ব্রাজিলকে হারানো কঠিন: এরিকসন
ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে আইভরিকোস্টের দ্বিতীয় রাউন্ডে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে। বিতর্ক চলছে এ ম্যাচে হ্যান্ডবলের সুবাদে ফ্যাবিয়ানোর করা গোল নিয়ে। সভেন গোরান এরিকসন নিজেও এই গোল নিয়ে সমালোচনামুখর। তবে গতকালের প্রতিপক্ষ সম্পর্কে আইভরিকোস্টের কোচের অভিমত, ব্রাজিলকে হারানো কঠিন। দলটি যেভাবে খেলছে, তাতে চলতি বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।বিশ্বকাপের একেবারে আগ মুহূর্তে আইভরিকোস্টের দায়িত্ব নিয়েছেন এরিকসন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ড্র করে সূচনাটা ভালোই করেছিলেন সুইডেনে জন্ম নেওয়া এই কোচ। তবে আইভরিকোস্টকে বিপদের মুখে ঠেলে দিয়েছে এরিকসনের একসময়ের শিষ্য কার্লোস দুঙ্গার দল। তাতে অবশ্য দুঃখ নেই তাঁর।দুঙ্গার দলের প্রশংসা করে রয়টার্সকে আইভরিকোস্টের এই কোচ বলছেন, ‘ব্রাজিল অনেক কঠিন একটি দল। যদি আপনি তাদের বিপক্ষে কোনো ভুল করেন, ঠিকই আপনাকে এর শাস্তি দেবে তারা। দলটির ফুটবলারদের ছোট ছোট পাস অসাধারণ। ব্রাজিলকে হারাতে হলে সব দিকেই সেরা হতে হবে।’পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারও ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। অধিনায়ক হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিয়েছেন। এবার কোচ হিসেবে দলকে বিশ্বকাপ এনে দিতে আত্মবিশ্বাসী কোচ কার্লোস দুঙ্গা। বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা প্রশ্নে এরিকসন বলছেন, ‘আমি মনে করি, বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাবে ব্রাজিল।তাদের সেই সামর্থ্য রয়েছে। রক্ষণভাগ অনেক শক্তিশালী বলে পাল্টা আক্রমণে ব্রাজিলের জালে বল পাঠানো কঠিন।’ব্রাজিলের আক্রমণ-ভাগের প্রশংসা করতেও ভুলেননি এরিকসন। তিনি বলছেন, ‘কাকা, রবিনহো, ফ্যাবিয়ানো ও এলানোর মতো আক্রমণাত্মক ফুটবলার আছেন ব্রাজিলে। রাইট ব্যাক মাইকনের তুলনা হয় না। ব্রাজিলের এসব ফুটবলারদের ঠেকানো যেকোনো রক্ষণভাগের জন্য কঠিন।’