ব্রাজিলিয়ান ফুটবলে সহিংসতা
বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে এমনিতেই তোপের মুখে ব্রাজিল। বিশ্বকাপের ভেন্যুগুলো সময়মতো প্রস্তুত করতে গলদঘর্ম দেশটির ভাবমূর্তিতে আরেকটি আঘাত এল পরশু। এমনিতে ব্রাজিলের ফুটবলে সহিংসতা বড় কোনো খবর নয়। কিন্তু পরশু ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগের ঘটনাবহুল শেষ দিনে সেটি মাত্রা ছাড়িয়ে গেল। অ্যাটলেটিকো পারানায়েন্সি-ভাস্কো দা গামার ম্যাচে দর্শক হাঙ্গামায় গুরুতর আহত হয়েছেন তিনজন। টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে জ্ঞান হারানো এক পারানায়েন্সি সমর্থকের মাথায় লাথির পর লাথি মারছেন ভাস্কো দা গামার সমর্থকেরা।
পরে মাঠে হেলিকপ্টার এনে হাসপাতালে নিতে হয়েছে আহত ওই দর্শককে।
বাংলাদেশসহ সারা বিশ্বের অসংখ্য মানুষ সরাসরিই দেখেছেন ওই দৃশ্য। লিগে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হতো ভাস্কো দা গামাকে। কিন্তু পারানায়েন্সির কাছে ১-৫ গোলে হেরে গতবারের চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের সঙ্গে দ্বিতীয় বিভাগে নেমে গেছে ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি ভাস্কো। এএফপি ও বিবিসি।