ব্রাজিলীয় ফুটবলে ওলট-পালট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালে অনেকগুলো লজ্জাজনক রেকর্ডের জন্ম দিয়ে জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে সেলেসাওরা। ছবি: রয়টার্স
সেমিফাইনালে অনেকগুলো লজ্জাজনক রেকর্ডের জন্ম দিয়ে জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে সেলেসাওরা। ছবি: রয়টার্স

অনেকের চোখেই ব্রাজিলের এবারের বিশ্বকাপটা ছাড়িয়ে গেছে ১৯৫০ সালের সেই মারাকানা বিপর্যয়ের দুঃসহ স্মৃতিকেও। সেবার বিশ্বকাপের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে খুবই আকস্মিকভাবে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের। আর এবারের বিশ্বকাপে ব্রাজিল যেন এক বিধ্বস্ত জনপদের নাম। সেমিফাইনালে অনেকগুলো লজ্জাজনক রেকর্ডের জন্ম দিয়ে জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে সেলেসাওরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও জোটেনি সান্ত্বনার জয়। হল্যান্ডের বিপক্ষে তিন গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

১৯৫০ সালে সেই মারাকানা বিপর্যয়ের পর আমূল পরিবর্তন এসেছিল ব্রাজিলের ফুটবল অঙ্গনে। দলের জার্সি পর্যন্ত বদলে ফেলেছিল সেলেসাওরা। এবার নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপ বিপর্যয়ের পর আবারও একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল।

নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপটি যেকোনো মূল্যেই জিততে চেয়েছিল ব্রাজিল। সে কারণেই হয়তো কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছিল অভিজ্ঞ লুইস ফেলিপে স্কলারিকে। ২০০২ সালে তাঁর অধীনেই শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। কিন্তু ‘বিগ ফিল’ এবার ব্যর্থ। ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর মাথা উঁচু করেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন স্কলারি। আর এবার সরে দাঁড়ালেন জার্মানির কাছে ৭-১ গোলে হারের গ্লানি নিয়ে, লজ্জায় মুখ ঢেকে।

স্কলারির পর ব্রাজিলের নতুন কোচ কে হবেন, সেই আলোচনাতেই এখন সরগরম দেশটির ফুটবল অঙ্গন। করিন্থিয়ানসের সাবেক কোচ টিটেকেই অনেকেই দেখছেন ফেবারিট হিসেবে। ২০১২ সালে করিন্থিয়ানস ক্লাব বিশ্ব ক্লাব ফুটবলের শিরোপা জিতেছিল টিটের হাত ধরেই।

সাও পাওলোর কোচ মুরিসে রামালহোর নামও এসেছে বেশ জোরেশোরে। ২০১০ সালেও ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব এসেছিল রামালহোর কাছে। কিন্তু সে সময় তাঁকে ছাড়তে রাজি হয়নি ফ্লুমিনেজ। ২০১১ সালে সান্তোসকে কোপা লিবার্তোদোরেস শিরোপাও জিতিয়েছিলেন এই রামালহো।

ইতিমধ্যেই কৌশলগত সমন্বয়কারী কার্লোস আলবার্তো পাহেইরাকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার লিওনার্দোকে।

আগামী বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতির পদ থেকেও সরে দাঁড়াবেন হোসে মারিয়া মারিন। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন মার্কো পোলো ডেল নিরো। ৭৩ বছর বয়সী এই আইনজীবীর ওপর অবশ্য একেবারেই ভরসা নেই ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোমারিওর। তিনি বলেছেন, ‘আপনারা কি মনে করেন যে এই মানুষটা কোনো পরিবর্তন আনতে পারবেন? আমি নিশ্চিত যে তিনি পারবেন না।’ এমন বিরোধিতার মুখে পড়লে হয়তো ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ পদটার জন্যও নতুন কারও কথা ভাবতে হতে পারে দেশটির ফুটবল অঙ্গনকে। এএফপি