ব্রাজিলকে হারানোটা খুবই চমৎকার ব্যাপার: মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২৩ বছর বয়সেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। অনেকেই তাঁকে বসিয়েছেন এ সময়ের সেরা খেলোয়াড়ের আসনে। আর তা যে একেবারে নিরর্থক নয়, সেটা তিনি আরেকবার প্রমাণ করলেন দোহায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলার একেবারেই শেষ মুহূর্তে অসাধারণ এক গোল করে। ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়ার জন্য যেন একেবারে মুখিয়ে ছিলেন ফিফার বর্ষসেরা এ খেলোয়াড়। শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র জয়সূচক গোলটিও এসেছে তাঁর পা থেকেই। এমন একটা জয়কে যে মেসি অসাধারণ বলে আখ্যায়িত করবেন, এটাই তো স্বাভাবিক। আর জয়টা ব্রাজিলের বিপক্ষে বলেই যেন উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে গেছে এই আর্জেন্টাইন জাদুকরের। ব্রাজিলকে পরাজয়ের স্বাদ দেওয়াটা ‘খুবই চমৎকার ব্যাপার’ বলে আখ্যায়িত করেছেন তিনি।একবার বয়সভিত্তিক দলের হয়ে, আরেকবার অলিম্পিকে ব্রাজিলকে হারালেও মূল জাতীয় দলের হয়ে ব্রাজিলের বিপক্ষে আগে কখনো জয়ের দেখা পাননি মেসি। এবার যেন তিনি জয়ের জন্য একেবারে পণ করে নেমেছিলেন। এই ম্যাচটা নিয়ে যে তিনি অনেক আগে থেকেই ভাবছিলেন, সেটাও স্পষ্ট বোঝা গেছে তাঁর কথায়। মুচকি একটা হাসি দিয়ে তিনি বলেছেন, ‘আমি খেলা শুরুর আগেই ম্যাচটা নিয়ে পরিকল্পনা করছিলাম। ম্যাচেও সব সময় সুযোগ খুঁজেছি গোল করার।’বার্সেলোনার হয়ে একের পর এক গোল করে গেলেও আর্জেন্টিনার জার্সি গায়ে নিষ্প্রভ হয়ে যান বলে দুর্নাম আছে মেসির। কিন্তু ব্রাজিলের বিপক্ষে গোটা ম্যাচেই অসাধারণ খেলার পর শেষ মুহূর্তে গোলটা করে সমালোচকদের মুখ কিছুটা হলেও বন্ধ করতে পেরেছেন মেসি। আর জাতীয় দলের জার্সি গায়ে মেসির এই পারফরমেন্স দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন কোচ সার্জিও বাতিস্তাও। মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়, বলে মন্তব্য করেছেন তিনি। মেসিকে সেরার আসনে বসিয়েছেন তাঁর এককালের বার্সেলোনা সতীর্থ, ব্রাজিলের প্লেমেকার রোনালদিনহোও। তিনি বলেছেন, ‘মেসি এ সময়ের সেরা খেলোয়াড়। খেলাটা যখন ড্র-ই হয়ে যাবে বলে মনে হচ্ছিল, সে সময়ই মেসি অসাধারণ দক্ষতায় গোলটা করেছে।’ দ্য হিন্দু।