ব্রাজিলকে থামাতে পারে শুধু জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

১৯৯০ সালে আপনি জার্মানির কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ওই টুর্নামেন্টের স্মৃতিটা কী রকম?
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার: বিশ্বকাপ এমন একটা ব্যাপার যা আপনার স্মৃতিতে সবচেয়ে বেশি সময় থাকবে। ১৯৯০ সালে ইতালিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। দেশটা দারুণ, ভীষণ ফুটবলপ্রেমী। সৌভাগ্যক্রমে আর্জেন্টিনা সেমিফাইনালে স্বাগতিকদের হারিয়ে দিল। ফাইনালে স্বাগতিক ইতালিকে হারানো অনেক কঠিন হতো। সেই তুলনায় আর্জেন্টিনাকে হারানো সহজ ছিল। আমি সেই স্মৃতি কখনোই ভুলব না।
 আগামী ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ নিয়ে আপনার প্রত্যাশা কী?
বেকেনবাওয়ার: ইতালির মতো ব্রাজিলও ফুটবলের দেশ। ওরা সত্যিকার ফুটবলপ্রেমী। আশা করছি, আমরা বিশ্বকাপের সময় সেটা দেখতে পাব।
 স্বাগতিকদের নিয়ে আপনার প্রত্যাশা কতটা?
বেকেনবাওয়ার: কনফেডারেশনস কাপজয়ীরা কখনো বিশ্বকাপ জিততে পারেনি, ওইভাবে দেখলে তো ব্রাজিলের আশা নেই (হাসি)। কিন্তু বিশ্বকাপ হবে ওদের নিজের দেশে আর ওদের সামর্থ্য কী সেটা তো ওরা কনফেডারেশনস কাপেই দেখিয়েছে। নিজের মাঠে খেলার সুবিধার কথা মাথায় রেখে বলছি, ওরা ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করবে।
 আর জোয়াকিম লোর জার্মানি কত দূর যেতে পারে বলে মনে করেন?
বেকেনবাওয়ার: ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবে লো যে প্রক্রিয়াটা শুরু করেছিল সেটা সে ২০০৬ সালে কোচ হওয়ার পরও ধরে রেখেছে। দলে অনেক তরুণ ফুটবলার এসেছে। ২০০৬ বিশ্বকাপ খেলা কয়েকজন আছে, কিন্তু বাকিরা সবাই যথেষ্ট তরুণ যারা এখনো উন্নতি করছে। এদের বেশির ভাগই যুব একাডেমির। এই একাডেমিগুলো জাতীয় দলের জন্যও সোনার খনি। জার্মানি যে নতুন ধরনের ফুটবল খেলছে তাতে লোর অনেক ভূমিকা। আমার মনে হয়, ব্রাজিলকে থামাতে পারে শুধু জার্মানি।

 ১৯৯০ সালে আপনার জন্য যে কাজটা কঠিন ছিল সেটা কি প্রতিভার ছড়াছড়ি হওয়ার কারণে লোর জন্য অনেক সহজ হয়ে গেছে?
বেকেনবাওয়ার: লোর হাতে এ মুহূর্তে যত বিকল্প আছে সেটা মাথায় রাখলে অবশ্যই সহজ হয়ে গেছে। লো অনেক ভাগ্যবান, এখন আমাদের বায়ার্ন মিউনিখ আর বরুসিয়া ডর্টমুন্ডের মতো দুটি অসাধারণ দল আছে যারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে। জাতীয় দলও অনেকটা এই দুই ক্লাবের ফুটবলারদের নিয়েই গড়া হবে। অবশ্য ওজিল কিংবা খেদিরার মতো অন্য ক্লাবের ফুটবলাররাও থাকবে। কিন্তু এই দুই ক্লাবের ফুটবলাররাই হবে জাতীয় দলের মেরুদণ্ড এবং এটাই একটা বাড়তি সুবিধা। ১৯৭৪ সালের দলে ৬ জন বায়ার্ন মিউনিখের ফুটবলার ছিল, ৩ জন ছিল মনশেনগ্লাডবাখের। ১৯৭২ সালেও এ রকম ছিল।
 বায়ার্ন আর ডর্টমুন্ডের মধ্যে দ্বৈরথ কি জাতীয় দলের ক্ষতি করবে?
বেকেনবাওয়ার: ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, আমার যেমন ছিল মনশেনগ্লাডবাখের বার্টি ফোটস, গুন্টার নেৎজার, হ্যাকি ভিমার আর ইয়ুপ হেইঙ্কেসের সঙ্গে। সেটা মাঠে আমরা দেখাতামও। কিন্তু যখনই জাতীয় দলের জন্য আমরা একত্র হতাম, ঐক্যই ছিল আমাদের মূলমন্ত্র। এখনো পরিস্থিতি আলাদা নয়।
 দক্ষিণ আমেরিকার অন্য দলগুলোর সম্ভাবনা কেমন বিশ্বকাপে?
বেকেনবাওয়ার: বিশ্বকাপ শুধু ব্রাজিলে নয়, এটা দক্ষিণ আমেরিকায়। সুতরাং ওই মহাদেশের বাকি দলগুলোও খুব উজ্জীবিত। তবে ঠিক এ মুহূর্তে শিরোপার শক্ত দাবিদার কাউকে দেখছি না। আর্জেন্টিনা বরাবরেরই মতোই মেসির ওপর নির্ভরশীল। অন্যদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। ইউরোপের দলগুলোর মধ্যে আমি স্পেনকে রাখব জার্মানির পাশাপাশি। শুধু জার্মানি আর স্পেনই পারবে শিরোপার জন্য ব্রাজিলের সঙ্গে লড়তে।
 ফ্রাঙ্ক রিবেরি গত সপ্তাহে ইউরোপের সেরা ফুটবলার হয়েছেন। আপনার মতে, তিনি কি আসলেই এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার?
বেকেনবাওয়ার: তিনজনের ছোট তালিকায় রিবেরি ছিল সবচেয়ে সফল। সে অন্যতম সেরা অবশ্যই এবং গত মৌসুমে সে-ই ছিল সবার সেরা। তাকে ছাড়া বায়ার্ন ট্রেবল জিততে পারত না।
 বায়ার্ন মিউনিখের সাম্মানিক সভাপতি হিসেবে আপনি কি মনে করেন গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে ওরা এবারও?
বেকেনবাওয়ার: অবশ্যই, যদি তাদের প্রতিদ্বন্দ্বীরা সেই সুযোগ দেয়। কিন্তু আমার মনে হয় দেবে না। বরুসিয়া ডর্টমুন্ড এখন অনেক শক্তিশালী। ওরা বায়ার্নকে আর এত বিশাল ব্যবধানে জিততে দেবে না। ওরাও শিরোপা চাইবে আর আমার মনে হয় সে সামর্থ্য তাদের আছে। পেপ গার্দিওলার মনের মতো দল পেতে আরও কয়েক সপ্তাহ বা মাস সময় নেবে, কারণ এখনো খেলোয়াড়েরা তার ধরনের সঙ্গে পুরোপুরি মানিয়ে ওঠেনি। যা-ই হোক, আমার মনে হয় এবারও বায়ার্ন আর ডর্টমুন্ডের দুই ঘোড়ার দৌড়ই দেখব।