ব্রাজিল: নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী!
ব্রাজিলের ওপর চাপটা বহুমুখী। দ্বিতীয় হওয়াটা দেশটির সমর্থকদের কাছে ব্যর্থতা। প্রথম হলেও সমর্থকদের প্রত্যাশা থাকে, দলটি এমন ফুটবল খেলবে, যাতে সবার মনপ্রাণ জুড়িয়ে যায়। ব্রাজিলকে শুধু ফুটবল খেললে চলে না, ফুটবলকে নিয়ে যেতে হয় শিল্পের পর্যায়ে। ফুটবলের মান কতটা ওপরে নিয়ে যাওয়া যায়, অতীতে অনেক বারই বিশ্ববাসী দেখেছে নীল-হলুদের ছোঁয়ামাখা দলটির কাছে। পেলে, গারিঞ্চা, জর্জিনহো, সক্রেটিস, জিকোদের ব্রাজিল ফুটবলকে নিয়ে গেছেন এমন একপর্যায়ে, যেখানে পৌঁছা অন্য দলগুলোর কাছে কেবল কঠিনই নয়, অলীক স্বপ্নও বটে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে অতীতের জুলেরিমে ট্রফি নিজেদের করে নেওয়ার অনন্য কৃতিত্ব শুধু ব্রাজিলেরই। এরপর দীর্ঘ ২৪ বছরের অসহনীয় খরা। সেরা দল হয়েও সাফল্য না পাওয়ার অসহ্য বেদনা কাটিয়ে ১৯৯৪ সালে ফিফা বিশ্বকাপ ট্রফিটি আবার হাতে নেওয়া। এরপর থেকে ব্রাজিলের নতুন ফুটবল-প্রজন্ম যেন প্রতিজ্ঞা করেছে, অন্তত এ খেলাটিতে কাউকে কখনোই ধারেকাছে থাকতে দেবে না তারা। ব্রাজিলই একমাত্র দল, যারা নিজ মহাদেশের বাইরে গিয়ে জিতেছে বিশ্বকাপের শিরোপা। ১৯৫৮ সালে সুইডেনে ও ২০০২ সালে জাপান-কোরিয়ায় বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা এখন অন্য সবার চেয়ে আলাদা। এবার ২০১০-এ দক্ষিণ আফ্রিকা থেকে শিরোপা জিতে এলে পৃথিবীর সব মহাদেশ থেকেই বিশ্বকাপ জেতার অন্যন্য গৌরবের অধিকারী হবে তারা। ব্রাজিলের ব্যর্থতা শুধু নিজ মাটিতে বিশ্বকাপ জিততে না পারা। ১৯৫০ সালের বিশ্বকাপের ফাইনালে মারকানা স্টেডিয়ামে লাখো দর্শকের হূদয়ে রক্তক্ষরণ তুলে এক গোলে এগিয়ে গিয়েও উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে নিজ মাটিতে বিশ্বকাপ জেতা হয়নি তাদের। ব্রাজিলের ফুটবলের ইতিহাসে সেই ব্যর্থতা এক শোকসন্তপ্ত অধ্যায় হয়েই আছে। বিশ্বকাপ জেতাটা ব্রাজিলীয়রা তাদের জন্মগত অধিকার হিসেবেই ধরে নিয়েছে। তারা মনে করে, প্রতি চার বছর পরপর ফিফা বিশ্বকাপের আয়োজন করে তাদের হাতেই কাপটা তুলে দিতে। এটা কল্পনাপ্রসূত কোনো কথা নয়। ব্রাজিলীয় ফুটবল সেনসেশন কাকাই বলেছেন, ‘আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসনটি আমাদের জন্যই বরাদ্দ। আমরা মাঠে যাই জিততে, প্রথম হওয়াই আমাদের একমাত্র সফলতা। এর ব্যত্যয় ঘটলে গোটা দেশে এর নেতিবাচক প্রভাব পড়ে।’গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে দেশটির একটি সোনালি ফুটবল প্রজন্মের বিদায় হয়েছিল। কাফু, রবার্টো কার্লোসরা ২০০২-এ বিশ্বকাপ জেতালেও ২০০৬-এর ব্যর্থতার কারণে তাঁদের অতীতের সব কৃতিত্ব চাপা পড়ে গিয়েছিল। ব্রাজিল দলটিই এমন, সেটা জানে ২০১০-এ বিশ্বকাপে খেলার অপেক্ষায় থাকা কার্লোস দুঙ্গার ব্রাজিল। তারা খুব ভালো করেই বুঝতে পারছে, ব্রাজিলের অমরত্ব পাওয়ার একমাত্র উপায় দলকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া। ব্রাজিলীয়রা চ্যাম্পিয়নদেরই পছন্দ করে। ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গার জন্য এবারের বিশ্বকাপ নতুন করে নিজেকে ‘চ্যাম্পিয়ন’-এর কাতারে নাম লেখানোর বিশ্বকাপ। ১৯৯৪ সালে নিয়মিত অধিনায়ক রাই ডি সুজার আঘাতজনিত অনুপস্থিতিতে বিশ্বজয়ী ব্রাজিলের পক্ষে ফিফা বিশ্বকাপটি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন তিনি। ১৬ বছর পর কোচ হিসেবে আবার বিশ্বকাপ তুলে নিজেকে জার্মান-গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের কাতারে নিয়ে যেতে পারবেন কি না, সেদিকে তাকিয়ে থাকবে সবাই। দুঙ্গা তাঁর এই মিশন জয়ের জন্য বেছে নিয়েছেন তুলনামূলকভাবে তরুণদের। যে দলটির মূল চালিকাশক্তি হবেন কাকা ও রবিনহো। তবে ব্রাজিলকে ‘ব্রাজিলের মতো’ না খেলানোর অভিযোগে অভিযুক্ত তিনি। লাতিন সাম্বার ছন্দে ফুটবলের সুরমূর্ছনা তোলার বদলে দুঙ্গা হাতে নিয়েছেন ঘর গুছিয়ে ফলাফলভিত্তিক ফুটবল খেলার কৌশল। সে কারণে রক্ষণের ওপর জোর দিয়েছেন তিনি। তবে দুঙ্গা এটাও জানেন, তাঁর নতুন কৌশল অবলম্বন করে বিশ্বকাপ জিততে না পারলে সমালোচকদের তোপ থেকে নিজেকে সামলাতে পারবেন না। আগেই বলা হয়েছে, ব্রাজিলের সমর্থকেরা ব্রাজিলকে শুধু বিজয়ীই দেখতে চায় না, উপভোগ করতে চায় ফুটবলের সত্যিকারের ব্রাজিলীয় ঢং। সে ধরনের ফুটবল থেকে অনেক দূরেই রয়েছে দুঙ্গার ব্রাজিল। ব্যাপারটি স্বীকার করেই সমর্থকদের কাছে কেবল সমর্থনই চেয়েছেন কার্লোস দুঙ্গা। বলেছেন, ‘আমি ব্রাজিলীয় সমর্থকদের কাছে অকুণ্ঠ সমর্থনই প্রত্যাশা করি। তাঁরা যদি আমাকে বা আমার কৌশলকে পছন্দ না করেন, তাহলে আমার কিছুই বলার নেই। আমি কেবল তাঁদের সমর্থনই চাইব।’ এবারের বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপটিকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’। এর কারণ, ব্রাজিলের গ্রুপসঙ্গী পর্তুগাল ও আইভরি কোস্টের মতো দল। উত্তর কোরিয়া গ্রুপের অপর দল হলেও পর্তুগাল ও আইভরি কোস্টের সঙ্গে ছোটখাটো কিছু ভুলই বিপদের কারণ হতে পারে ব্রাজিলের জন্য। ‘গ্রুপ অব ডেথে’র সমীকরণ মাথায় নিয়েই আগামী ১৫ জুন উত্তর কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শুরু হবে ‘সাম্বা’দের দৃপ্ত পথচলা।