ব্রাজিলও আটকাল ড্রর ফাঁদে
শেষ বাঁশি বাজল, দ্রুত মাঠ ছেড়ে গেলেন পাতো-নেইমার-গানসোরা। ভেনেজুয়েলার খেলোয়াড়েরা তার পরও মাঠে রইলেন অনেকক্ষণ। হাততালিতে দর্শক অভিনন্দনের জবাব দিয়েছেন, একে অন্যকে জড়িয়ে ধরেছেন। এ যেন ব্রাজিলের বিপক্ষে ভেনেজুয়েলার জয়ের উৎসব। আসলে ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। প্রথম দিনে বলিভিয়ার সঙ্গে আর্জেন্টিনার ড্রয়ের পর কোপা আমেরিকা দিল আরেকটা চমক।ভেনেজুয়েলা উৎসব করবে না কেন? ব্রাজিলের সঙ্গে ড্র-ই যে ভিনোতিন্তোদের (রেড ওয়াইন) জন্য জয়ের সমান। ১৯৬৭ সালে কোপা আমেরিকায় অভিষেকের পর থেকেই অন্য দলের গোল-উৎসবের উপলক্ষ ভেনেজুয়েলা। এ ম্যাচের আগ পর্যন্ত এই ব্রাজিলের কাছেই ২০ ম্যাচে ৮২ গোল খেয়েছে (এর মধ্যে কোপা আমেরিকার ৬ ম্যাচে ২৫ গোল)। পরশু সেই ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকায় প্রথম পয়েন্ট পেল।তবে ভেনেজুয়েলা যত না ভালো ড্র আদায় করেছে। তার চেয়ে বেশি খারাপ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলই খুইয়েছে পয়েন্ট। মাঠে হলুদ জার্সি দেখে চিনতে হয়—ব্রাজিলের এই অবস্থা অনেক দিন ধরেই। এ ম্যাচে ব্রাজিল অতটা বর্ণহীন ছিল না। রবিনহো-পাতো-নেইমার-গানসোরা মাঝেমধ্যেই ঝলক দেখিয়েছেন। কিন্তু পুরো দলটা কেমন যেন এক সুতোয় গাঁথা ছিল না। রক্ষণের সঙ্গে মাঝমাঠ, আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের যোগসূত্রই যেন ছিল না। তবে সমন্বয়হীনতার মধ্যেও বেশ কিছু ভালো আক্রমণ করেছে ব্রাজিল। পাতো গোল পেয়ে যেতে পারতেন দুটি। একটি দুর্ভাগ্য, ৩৮ মিনিটে তাঁর দুর্দান্ত এক ভলি প্রতিহত হয়েছে পোস্টে। আরেকটি গোলকিপারকে একা পেয়েও বল জড়াতে পারেননি জালে। অথবা প্রথমার্ধের একেবারে শেষের দিকে রবিনহোর একটি শট রুখেছে ভেনেজুয়েলার ডিফেন্ডার অসওয়ালদো ভিকারোনদোর কাঁধ। রবিনহোরা অবশ্য হ্যান্ডবল দাবি করে পেনাল্টির আবেদন করেছিলেন, কিন্তু বলিভিয়ান রেফারি রাউল অরোস্কো তা নাকচ করে দেন। দ্বিতীয়ার্ধেও কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি ফ্রেড আর লুকাস লেইভা।ম্যাচ শেষে ব্রাজিল কোচ মানো মেনেজেস সখেদে বলেছেন দলের সমন্বয়হীনতার কথা, ‘এই ফলকে খারাপই বলতে হবে। কারণ আমরা ভেনেজুয়েলার চেয়ে ভালো খেলেছি। ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা কোন বিষয়টিতে জোর দেব সেই স্পষ্ট ধারণা ছিল না। এই যেমন গোল করার মুহূর্তে সঠিক খেলোয়াড়টিকে খুঁজে বের করা।’ মাঠের ওপরও খানিক দায় চাপিয়েছেন। বলেছেন মাঠ ভালো ছিল না। তবে রোববার প্যারাগুয়ের বিপক্ষে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ব্রাজিল কোচ।ড্র কীভাবে এল ভেনেজুয়েলা সেটা দেখছে না। কিন্তু ঐতিহাসিক এই ড্রকে স্ট্রাইকার নিকোলাস ফেদর দেখছেন ভালো কিছুর সূচনা হিসেবে, ‘ঐতিহাসিক কোনো অর্জনের প্রথম অধ্যায় এটা।’ড্রয়ে বিরক্ত প্যারাগুয়ে: ড্র যে দুই দলের জন্য দুই রকম অনুভূতি এনে দিতে পারে, সেটা ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ শেষেই দেখা গেছে। প্যারাগুয়ে-ইকুয়েডর ম্যাচটিও পরশু গোলশূন্য ড্র হয়েছে এবং এতেও দুই দলের রকম অনুভূতি। ‘এত ভালো খেলার পরও এই ফল মেনে নেওয়া যায় না’—প্যারাগুয়ের কোচ জেরার্ডো মার্টিনো বিষণ্ন। ইকুয়েডর কোচ রেইনালদো রুয়েদা এই ফলকে বলেছেন, ‘খুব ভালো’। এএফপি, রয়টার্স।