ব্রাজিলকে সেমিতে তুলেছে ফিফা!

মাঝেমধ্যেই বোমা ফাটানো তাঁর কাছে নতুন কিছু নয়। সেই বোমাও লক্ষ্যবস্তুটাও পুরোনো। ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ নিয়ে মুখ খুলেছেন ডিয়েগো ম্যারাডোনা। মন্তব্য করেছেন, এই ম্যাচে এমন একজন রেফারিকে নিয়োগ দিয়েছে ফিফা, যিনি নিশ্চিত করেছেন স্বাগতিক ব্রাজিল যেন সেমিফাইনাল পর্যন্ত যায়।
এই ম্যাচে ৫৪টি ফাউল হয়েছে। এর মধ্যে ৩১টি ফাউল করেছে ব্রাজিল। ম্যারাডোনার মতে, এই ম্যাচে বিশ্বকাপের বিস্ময় হামেস রদ্রিগেজকে দাঁড়াতেই দেয়নি ব্রাজিল। ভেনেজুয়েলার টিভি অনুষ্ঠান ‘ডি জুরদা’কে ম্যারাডোনা বলেছেন, ‘ওরা ভালো রেফারিকেই বেছে নিয়েছিল ম্যাচটার জন্য। বিশেষ করে এই রেফারি সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কলম্বিয়ার বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছে যখন তাদের ম্যাচ জেতার বেশি সুযোগ ছিল।’
ডেভিড লুইজের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘ও সুনিয়ন্ত্রিতভাবে হামেস রদ্রিগেজকে চোট-আক্রান্ত করতে চেয়েছে। ছয়বার ওকে ফাউল করেছে। কিন্তু রেফারি একবারও একটা কার্ডও দেখাল না। এমন বাজে রেফারিং গত ১০ বছরে দেখিনি।’ হাল্ক আর হুলিও সিজারের লাল কার্ড দেখা উচিত ছিল বলে মনে করেন তিনি। এই ম্যাচে এই দুজনকে যা ইচ্ছা তা-ই করার লাইসেন্স দেওয়া হয়েছিল বলে মনে করেন তিনি।
সেপ ব্ল্যাটারকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে ম্যারাডোনা বলেছেন, ফিফা সভাপতির নির্দেশেই ফিফার বন্ধু ব্রাজিলকে পরের রাউন্ডে তোলা হয়েছে। এও বলেছেন, ‘ফিফাকে দেখলাম দারুণভাবে ম্যাচটা সামলানোর জন্য রেফারিটিকে অভিনন্দন জানাচ্ছে। নিজেকেই তখন প্রশ্ন করলাম, এসব কী হচ্ছে! আমরা নিজেরা কী দেখলাম? ওর এই খেলাটাকে ভুল করে বেসবল নয়তো ষাঁড়ের লড়াই ভেবে বসেনি তো?’
এই ম্যাচে ম্যারাডোনার অনুকম্পা শুধু একজনই পেয়েছেন—নেইমার। ডি জুরদা অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছেন, ‘নেইমারের এই আঘাত শুধু ব্রাজিলের শোকের বিষয় নয়, যারা ফুটবলকে ভালোবাসে, সারা বিশ্বের সেসব মানুষের জন্যই এটা গভীর চিন্তার বিষয়।’ সূত্র: মার্কা ও ইয়াহু