ব্রাজিলকে রুখে দিল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয়ে নতুন করে সাজানো মারাকানা স্টেডিয়াম, ৬৬ হাজার দর্শক আর নতুন ‘সেনসেশন’ নেইমার! সব মিলিয়ে দুর্দান্ত প্যাকেজ।
কিন্তু জমল না! কোচ লুই ফেলিপে স্কলারি আর তাঁর শিষ্যরা সমর্থকদের মন জিততে পারলেন না। কিংবা বলা ভালো, তাদের সেই সুযোগ দিল না ইংল্যান্ড। প্রায় তিন দশক আগে শেষবার তারা এই স্টেডিয়ামেরই আতিথ্য নিয়ে জন বার্নসের দুর্দান্ত গোলে ব্রাজিলকে হারিয়েছিল। পরশু রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় না পেলেও ২-২-এ ড্র ম্যাচটা যে আসলে ইংল্যান্ডের জন্য জয়ের মতোই, সেটা স্বীকার করবেন এই দুই দলের বেশির ভাগ সমর্থক।
ম্যাচের পর ইংল্যান্ডের কোচ রয় হজসনই তো বলেছেন, ‘কিছু ড্র আছে যেটা জয়ের মতো। আবার কিছু ড্র আসলে হার। বিরতির পর আমরা যেভাবে খেলেছি তাতে আমার মনে হয় ম্যাচটা আমরাই জিততে পারতাম। কিন্তু প্রথমার্ধে আবার ব্রাজিল ভালো খেলেছে। সুতরাং সব মিলিয়ে ড্র ঠিকই আছে।’
পারফরম্যান্স যে আশানুরূপ হয়নি সেটা স্বীকার করেছেন স্কলারি নিজেও। তবে এ জন্য শিষ্যদের দায়ী না করে তিনি বরং কৃতিত্ব দিয়েছেন ইংল্যান্ডকে, ‘সমর্থকেরা জয় চেয়েছিল। তারা শুধু গোল নয় আরও অনেক কিছু চায়। কিন্তু এটা বুঝতে চায় না ইংল্যান্ডের বিপক্ষে খেলা কতটা কঠিন। ওদের ফুটবলাররা অনেক অভিজ্ঞ এবং ওরা পরিপূর্ণ একটা দল।’
জিততে না-পারার হতাশা থাকলেও বিরতির আগপর্যন্ত ব্রাজিল খেলেছে দারুণ। কিন্তু তার পরও তাদের গোলশূন্য রাখতে পারার কৃতিত্বটা ইংল্যান্ড গোলরক্ষক জো হার্টের। গোলবারের নিচে প্রথমার্ধে বেশ ব্যস্ত সময় কাটানো হার্ট একে একে ব্যর্থ করে দিয়েছেন ফ্রেড, হার্নানেস, নেইমার, দানি আলভেস আর অস্কারের কয়েকটি প্রচেষ্টা। আর গোল দেখতে না পেয়ে ব্রাজিল সমর্থকেরাও একসময় ‘গাধা, গাধা’ বলে দুয়ো দেওয়া শুরু করেন কোচ স্কলারিকে। অবশেষে ৫৭ মিনিটে আকাঙ্ক্ষা পূরণ করেন ফ্রেড। হার্নানেসের শট পোস্টে লেগে ফিরে আসার পর ফিরতি শটে গোল করে তিনি এগিয়ে দেন ব্রাজিলকে। উদ্যাপনের জন্য বেশি সময় পাননি ব্রাজিলিয়ান দর্শক। ১০ মিনিট পরেই গ্লেন জনসনের বদলি হিসেবে নামা অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে সমতা ফেরান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের কাছে। এমনকি ৭৯ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ওয়েইন রুনির অসাধারণ ফ্লিকে পাওয়া গোলে জয়ের স্বপ্নও দেখছিল ইংল্যান্ড। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে হেরেছিলেন স্কলারি। পরশু আরও একবার হারের আশঙ্কায় তাঁর কপালে তখন চিন্তার ভাঁজ। গ্যালারি-ভর্তি দর্শকের মুখও ফ্যাকাশে। ম্যাচের ৮ মিনিটের মতো বাকি থাকতে পলিনহোর ভলিতে সেই ফ্যাকাশে মুখগুলোতে স্বস্তি ফেরে ঠিকই, কিন্তু হাসি ফোটেনি।

স্কলারি দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৬টা ম্যাচ খেলেছে ব্রাজিল। একমাত্র বলিভিয়া ছাড়া কাউকে হারাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন অবস্থান—১৯! ১৫ জুন থেকে শুরু হতে যাওয়া কনফেডারেশনস কাপের আগে এসব ভালো লক্ষণ নয় ব্রাজিলিয়ানদের কাছে। যদিও ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় হতাশ সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ডিফেন্ডার দানি আলভেস, ‘আমরা কোচের দেখানো পথেই হাঁটছি। জয় অবশ্যই আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি।’ নেইমার গলা মিলিয়েছেন একই সুরে, ‘ধীরে ধীরে আমাদের মধ্যে বোঝাপড়াটা বাড়ছে। প্রথমার্ধে আমরা ভালো খেলেও গোল করতে পারিনি। তবে দিন দিন ব্রাজিল আরও ভালো করবে।’ এএফপি, রয়টার্স।