ব্রাজিলকে দশে সোয়া নয় ব্ল্যাটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও ডি জেনিরোতে সংবাদ সম্মেলনে সেপ ব্ল্যাটার l এএফপি
রিও ডি জেনিরোতে সংবাদ সম্মেলনে সেপ ব্ল্যাটার l এএফপি

ঘরের মাঠে বিশ্বকাপে বিজয়ী ব্রাজিল! দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের দাবি অন্তত তেমনই। ব্রাজিলের এ বিজয় মাঠে যে নয়, সেটা জানাই।লুইস ফেলিপে স্কলারির দল সেমিফাইনালে ধ্বংস হয়ে গেছে জার্মানির কাছে, হার ৭-১ গোলে। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও লজ্জার আবরণটা সরল না, এবার হল্যান্ডের কাছে খাবি খেয়েছে ৩-০ গোলে। মাঠের এ বাজে ফল সরিয়ে রেখে প্রেসিডেন্ট রুসেফ নিজেদের ‘বিজয়ী’ ঘোষণা করলেন আয়োজক হিসেবে।
অথচ টুর্নামেন্ট শুরুর আগে কত শঙ্কা, কত নেতিবাচক খবর! এমনকি টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেও খবর এল উদ্বোধনী ভেন্যুর নির্মাণকাজ শেষই হয়নি। কিন্তু মাঠের বাইরের সেই শঙ্কাকে বনবাসে পাঠিয়ে মাসজুড়েই ফুটবলপ্রেমীদের মাতিয়ে রেখেছিল মাঠের উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতায় ভরা ফুটবল। বিশ্ববাসীকে দারুণ একটা বিশ্বকাপ উপহার দিতে পেরে রুসেফ গর্বিত, ‘বিশ্বকাপ আয়োজনের দিক থেকে আমাদের দেশ নিজেদের বিজয়ী দাবি করতেই পারে। কোনো সন্দেহ নেই, এটা ছিল সবচেয়ে সুন্দর বিশ্বকাপগুলোর একটি। আমরা ট্রফি জিততে না পারি, তবে আমরা বিশ্বকাপ জিতেছি, যা পুরো বিশ্বকেই মুগ্ধ করেছে।’
আয়োজক ব্রাজিলকে প্রশংসায় ভাসিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও। ২০১৪ বিশ্বকাপকে ‘ভেরি স্পেশাল’ উল্লেখ করে ব্ল্যাটার আয়োজক হিসেবে ব্রাজিলকে দশে ৯.২৫ নম্বর দিয়েছেন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই হয়েছে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেটাই মনে করিয়ে দিয়ে ব্ল্যাটার বলেছেন, ‘খেলার মান এবং ম্যাচের তীব্রতাই এ বিশ্বকাপকে দুর্দান্ত করে তুলেছে। এ বিশ্বকাপে মাঠের খেলা ছিল ব্যতিক্রমী। একটা ম্যাচও ছিল না, যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পাওয়া যায়নি।’
ব্রাজিল বিশ্বকাপকে ওপরে তুলে ধরছে অন্য একটা তথ্যও। বিশ্বকাপ চলাকালে ছয় লাখ বিদেশি পর্যটক দেশটিতে যাবেন বলে প্রাথমিকভাবে প্রত্যাশা করা হয়েছিল। বাস্তবতা ছাড়িয়ে গেছে সেটিকেও। স্থানীয় আয়োজক কমিটি জানিয়েছে, জুনে ব্রাজিলে বেড়াতে গেছেন সাত লাখ বিদেশি পর্যটক, যা গত বছরের কনফেডারেশনস কাপের তুলনায় ১৩২ শতাংশ বেশি!
ব্রাজিলের সব মনোযোগ এখন সফলভাবে ২০১৬ রিও অলিম্পিক আয়োজনের দিকে। এএফপি।