ব্রাজিলকে পেকারম্যানের হুঁশিয়ারি

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে কে জিতবে? ইতিহাসটা যদি আপনার ভালো জানা থাকে, তবে অবশ্যই বলবেন ব্রাজিল! ব্রাজিলের বিপক্ষে মোট ২৫ সাক্ষাতে কলম্বিয়ার জয় যে মাত্র দুবার। তবে এসব নিয়ে একেবারেই মাথা ঘামাতে রাজি নন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান। এই প্রবীণ কোচের কথা, ইতিহাসের পাতা কিংবা পরিসংখ্যান নয়, বরং মাঠের খেলাই নির্ধারণ করবে জয়ী দল।
অতীতের পরিসংখ্যান নিয়ে না ভাবাটাকেই আপাতত প্রধান রণকৌশল হিসেবে দেখছেন পেকারম্যান, যিনি কলম্বিয়াকে প্রথমবারের মতো নিয়ে গেছেন বিশ্বকাপের শেষ আটে। অতীতের কাসুন্দি না ঘেঁটে পেকারম্যান তাকাতে চান সামনের দিকেই, ‘আমরা সামনের দিকেই তাকাতে চাই। কলম্বিয়ার জন্য এই ম্যাচ ইতিহাস সৃষ্টির। প্রতিটি ম্যাচই একেকটা ইতিহাস তৈরির চ্যালেঞ্জ। টিকে থাকা প্রতিটি দলই সমান শক্তিশালী। আমাদের অতীত নিয়ে ভাববার কোনোই সুযোগ নেই।’
অতীত যতই ভুলে থাকার চেষ্টা করুক কলম্বিয়ান শিবির, পুরোপুরি ভুলে থাকা নিশ্চয়ই সহজ হবে না। এর আগে ব্রাজিলের সামনে পড়ে যে ১৫ বার পরাজয়ের স্বাদ নিয়েছে কলম্বিয়া। সেই হারগুলোও সব ‘হূদয়বিদারক’ ব্যবধানে। ১৯৫৭ সালের কোপা আমেরিকায় কলম্বিয়াকে ৯-০ গোলে পিষে ফেলেছিল ব্রাজিল। বেশিদিন আগে নয়, এই ১৯৭৭ সালেও রিওতে ব্রাজিলের জয়ের ব্যবধান ছিল ৬-০। দুই দলের মধ্যকার ম্যাচগুলোতে কলম্বিয়ার প্রতিটি গোলের বিপরীতে গড়ে পাঁচটি করে গোল দিয়েছে ব্রাজিল। স্কলারির ব্রাজিলের সঙ্গে তাই কলম্বিয়াকে দাঁত খিঁচোচ্ছে এই ‘ভয়াবহ’ পরিসংখ্যানও।
পেকারম্যানকে তাও কাবু করা যায়নি। উল্টো তিনি হুঁশিয়ার করে দিয়েছেন ব্রাজিলকেই, ‘অতীত পরিসংখ্যান বলে আসলে আমাদের কিছু করার নেই। এমন ম্যাচের আগে পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি চলতেই পারে। কিন্তু এর মানে কি অতীতের দুর্বল দলটি ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে? আজ মাঠে যারা ভালো খেলবে, জিতবে তারাই।’
টুর্নামেন্টের প্রথম থেকে এবারের ‘কালো ঘোড়া’ কলম্বিয়া অবশ্য নিজেদের ইতিহাস নতুন করেই লিখছে। ১১ গোলের বিপরীতে মাত্র দুই গোল খাওয়া। বিশ্বকাপেই এটি যেকোনো দলের জন্য ঈর্ষণীয় পরিসংখ্যান। ব্রাজিলের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটাও যে কলম্বিয়া এবার নতুন করে লিখবে না, তা জোর দিয়ে বলা বেশ কঠিনই বটে। রয়টার্স