ব্রাজিলকেই রাখছি সবার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা-জার্মানি, ব্রাজিল-হল্যান্ড, কী হতে পারে স্কোরলাইন?ভাবছেন, চার বড় দলের কোয়ার্টার ফাইনাল নিয়ে আগেই কাটাছেঁড়া শুরু করলাম কেন! আসলে বিশ্বকাপ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, কিছু অনুমান তো করাই যায়। তবে এই দুটি ম্যাচে কারা জিতবে তা নিয়ে অনুমান করলেও আমি ভাই স্কোরলাইনে কোনো সংখ্যা বসাব না। ফুটবলে কখন কী হয়, কে জানে!জার্মানির বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি ফিনিশিংয়ের জন্য। প্রশ্ন করতে পারেন, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে চারটি করে গোল দেওয়ার পরও জার্মানির ফিনিশিং কি খারাপ? অবশ্যই না, তবে ইংল্যান্ড দলটাকে শুরু থেকেই আমার ক্লান্ত লাগছিল। দ্বিতীয় গোলটা না পাওয়ায় তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। এই দলের বিপক্ষে চার গোল করা অস্বাভাবিক নয়। আর অস্ট্রেলিয়া তো ছোট দল, তাদের বিপক্ষে চার গোল করাই যায়।ব্রাজিল-হল্যান্ড ম্যাচে ফেবারিট ব্রাজিল। একজন সাবেক খেলোয়াড় হিসেবে বারবার ব্রাজিল...ব্রাজিলই করব। তবে হল্যান্ডের প্রতি আমার ভীষণ দুর্বলতা আছে। আশা করব, হল্যান্ড লড়াই করবে। তা করলেও, যুক্তি বলছে ব্রাজিলকে হারানোর মতো দল নয় এই হল্যান্ড। কোয়ার্টার ফাইনাল...সেমিফাইনাল...ফাইনাল...এখন এই অঙ্ক কষা শুরু হয়ে গেছে। সেই অঙ্ক মিলবে কি না কে জানে, তবে আমার মতে, এখনো শিরোপা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলেরই। ব্রাজিলের পর স্পেনই আমার দ্বিতীয় বাছাই। যদিও যখন এ কথা বলছি, দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের বিপক্ষে স্পেনের কঠিন পরীক্ষা শুরু হতে আরও কয়েক ঘণ্টা বাকি। ঝুঁকি আছে জেনেও বলছি, এই ম্যাচে স্পেন দুই গোলে জিতবে বলে আমার ধারণা। আমার ফেবারিটের তালিকার এক নম্বরে ব্রাজিল, দুই নম্বরে স্পেন, তিনে...তিনে আর্জেন্টিনা।ব্রাজিল ব্যর্থ হতে পারে, শুধু তাদের প্রতিপক্ষ খুব ভালো খেলে ফেললে। নইলে ব্রাজিলের দুর্বলতা চোখে পড়ছে না। কিন্তু স্পেন-ব্রাজিল ফাইনাল হলে এবং স্পেন তাদের আসল খেলাটা খেলতে পারলে স্পেনই জিতবে। আমার মতে, ব্রাজিলের চেয়েও এখন স্পেনের খেলা বেশি ক্ষুরধার। এখনো স্পেনের সেরা খেলা দেখা যায়নি। তোরেসের ফিটনেস চলে এলে স্পেনের আক্রমণ বিশ্বের অন্যতম সেরা।আর ডেভিড ভিয়ার কথা নতুন কী বলব! আমি যখন গোল্ডেন বুটের দাবিদার হিসেবে ভিয়ার কথা লিখেছি, তখন অনেকে ভেবেছেন আমি কী বলছি! কিন্তু স্পেনের বাঁচামরার শেষ গ্রুপ ম্যাচে ৪০ মিটার দূর থেকে সে যেভাবে গোল করল, দারুণ। এটিই স্ট্রাইকারের কাজ।