ের মর্যাদা দেওয়া হয়। অনেক বিশ্লেষকেরাই বলেন, সে দিন মার্শেইয়ের মাঠে টাইব্রেকার ছাড়া আর কোনো কিছুই ব্রাজিল ও হল্যান্ড দলের পার্থক্য টেনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।হল্যান্ড ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে একটি ম্যাচই জিতেছে। সেটা ১৯৭৪ সালে। সেবারই ইয়োহান ক্রুয়েফের প্রযোজনা আর কোচ রাইনাস মিশেলের পরিকল্পনায় বিশ্বকে এক নতুন ছন্দের ফুটবল উপহার দিয়েছিল ডাচরা। ‘টোটাল ফুটবল’ নামে পরিচিত সেই ফুটবলের কাছে প্রতিটি বিভাগেই মার খেয়ে যায় সেবার ব্রাজিলীয় ধ্রুপদী ঘরানা। ব্রাজিল হেরে যায় সেই ম্যাচে ২-০ গোলে। সেই ইয়োহান ক্রুয়েফ ও জন নিসকেনস গড়ে দেন ডাচ ও ব্রাজিলীয় দলের মধ্যে শক্তির পার্থক্য।আজ পোর্ট এলিজাবেথে ইতিহাসের আলোচনা খুব করেই চলে আসবে। ইতিহাসের এই দুই শ্রেষ্ঠ দলের মোকাবিলায় ইতিহাসের আলাপ আসবে না তা কী করে হয়। ইতিহাসই তো বলে দিচ্ছে বিশ্বকাপে আজ এক চমত্কার লড়াই দেখতে চলেছেন ফুটবলামোদীরা। সেই লড়াই হয়তো গড়ে দেবে নতুন কোনো ইতিহাস। জন্ম দেবে নতুন কোনো আনন্দ কাব্যের।