ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট?

নিজের দল ফুটবল-বিশ্বের অন্যতম পরাশক্তি। তবুও কিনা ব্রাজিলকেই বিশ্বকাপ ফেভারিট মানছেন জার্মান কোচ জোয়াকিম লো! এমন ভাবার যথেষ্ট কারণ রয়েছে। সব দলই নিজের মাটিতে বাঘ—এ তত্ত্বকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। ফলে ঘরের মাঠের সুবিধা ভালোই কাজে লাগাবে ব্রাজিল। ‘আমার কাছে ব্রাজিল সবচেয়ে ফেভারিট। দেশের মাটিতে খেলা হওয়ায় তাদের শক্তি-ক্ষমতা আরও বাড়বে’, বললেন জার্মান কোচ।
কেবল ব্রাজিলই নয়, আর্জেন্টিনাকেও ফেভারিটের তালিকায় রেখেছেন তিনি। এ তালিকায় কলম্বিয়াও রয়েছে। যেহেতু বিশ্বকাপ দক্ষিণ আমেরিকায়। ফলে মহাদেশীয় সুবিধা ভালোভাবেই কাজে লাগাবে এ দেশগুলো। এ ছাড়া বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান তিন ও কলম্বিয়ার চার। ‘আর্জেন্টিনা আবারও শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হবে। কলম্বিয়াও এখন বিশ্বের অন্যতম সেরা দল’, বললেন লো।
ইউরোপে লোর ফেভারিট স্পেন, ইতালি ও হল্যান্ড। আর তাঁর মতে, বেলজিয়াম হতে পারে বিশ্বকাপের ‘ডার্ক হর্স’। এশিয়ার মধ্যে জাপান সবচেয়ে বেশি শক্তিশালী। কথা হলো, নিজের দলকে কেন হিসেবে রাখছেন না লো? বিশ্বকাপ ইতিহাস, ফিফা র্যাঙ্কিং—কোনো কিছুতেই তো জার্মানিকে পিছিয়ে রাখার উপায় নেই। তা ছাড়া আয়োজক হয়েও বিশ্বকাপ জেতা যায় না, লোর তা অজানা নয়। ২০০৬ বিশ্বকাপটা স্মৃতি যে এখনো টাটকা। তবে এটি কি অন্য দলকে ফেভারিট বলে নিজের দলকে নির্ভার রাখার কৌশল?