ব্রাজিলে অস্ট্রেলিয়ার ফুটবলপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের জার্সি গায়ে গোল করাটাকে ইদানীং অভ্যাসই বানিয়ে ফেলেছেন নেইমার। পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করার পর ব্রাজিল তারকার বিচিত্র উদ্যাপন । এএফপি
ব্রাজিলের জার্সি গায়ে গোল করাটাকে ইদানীং অভ্যাসই বানিয়ে ফেলেছেন নেইমার। পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করার পর ব্রাজিল তারকার বিচিত্র উদ্যাপন । এএফপি

রেফারির শেষ বাঁশির পর অস্ট্রেলিয়ান ফুটবলাররা হয়তো কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন।

দেড় ঘণ্টার যে অসহনীয় ‘শাস্তি’ গেল তাঁদের ওপর দিয়ে! রাগবি-ক্রিকেটের দেশ হয়ে ব্রাজিলের সঙ্গে ফুটবল খেলতে যাওয়াটা শাস্তি ছাড়া আর কী?

কোচ হোলগার ওসিয়েক অবশ্য ব্যাপারটা এভাবে দেখতে রাজি নন। তাঁর দল নাকি ব্রাজিলে গিয়েছিল ফুটবল শিখতে, ‘আমরা ব্রাজিলে এসেছিলাম এই পর্যায়ের ফুটবল কেমন তার একটা ধারণা পেতে। এখন আমরা বুঝতে পেরেছি।’

তো তা-ই যদি হয়ে থাকে তাহলে ফুটবল কী সেটা অস্ট্রেলিয়াকে ভালো করেই বুঝিয়ে দিল ব্রাজিল। বিরতির আগে তিন, পরে তিন মিলিয়ে ৬ গোল। জো-নেইমাররা চাইলে সংখ্যাটা গোটা দশেকও হতে পারত। হয়নি, কিন্তু ওসিয়েকের ধারণা এটুকু শিক্ষাই আপাতত যথেষ্ট তাঁর দলের জন্য, ‘আমরা অনেক দিন ব্রাজিলের মতো কোনো দলের বিপক্ষে খেলিনি। আমাকে বলতেই হবে, ব্রাজিল দল আর খেলোয়াড়দের মান অসাধারণ। এখন ব্যাপারটা আমাদের ওপর, কীভাবে আমরা এটা বিশ্লেষণ করব আর কীভাবে নিজেদের উন্নতিতে কাজে লাগাব।’

পুনর্নির্মাণের পর ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭০ হাজারের কাছাকাছি। স্বাধীনতা দিবসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সেটা কানায় কানায় পূর্ণ হওয়ারই প্রত্যাশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত যে তা হয়নি ব্রাজিলের রাস্তায় রাস্তায় সরকারবিরোধী বিক্ষোভ চলায়। পুলিশি প্রতিরোধে পথ থেকেই ফিরে গেছেন অনেকে। শেষ পর্যন্ত যে হাজার চল্লিশেক দর্শক মাঠে এল তাদের ‘পয়সা উশুল’। ৮ মিনিটে জো-এর গোল দিয়ে শুরু হয়েছিল, শেষ হলো ৮৩ মিনিটে লুইস গুস্তাভোর গোলে। এর মাঝে স্কোরশিটে নাম তুলেছেন জো নিজে আরেকবার, সঙ্গে নেইমার, রামিরেস আর আলেজান্দ্রো পাতো। সব মিলিয়ে সাম্বা-ঝড়ে ক্যাঙ্গারুদের উড়িয়ে দিয়েই স্বাধীনতা দিবস উদ্যাপন হলো ব্রাজিলিয়ানদের। মজার ব্যাপার, ব্রাজিলের বিপক্ষে এর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়টাও ছিল ৬-০ গোলের। ১৯৯৭ সালে কনফেডারেশনস কাপের ফাইনাল সেই ম্যাচে জোড়া হ্যাটট্রিক করেছিলেন রোমারিও ও রোনালদো।

র‌্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে থাকা একটা দলের বিপক্ষে এমন জয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি। তবে এ ম্যাচ থেকেও তাঁর প্রাপ্তি অনেক। কিছুদিন আগে শেষ হওয়া কনফেডারেশনস কাপের দলে থাকা দানি আলভেস, ফ্রেড, অস্কার আর হাল্করা ছিলেন না এ ম্যাচে। কিন্তু স্কলারির রিজার্ভ বেঞ্চও যে কতটা শক্তিশালী সেটা সুযোগ পেয়ে প্রমাণ করেছেন মাইকন, জো, রামিরেস আর বার্নার্ডরা। নিজে একটা গোল করা আর সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করানো নেইমার জ্বলে উঠবেন—এটা প্রত্যাশিতই ছিল। সুযোগ পেলে যে কাজে লাগাতে  ভোলেন না সেটা আরও একবার প্রমাণ করেছেন জো। তবে ব্রাজিলের হয়ে এদিন দারুণ খেলেছেন রামিরেস ও বার্নার্ড। বিশেষ করে চেলসি তারকা রামিরেসের পারফরম্যান্সে মুগ্ধ স্কলারিও, ‘মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার দুই ভূমিকাতেই সে খুব সাবলীল ও ক্ষিপ্র। একজন খেলোয়াড় যত বহুমুখী হবে, আমার জন্য তত ভালো। সে এমন একজন খেলোয়াড় যে খেলার মাঝে দলের ছক পরিবর্তন করতে সাহায্য করে।’

একটাই শঙ্কা, ঊরুতে চোট পেয়ে বিরতির পর আর খেলতে পারেননি রক্ষণভাগের অন্যতম ভরসা মার্সেলো। কাল বোস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচে খেলা হবে না রিয়াল মাদ্রিদের লেফটব্যাকের। এএফপি।