ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চাইলেন শোয়েনস্টাইগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের উত্সবে মাতোয়ারা না হয়ে শোয়েইনি ব্যস্ত ব্রাজিলের বায়ার্ন সতীর্থ দান্তেকে সান্ত্বনা দিতে।
জয়ের উত্সবে মাতোয়ারা না হয়ে শোয়েইনি ব্যস্ত ব্রাজিলের বায়ার্ন সতীর্থ দান্তেকে সান্ত্বনা দিতে।

জাতীয় প্রয়োজনে জার্মানদের একতাবদ্ধতা প্রবাদতুল্য। এবার দেখা গেল, বিনয় প্রকাশেও জার্মানদের জুড়ি মেলা ভার! গেল রাতে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর গোটা ব্রাজিলে এখন শোকের মাতম। সে শোক ছুঁয়ে যাচ্ছে জার্মানি দলকেও। তাই তো নিজেদের বিনয়ে নুয়ে গিয়ে ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চাইলেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার!

আসলে ফুটবলকে যারা ধর্মের মতো পালন করে, তাদের এ দশা দেখে যেকোনো ফুটবলপ্রেমীরই মনটা আর্দ্র হয়ে উঠবে। শোয়েনস্টেইগারেরও হয়েছে। জার্মান মিডফিল্ডার বললেন, ‘ব্রাজিলের কাছে ক্ষমাপ্রার্থী। আমরাও এই ফল আশা করিনি। ফুটবল খেলা এবং গোল করার সময় আমরা প্রতিপক্ষের অসম্মান হয় এমন কিছু করি না। এ বিশ্বকাপটা জেতা আমাদের কাছে বিরাট স্বপ্ন।’

মাঠে জার্মানরা দানবীয়ভাবে মুচড়ে দিয়েছে ব্রাজিলকে। কিন্তু এমন জয়ের পরেও দলের কারও আচরণে ঔদ্ধত্যের ছিটেফোঁটাও ধরে পড়েনি। বরং মাঠ ছাড়ার সময় উদযাপনের পরিবর্তে ব্রাজিল খেলোয়াড়দেরকে সান্ত্বনা দিতেই বেশি দেখা গেছে জার্মানদের। ব্রাজিল কোচ স্কলারির সঙ্গে হাত মিলিয়েও সমবেদনা প্রকাশ করতে ভোলেনি জোয়াকিম লোর শিষ্যরা। এরপর সংবাদ সম্মেলনে সরাসরি দুঃখ প্রকাশ করে বিনয়ের এক দৃষ্টান্তই স্থাপন করল তাঁরা।


ফুটবল-পাগল ব্রাজিলিয়ানদেরও ধন্যবাদ দিলেন শোয়েইনি। বলেছেন, ‘আমরা সত্যি ব্রাজিলিয়ানদের সবকিছুই উপভোগ করেছি। গোটা টুর্নামেন্টে ব্রাজিল দলের ভূমিকা অপরিসীম।’