ব্রাজিলকেও হুংকার চিলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকআউট রাউন্ডে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে কেই-বা ‘নকড আউট’ হতে চায়! যেখানে বিশ্বকাপই হচ্ছে স্বাগতিকদের মাটিতে। হল্যান্ডের সঙ্গে ২-০ গোলে হেরে ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে চিলির। অবশ্য চিলিয়ান তারকা আর্তুরো ভিদাল তাতে এতটুকুও ভয় পাচ্ছেন না। তাঁর সোজাসাপটা কথা, ‘ব্রাজিলের বিপক্ষে জয়? এটা আমাদের স্বপ্ন।’
চিলির গতিময় ফুটবলে চূর্ণবিচূর্ণ হয়েছিল টিকি-টাকা। বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়েই শেষ ষোলোতে পা রেখেছে চিলি। কিন্তু ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়াটা কঠিন চ্যালেঞ্জই লা রোজাদের জন্য। তবে ভিদাল মনে করেন, তাঁর দল চমকে দিতে পারে সবাইকে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছি। কাজেই ব্রাজিলকেও হারানো অসম্ভব কিছু নয়।’
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাস বোঝাতে একটি শব্দই যথেষ্ট—হতাশা। ১৯৯৮ ও ২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউেন্ডই ব্রাজিলের কাছে সমাধিস্থ হয়েছিল চিলির বিশ্বকাপ-স্বপ্ন। তবে এবার তার পুনরাবৃত্তি হতে না দেওয়ার দৃঢ়প্রত্যয় ভিদালের, ‘ব্রাজিলকে চিলির ঘাতক হিসেবেই জানে সবাই। কিন্তু ফুটবল খেলাটায় ধীরে ধীরে পরিবর্তন আসছে। নতুন প্রজন্ম উঠে আসছে, আসছে নতুন খেলোয়াড়েরা।’ প্রচ্ছন্ন হুমকিই যেন মিশে থাকল ভিদালের কথায়। এএফপি।