ব্রাজিলিয়ান সমর্থন
বিশ্ব মানচিত্রে পর্তুগাল ও ব্রাজিলের অবস্থান দুই মেরুতে। অথচ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যে কী অবাক করা মিল দুটি দেশের! সেই পঞ্চদশ শতাব্দীতে ব্রাজিল ছিল পর্তুগিজদের অধীনে। দীর্ঘ তিন শ বছরের ঔপনিবেশিকতার অবসানে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ায় ব্রাজিল। কিন্তু এখনো নিজেদের ভ্রাতৃপ্রতিমই মনে করেন পর্তুগিজ ও ব্রাজিলিয়ানরা। সেই ব্রাজিলেই যখন বিশ্বকাপ হতে যাচ্ছে, খানিকটা সমর্থনের আশা তো করতেই পারেন পর্তুগিজরা! পর্তুগাল কোচ পাওলো বেন্তোও মনে করেন বিশ্বকাপ ব্রাজিলে হওয়ায় তাদের জন্য শাপেবরই হয়েছে, ‘ব্রাজিলের সঙ্গে আমাদের রয়েছে সুদৃঢ় বন্ধন। দুটি দেশই পর্তুগিজ ভাষায় কথা বলে এবং আশা করছি ব্রাজিলিয়ানদের সমর্থনও পাব, যদি না ব্রাজিলের সঙ্গে খেলা পড়ে আমাদের!’ বিশ্বকাপ সূচি বলছে, সেমিফাইনালের আগে দুদলের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সেমিফাইনালের আগ পর্যন্ত ব্রাজিলিয়ানদের সমর্থন পেতে তো বাধা নেই রোনালদোদের। এএফপি।