স্পেনের সমস্যা একটাই—ওদের খেলোয়াড়েরা রিয়াল, বার্সেলোনা, লিভারপুলে বেশি খেলে। লম্বা মৌসুম শেষে তারা এখন ক্লান্ত। সেই ক্লান্তিই তাদের বড় শক্র। যেটা ইংল্যান্ডকে এরই মধ্যে গিলে খেয়েছে।আর্জেন্টিনাকে আমি চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করিনি কখনো। তবে সব সময়ই বলেছি তাদের পারফরম্যান্স ভালো হবেই। আর্জেন্টিনার বড় সুবিধা, একজন ম্যারাডোনা এই দলের সঙ্গী। ম্যারাডোনা যখন দলটা হাতে নেন, তখনকার চেয়ে এখন অবস্থা অনেক ভালো। পৃথিবীর অনেক বড় বিশেষজ্ঞই বলেছিলেন, ‘ও ম্যারাডোনা! চলবে না।’ পেলে পর্যন্ত এই কথা বলেছেন। কিন্তু ম্যারাডোনা প্রমাণ করে দিয়েছেন, তিনি সত্যিকারের ফুটবল জিনিয়াস। যেভাবেই হোক, দলটাকে সংগঠিত করে ফেলেছেন। তাঁর হাতে যে শক্তি আছে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে পারছেন। মেসি গোল না করলেও তেভেজ থেকে শুরু করে অন্যরাও গোল করে যাচ্ছে। কৃতিত্বটা কোচের পাওয়া উচিত। তাঁর উদ্বুদ্ধকরণ মন্ত্র চোখে পড়ছে। তাঁকে স্যুট পরতে পৃথিবীর কম লোকই দেখেছেন। সেই ম্যারাডোনারও স্যুট পরে ফেলাটা দায়িত্বের প্রতি তাঁর সচেতনতারই প্রমাণ এটা।মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা ৩-১ গোলে জিতল, যা সহজ ব্যাপার ছিল না। আমি এই কলামে আগেই বলেছিলাম, আর্জেন্টিনা আরও ভালো খেলবে। তখন কয়েকজন আমাকে বলেছেন, তাঁরা বিশ্বাস করেন না আর্জেন্টিনা আরও ভালো খেলতে পারে। আমি যা বলেছি তা দেখেই বলেছি। আর্জেন্টিনা ভালো খেলছে।আমি তৃতীয় স্থানে রাখলেও এই আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, সেটি হবে শুধু ম্যারাডোনা এবং মেসির সৌজন্যে। আমি তেভেজকেও বাদ দিচ্ছি না। সবকিছু এই তিনজনের অনুকূলে থাকলে, তারকা-ভাগ্যের ছোঁয়া পেলে সেটা সম্ভব, নইলে নয়।ব্রাজিল এখন পর্যন্ত সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। দুই ডিফেন্ডার মাইকন আর লুসিও গোটা বছর ইন্টার মিলানে হোসে মরিনহোর অধীনে ছিল। ডিফেন্সের টেকনিক ও আক্রমণে যাওয়া দুটোই আরও ধারালো হয়েছে মরিনহোর অধীনে। দুঙ্গা তো শুধু খেলোয়াড় সেট করেছেন, ট্রেনিং তো খেলোয়াড়েরা নিয়েছে ক্লাবে। মাইকন-লুসিওর কারণেই ব্রাজিলের রক্ষণটা এখন অনেক জমাট। ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজারও ইন্টার মিলানের। ‘তিন ডিফেন্ডারই’ মরিনহোর সঙ্গে থেকে বেশ ভালো করছে, যেটার ফল এখন পাচ্ছে ব্রাজিল।জার্মানি তরুণ দল। ২০১২ ইউরো, তারপর ২০১৪ বিশ্বকাপে এই দলকে সমীহ করতে হবে, ভয় পেতে হবে। তখন এই খেলোয়াড়েরা আরও পরিণত হবে। দুর্দান্ত এক দল হবে তখন জার্মানি। তবে এই বিশ্বকাপে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার জয়টাই যেন দেখতে পাচ্ছি আমি।