ব্রাজিলকে রুখে দিল মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের এই আক্রমণটিও রুখে দিলেন মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া। গতকাল ফোর্তালেজায় ব্রাজিল আর জয়ের মধ্যে এভাবেই বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে ওচোয়া দলকে শুধু ড্র–ই এনে দেননি, নিজেও পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার  রয়টার্স

আবার মেক্সিকো, আবার হতাশায় ডুবল ব্রাজিল। লন্ডন অলিম্পিকের ফাইনালে মেক্সিকোর কাছে হেরেই ভেঙেছিল ব্রাজিলের অলিম্পিক সোনাজয়ের স্বপ্ন। প্রায় দুই বছর পর কাল বিশ্বকাপের ম্যাচে সেই মেক্সিকোই ব্রাজিলকে রুখে দিল। ‘হেক্সা’ জয়ের অভিযানে নামা ব্রাজিল ফোর্তালেজায় গোলশূন্য ড্র করেছে মেক্সিকোর সঙ্গে। আর এতেই নিশ্চিত হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে যেতে অপেক্ষা করতে হচ্ছে তৃতীয় ম্যাচ পর্যন্ত।
মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের সামনে। চার-চারবার অসাধারণ দক্ষতায় ব্রাজিলকে গোলবঞ্চিত করেছেন ফরাসি ক্লাব অ্যাজাক্সিওর এই গোলরক্ষক। ২৫ মিনিটে নেইমারের হেড ঝাঁপিয়ে পড়ে বাঁচান, ৪৩ মিনিটে ডেভিড লুইজকেও গোল করতে দেননি তিনি। এবার ব্রাজিলের তিন খেলোয়াড়ের সামনে একা পড়ে যাওয়া ওচোয়া শরীর ব্যবহার করেই বাঁচিয়েছেন দলকে। ৬৯ মিনিটে আবারও বুক দিয়ে ঠেকিয়ে দেন নেইমারের শট। আর ৮৬ মিনিটে খুব কাছ থেকে নেওয়া ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভার হেডটাও ফিরিয়েছেন দারুণ দক্ষতায়।