ব্রাজিলকে এড়ানোর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। তার সঙ্গে দক্ষিণ আমেরিকার ‘ডার্ক হর্স’ চিলি। কে ভেবেছিল এমন একটা গ্রুপের হিসাব-নিকাশ শেষ হয়ে যাবে দুই ম্যাচ বাকি থাকতেই!
দুই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে যেন ছেলেখেলা করেছে হল্যান্ড আর চিলি। যোগফল, একটা করে ম্যাচ হাতে রেখেই স্পেনের বিদায় আর হল্যান্ড-চিলির শেষ ষোলোর নিশ্চয়তা। সাও পাওলোতে আজ হল্যান্ডের সঙ্গে চিলির ম্যাচটার এক অর্থে খুব বেশি গুরুত্ব নেই।
নেই, আবার আছেও। দুই দলেরই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে সত্যি। তবে গ্রুপ রানার্সআপ হয়ে উঠলে পরের রাউন্ডেই ব্রাজিলের সামনে পড়তে হতে পারে। এত জলদি স্বাগতিকদের মুখোমুখি হতে নিশ্চয়ই হল্যান্ডও চায় না, চিলিও চায় না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলকে এড়ানোর তাড়নাই তাই কার্যত নিয়মরক্ষার এই ম্যাচটাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে!
কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হলেই কি ব্রাজিলকে এড়ানো যাবে? দুটি করে ম্যাচ হয়ে যাওয়ার পর ‘এ’ গ্রুপে ব্রাজিল, মেক্সিকোর পয়েন্ট সমান। এই দুই দলের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে ক্রোয়েশিয়া। এই বিশ্বকাপ যেভাবে একের পর এক চমক উপহার দিচ্ছে, তাতে আজ এই গ্রুপের বাকি ম্যাচগুলো হয়ে যাওয়ার পর হিসাব-নিকাশ উল্টে যেতেই পারে। কোনো কারণে ব্রাজিল গ্রুপ রানার্সআপ হয়ে গেলে বরং ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন দলটার হিতে বিপরীত হবে।
তবে সে রকম কিছু হলে তা হবে এই বিশ্বকাপের আরও একটা অঘটন এবং সেই অঘটনের শঙ্কায় না থেকে নিজেদের কাজটুকু সেরে রাখতে চাইছে হল্যান্ড-চিলি দুই দলই। পাল্লাটা অবশ্য হল্যান্ডের দিকে কিছুটা ঝুঁকে আছে। প্রথম দুই ম্যাচে ৮ গোল দিয়ে তারা চিলির চেয়ে গোল ব্যবধানে এগিয়ে। ম্যাচ ড্র হলে তাই লুই ফন গালের দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার এই তাড়না ছাড়া এমনিতে নির্ভার ম্যাচ। সে কারণেই হয়তো দলে এমনিতেই কিছু বদল আনতেন ডাচ কোচ। তবে আজ সেটাই তাঁকে বাধ্য হয়ে করতে হচ্ছে। পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে আজ খেলতে পারবেন না রবিন ফন পার্সি। ব্রুনো মার্টিনস ইন্ডি ফিট নন পুরোপুরি। ৫-৩-২ ছকের বদলে তাই আজ ৪-৩-৩ ছকে যেতে পারেন ফন গাল। সে েক্ষত্রে একাদশে ঢুকে যেতে পারেন আগের ম্যাচে বদলি নেমে গোল করা আইন্দহোফেন উইঙ্গার মেম্ফিস ডিপাই এবং ক্লাস-ইয়ান হান্টেলার।
একাদশে বদল আনতে হবে চিলি কোচ হোর্হে সামপাওলিকেও। চোট ঠিকঠাক অনুশীলন করতে দেয়নি মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও চার্লস আরানগুইজকে। শেষ পর্যন্ত যদি দুজনের কেউ খেলতে না পারেন তাহলে একাদশে জায়গা হবে কার্লোস কারমোনার।
গোল ব্যবধানে এগিয়ে থাকা ছাড়াও ইতিহাস হল্যান্ডের পক্ষে। ১৯৯৪ সালের পর বিশ্বকাপের গ্রুপপর্বে আর কোনো ম্যাচ হারেনি হল্যান্ড। দক্ষিণ আমেরিকান দেশগুলোর বিপক্ষে বিশ্বকাপে ১১টি ম্যাচ খেলেছে হল্যান্ড, হেরেছে মাত্র দুটিতে।
অন্যদিকে, একই বিশ্বকাপে কখনো টানা তিন ম্যাচ জিততে পারেনি চিলি! সামপাওলির দল কি পারবে ইতিহাসের ধারাটা বদলে দিতে?