ব্রাজিলিয়ান সতীর্থকে নকল করতে গিয়ে ভুললেন প্রেসিডেন্টের সঙ্গে হ্যান্ডশেক

গণসংবর্ধনা অনুষ্ঠানে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল পদক পরিয়ে দেন সাদিও মানের গলায়ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের প্রথম আন্তর্জাতিক শিরোপা, সেটিও আফ্রিকান ফুটবলের সবচেয়ে বড় শিরোপা।

সেনেগালের ফুটবলারদের উদ্‌যাপন যে বাঁধ মানবে না, সেটি অনুমান করে নিতে কষ্ট হয় না। কিন্তু তাই বলে হাত বাড়িয়ে রাখা প্রেসিডেন্টের সঙ্গে হ্যান্ডশেক করার কথাও মনে থাকবে না!

সেনেগালের সবচেয়ে বড় তারকা সাদিও মানের ছিল না। ইংলিশ ক্লাব লিভারপুলের ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সম্ভবত আফ্রিকান নেশনস কাপের শিরোপা উদ্‌যাপনের ক্ষণটাতে কী করবেন, সেটি অনেকবারই কল্পনা করেছিলেন। সে কারণেই কিনা, উদ্‌যাপনের ক্ষণ যখন এল, অন্যদিকে আর খেয়াল ছিল না।

তা উদ্‌যাপনের ক্ষণে কী করলেন মানে? লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোকে ‘নকল!’

গত রোববার লিভারপুলেরই আরেক ফরোয়ার্ড মোহামেদ সালাহর মিসরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান নেশনস কাপ জিতেছে মানের সেনেগাল। ম্যাচে একটা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ মানেই ম্যাচ শেষে বনে যান সেনেগালের জয়ের নায়ক। শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত মানের টাইব্রেকারে শট জালে জড়াতেই নিশ্চিত হয় সেনেগালের শিরোপা। গত কদিনে সেনেগাল তাই উৎসবের দেশ!

মহাদেশসেরা হওয়ার মুকুট এখন মানের সেনেগালের
ছবি: এএফপি

সেনেগালের নায়ক বনে যাওয়া ফুটবলারদের রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে গতকাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানেই ঘটেছে বিব্রতকর ঘটনাটা! সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ফুটবলারদের সবাইকেই সংবর্ধনাসূচক মেডেল পরিয়ে দেন। এরপর ফুটবলারদের সঙ্গে হ্যান্ডশেক করা তো সাধারণ রীতিই! কিন্তু মানের সঙ্গে হ্যান্ডশেক করতে গিয়েই হলো বিপত্তি।

পদকটা মানের গলায় পরিয়ে দেওয়ার পর মানের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন সেনেগাল প্রেসিডেন্ট। কিন্তু মানে তো তখন উদ্‌যাপনের ভাবনায়ই মত্ত! প্রেসিডেন্ট যে হাত বাড়িয়ে দিয়েছেন, সেদিকে খেয়ালই নেই তাঁর!

পদক গলায় জড়াতেই উল্টো ঘুরে গেলেন উপস্থিত হাজারো মানুষের দিকে। ফিরে কী করলেন? লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোর গোল উদ্‌যাপনে বিখ্যাত যে ভঙ্গি—দুই হাতে একবার একদিকে, আরেকবার অন্যদিকে নাড়িয়ে উদ্‌যাপনের সেই ভঙ্গির নকল। পরে অবশ্য প্রেসিডেন্ট হাত বাড়িয়েছেন বুঝতে পেরে হাত ঠিকই মিলিয়েছেন মানে।

মানের বিরুদ্ধে তাঁর লিভারপুল সতীর্থদের উদ্‌যাপনের ভঙ্গি ‘চুরি’ করার অভিযোগ অবশ্য নতুন নয়। সবচেয়ে বেশি ‘অভিযোগ’ ফিরমিনোর দিক থেকেই আসে! মানে যে গোল উদ্‌যাপনে নিয়মিতই ফিরমিনোর ভঙ্গি নকল করেন।

ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজেও বিচিত্র সব ভঙ্গিতে উদ্‌যাপন করেন নিয়মিত। আর মানে তো আছেনই সেসব দেখে নকল করার জন্য! আজ ফিরমিনো এক ভঙ্গিতে উদ্‌যাপন করলেন, তো দুদিন পর মানেরও সে ভঙ্গিতে উদ্‌যাপন করা চাই-ই চাই! তা-ও কী! চুরি করে আবার বড় গলায় দাবি করেন, উদ্‌যাপন ভঙ্গিটা তাঁরই, ফিরমিনোই নাকি সেসব নকল করছেন! বলা বাহুল্য, সবকিছুই মজার ছলেই করা।

মানের বিরুদ্ধে ফিরমিনোর উদ্‌যাপন ভঙ্গি নকল করার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ প্রথম উঠেছিল ২০১৯ সালের উয়েফা সুপার কাপের পর। সেদিন চেলসির বিপক্ষে জোড়া গোলের পর ফিরমিনোর এই ভঙ্গি নকল করেছিলেন।

তখন ইনস্টাগ্রামে মানের পোস্টের মন্তব্যে ফিরমিনোর কপট শাসানি, ‘সাদিও, আমাকে নকল করবে না!’ মানের পাল্টা জবাব এল, ‘কী যে বলো! আমার ভঙ্গিটা তোমারটার চেয়ে পুরোপুরি আলাদা, ববি (ফিরমিনোর ডাকনাম)। এই মৌসুমে এটাই আমার নতুন উদ্‌যাপন ভঙ্গি হবে। আমাকে এখনই বাধা দিয়ো না!’

প্রেসিডেন্ট ম্যাকি সলের সঙ্গে পরে হ্যান্ডশেক করেন মানে
ছবি: এএফপি

আফ্রিকান নেশনস কাপের উদ্‌যাপনেও মানে লিভারপুল সতীর্থকে মনে রেখেছেন দেখে লিভারপুল–ভক্তদের যে ভালো লেগেছে, তা তো আর বলার দরকার পড়ে না।

দেশের প্রেসিডেন্টের হ্যান্ডশেকের দিকে খেয়াল না করে মানে যে ফিরমিনোকে ‘নকল’ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সেটির ভিডিও দেখে স্যামুয়েল নামে এক লিভারপুল–ভক্ত লিখেছেন, ‘সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে ববির উদ্‌যাপন-ভঙ্গি নকল করতে গিয়েই ও হ্যান্ডশেকের দিকে খেয়াল করেনি।’