ব্রাজিলকে মাটিতে নামাল মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০ ম্যাচে জয়। মাঠের পারফরম্যান্সের দিক থেকে যেন উড়ে চলছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গতকাল রোববার রাতে ব্রাজিলকে মাটিতে নামিয়ে এনেছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের কাউবয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিল হেরেছে ২-০ গোলে।সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে প্রথম হার। মেক্সিকোর বিপক্ষে হার মানার আগে প্রীতি ম্যাচে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রকে হারায় ব্রাজিল।প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। খেলার ২২ মিনিটে গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন স্ট্রাইকার ডস সান্তোস। এর ১১ মিনিট পর পেনাল্টি থেকে ব্রাজিলের জালে বল জড়ান আরেক মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ।খেলার দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। প্রথমার্ধে সান্তোস ও হার্নান্দেজের গোল দুটিই মেক্সিকোর সহজ জয় নির্ধারণ করে দেয়। নেইমার ও মার্সেলোর জুটিতে শুরুটা অবশ্য ভালোই করেছিল ব্রাজিল। খেলার প্রথম ১০ মিনিটের মধ্যেই মেক্সিকোর জালে বল জড়িয়েছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার ড্যামিও। কিন্তু অফ সাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়।খেলার বেশির ভাগ সময় নিষ্প্রভ থেকেছেন ব্রাজিল দলের মূল আকর্ষণ নেইমার। নিষ্প্রভ থেকেছে ব্রাজিলও। মেক্সিকোর ওপর হামলে পড়তে চেষ্টার কমতি রাখেননি ব্রাজিলের কোচ মানো মেনেজেস। আক্রমণের ধার বাড়াতে ড্যামিও ও স্যান্দ্রোকে মাঠের বাইরে পাঠিয়ে তিনি নামিয়েছিলেন আলেক্সান্দ্রো পাতো ও লুকাস পাওরিকে। কিন্তু তাতেও কাজ হয়নি। মেক্সিকোর রক্ষণ-ভাগকে ফাঁকি দিতে সমর্থ হয়নি ব্রাজিল।আগামী শনিবার নিউজার্সিতে বড় পরীক্ষা হবে ব্রাজিলের। প্রীতি ম্যাচে এ দিন ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। দলীয় লড়াইয়ের মধ্যে দেখা মিলবে মেসি-নেইমার দ্বৈরথেরও। রয়টার্স।