অন্য চোখে : বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন লিখছেন প্রথম আলোয়
ব্রাজিলও শক্তিনির্ভর ফুটবল খেলছে
কলম্বিয়ার জালে ম্যাচের শুরুতেই বল পাঠাল ব্রাজিল। খেলা দেখারই আগ্রহ হারিয়ে ফেললাম। এই ব্রাজিলের গোল দেওয়া মানে মন কাড়া কিছু দূরে থাক, ওদের স্বাভাবিক খেলাটা দেখার আর আশা থাকে না। দ্বিতীয় গোলটা যখন করল, ম্যাচে আর বাকি থাকল না কিছু।
ব্রাজিলের মতো দলকে তাদেরই মাঠে তিন গোল দিয়ে কোনো দল হারাবে, এতটা ভাবা বাড়াবাড়ি। শেষ পর্যন্ত তা-ই দেখলাম। সত্যি বলতে, ব্রাজিলের খেলা আমার বিরক্তিকর লেগেছে। যে খেলাটা দেখতে টিভির সামনে বসেছি, সেটা দেখতে পেলাম না। কারণও আছে। বাইরে থেকে আমরা দৃষ্টিনন্দন কিছু চাইতেই পারি, ওদের সুন্দর ফুটবল দেখানোর কোনো দায় নেই। ম্যাচ জিততে যেভাবে খেলা দরকার সেভাবেই খেলবে। চোখের জন্য তৃপ্তিদায়ক ফুটবলের তোয়াক্কা করে না ব্রাজিল। সোজা কথায় মাঠে নামে জেতার জন্য। যেভাবেই হোক।
এ ম্যাচে ৫৪ ফাউলের ৩১টিই করল ব্রাজিল। ব্রাজিলের মতো দল এত ফাউল করছে, ভাবা যায় না । ব্রাজিলিয়ানরাও এখন ফাউলের খেলায় ওস্তাদ। বল দখলের তীব্র শারীরিক সংঘর্ষে জিতে যাচ্ছে ব্রাজিলিয়ানরা । দলটির আশি-নব্বই ভাগ খেলোয়াড়ই এখন ইউরোপে খেলে। পাওয়ার ফুটবলের উত্তপ্ত কড়াইয়ের মধ্যেই তারা সারা বছর থাকে। জাতীয় দলের জার্সি গায়ে সেই পাওয়ার ফুটবল ব্রাজিলিয়ানরা দেখাবে না, এটা হয় কী করে!
ব্রাজিলও এখন তাই পাওয়ার ফুটবল খেলছে। ধারাটা যেভাবে এগোচ্ছে, সহসাই হয়তো ৭০ ভাগ খেলাই হবে শরীরনির্ভর। বাকি ৩০ ভাগ স্কিলের। শরীরনির্ভর ফুটবলটা এখন যুগেরই চাহিদা। ব্রাজিলকে দোষ দিয়ে লাভ নেই। স্কিলের ফুল ফুটিয়েই যদি সব সময় জেতা যেত, তাহলে ব্রাজিলের ঘরে বিশ্বকাপ যেত অন্তত ১০-১২ বার । সেটা তো হয়নি। ওরা তাল মিলিয়ে খেলতে পারেনি বলেই ওই ব্যর্থতা। যখনই সময়ের দাবি মিটিয়ে খেলতে পেরেছে ব্রাজিল, সাফল্য এসে আলিঙ্গন করেছে।
এবার কী হবে? এটা এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। দলটা পাওয়ার ফুটবল খেলে যেভাবে এগোচ্ছিল, মনে হয়েছে চ্যাম্পিয়ন হয়তো হয়েই যাবে। কিন্তু নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কা। দলের মূল খেলোয়াড়কে হারিয়ে স্বাগতিকেরা এখন মানসিকভাবে অনেক পিছিয়ে পড়ল। টেকনিক্যালি হয়তো অতটা প্রভাব ফেলবে না। কিন্তু ফুটবল মাঠে মানসিক যুদ্ধ জয়েরও একটা ব্যাপার থাকে। সেই সুবিধাটা হারিয়ে ফেলল ব্রাজিল। নেইমার যতটা না খেলেন, তার চেয়ে প্রতিপক্ষের কাছে আতঙ্কই ছড়ান বেশি।
সেই আতঙ্ক মাঠ থেকে ছিটকে পড়ায় জার্মানির জন্য সুবিধা হলো অনেক। সেমিতে নেইমারবিহীন ব্রাজিলের চেয়ে লাম-মুলারদের জার্মানিই এগিয়ে।