অন্য চোখে: বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন লিখছেন প্রথম আলোয়
ব্রাজিলকে দেখতে চাই আরও উজ্জ্বল

ব্রাজিলের প্রথম ম্যাচটা মাঠে বসে দেখেছি। প্রত্যাশা সে অর্থে মেটেনি। আশা করছি, ব্রাজিল আজ খেলবে ব্রাজিলের মতোই। এ জন্য অতি অবশ্যই স্কলারির দলের খোলস ছেড়ে বেরোনো জরুরি।
নইলে বিপদসংকেত দেখছি। কারণ, ব্রাজিল এবং মেক্সিকো একই ধরনের ফুটবল খেলে। মানে ব্যক্তিগত নৈপুণে৵ই ম্যাচ বের করে নেয়। ইউরোপিয়ান দলগুলো যেমন খেলে ‘টিম গেম’, যার প্রমাণ এই বিশ্বকাপ শুরু হতে না হতেই মিলেছে। কিন্তু লাতিন ফুটবল তো আলাদা। এই দলগুলোর বড় সম্পদ খেলোয়াড়দের ব্যক্তিগত ঝলক।
ইতালি-ইংল্যান্ডের গোল দেখুন, দলীয় প্রচেষ্টারই ফসল। যেখানে ব্যতিক্রম লািতন ফুটবলাররা। ব্যক্তিগত প্রতিভা দেখিয়ে নেইমার গোল করলেন প্রথম ম্যাচে। পরশু মেসিও তা-ই। হ্যঁা, এটা সত্যি, ব্রাজিলের ম্যাচ জেতানো ফুটবলার বেশি, মেক্সিকোর কম। বড় পার্থক্যটা এখানেই। মাঠে এই পার্থক্যটা তুলে ধরতে হবে ব্রাজিলকে। কিন্তু তা নিশ্চয়ই করতে দেবে না মেক্সিকো।
সাম্প্রতিক অতীতে দুই দলের সর্বশেষ ১৫ লড়াইয়ে সাতবারই ব্রাজিলকে হারিয়েছে মেক্সিকো। সুতরাং সাবধান থাকতেই হবে স্বাগতিকদের। হ্যাঁ, এটা ঠিক, আজ ব্রাজিলের জেতার সম্ভাবনা ষাট-সত্তর ভাগ। নিজের মাঠ বলে বাড়তি সুবিধা তারা পাচ্ছেই, দল হিসেবেও মেক্সিকোর চেয়ে এগিয়ে। কিন্তু এটা বিশ্বকাপ বলে মেক্সিকো মরণ কামড় বসাবে। কাজেই সতর্ক থাকতে হবে নেইমারদের।
অনেকে আমাকে জিজ্ঞেস করছে, এই ব্রাজিলকে কেমন দেখছি। প্রত্যাশার চাপ সামলে ওরা চ্যাম্পিয়ন হতে পারবে? ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচটা মাঠে বসে দেখার অভিজ্ঞতায় বলতে পারি, নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে ব্রাজিলের। এখন পর্যন্ত ঘরের মাঠের বিশ্বকাপে তারাই শীর্ষ ফেবারিট। কিন্তু কথা হচ্ছে, পারফরম্যান্সে উন্নতি আনা চাই। প্রথম ম্যাচের মতো খেললে চলবে না, এটা দিব্য চোখেই দেখতে পাচ্ছি।
ব্রাজিলের পর ফেবারিট হিসেবে আলোচনায় আসছে আর্জেিন্টনার নাম। সেই আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে দেখে আমার ভালোই লেগেছে। দেখতে হবে তাদের প্রতিপক্ষ ছিল কারা? বসনিয়া দলটা সমীহ-জাগানিয়া নয়, কিন্তু ওদের মূল খেলোয়াড় এডিন জেকো খেলেন ম্যানচেষ্টার সিটিতে। বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপের বড় বড় লিগে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই দলের বিপক্ষে আর্জেন্টিনা খারাপ খেলেছে বলব না।
মেসি নিজের সেরাটা হয়তো দিতে পারেননি প্রথম ম্যাচে, তবে কাছাকাছি গেছেন। তিনি জানেন, বিশ্বকাপ জিততে এটাই সম্ভবত শেষ সুযোগ, ইতিহাসে নাম লেখানোর জন্য এমন মঞ্চ আর হয়তো পাবেন না। প্রথম ম্যাচে তাই গোলের জন্য নিজের ক্ষুধাটা তুলে ধরেছেন। মেসির খেলায় আমি ধারটা ঠিকই দেখেছি। সেটা আরও বাড়বে আশা করি।