ব্রাজিলে আজ ভাগ্যের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তো কুসংস্কার কিংবা অস্বস্তি। যে কারণেই হোক, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের অনুরোধও রাখছেন না পেলে। পাত্র থেকে দল বেছে নিতে গিয়ে যদি তাঁর হাত দিয়ে ব্রাজিলের সর্বনাশ হয়ে যায়! বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তাই ভাগ্যনির্ধারণী পর্বে থাকতে রাজি হননি তিনি।
প্রেসিডেন্টের অনুরোধ ফিরিয়ে দেওয়ার কথাটা পরশু নিজেই জানিয়েছেন পেলে, ‘প্রেসিডেন্ট আমাকে অনুরোধ করেছিলেন, যাতে পাত্র থেকে বল তুলে নেওয়ার পর্বে আমি ব্রাজিলকে প্রতিনিধিত্ব করি, যেটা আমি আগেও অনেক করেছি। আমি প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছি, কারণ ব্রাজিলের জন্য ভালো নয়, এমন দলের নাম আমার হাত দিয়ে উঠে গেলে খারাপ লাগবে।’
তাই বলে ভাববেন না ফুটবলের রাজাকে ছাড়াই আজ ব্রাজিলের কোস্তা দো সাউয়িপেতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হয়ে যাবে। পেলে থাকবেন, তবে শুধুই অতিথি হয়ে। ফিফা অবশ্য তাতেই খুশি। ‘দ্য কিং’-এর থাকাটাই যে অনেক কিছু।
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু এই আয়োজন পেলে ছাড়াও আলোকিত করবেন ১৯৫০ বিশ্বকাপের শেষ ম্যাচের নায়ক উরুগুয়ের আলসিদেস ঘিঘিয়া, ইংল্যান্ডের জিওফ হার্স্ট, ব্রাজিলের কাফু, ইতালির ফ্যাবিও ক্যানাভারো, আর্জেন্টিনার মারিও কেম্পেস, স্পেনের ফার্নান্দো হিয়েরো, ফ্রান্সের জিনেদিন জিদান আর জার্মানির লোথার ম্যাথাউস। এঁদের মধ্যে হিয়েরো ছাড়া বিশ্বকাপ জিতেছেন বাকি সবাই।
এমন আয়োজনকে ঝলমলে করে তুলতে একটু গ্ল্যামার না হলে কি চলে! মঞ্চ আলোয় ভরিয়ে দিতে থাকবেন বিখ্যাত ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দো লিমা, গায়িকা মার্গারেথ মেনেজেস আর পপতারকা এমিসিদা।
এমন বাহারি আয়োজন সামনে বসে দেখতে পারছেন না বলে মন খারাপ? চিন্তা নেই, বিশ্বের ১৯৩টি দেশের বিভিন্ন টেলিভিশনে সরাসরি দেখা যাবে পুরো অনুষ্ঠান। চোখ রাখতে পারেন ফিফার ওয়েবসাইটেও। টুইটার আর ফেসবুকে ব্রাজিল ২০১৪ পেজেও পাবেন মিনিটে মিনিটে আপডেট। আর যদি থাকে স্মার্টফোন তাহলে নামিয়ে নিন ফিফা অ্যাপস। পুরো অনুষ্ঠানটা দেখা যাবে সেখানেও। এএফপি।

যে ভা বে হ বে ড্র

১ চার নম্বর পাত্র থেকে একটি ইউরোপীয় দল নিয়ে দুই নম্বর পাত্রে রাখা হবে, যাতে সব পাত্রে আটটি করে দল থাকে।
২ এক নম্বর পাত্রে থাকা দলগুলো প্রতিটি গ্রুপের এক নম্বর দল হিসেবে বিবেচিত হবে। ব্রাজিল ‘এ ওয়ান’ করে দেওয়া হয়েছে। ‘বি’ থেকে ‘এইচ’ পর্যন্ত বাকি গ্রুপগুলোর এক নম্বর দল একে একে তুলে নেওয়া হবে পাত্র-১ থেকে।
৩ এক নম্বর পাত্রে থাকা চারটি দক্ষিণ আমেরিকান দল নিয়ে সাময়িকভাবে একটি ‘এক্স’ পাত্র তৈরি করা হবে। লটারির মাধ্যমে ‘এক্স’ পাত্র থেকে যেকোনো একটি দল বেছে নেওয়া হবে। তিনটি ইউরোপিয়ান দল যাতে একই গ্রুপে পড়ে না যায়, সে জন্য দুই নম্বর পাত্রে থাকা ইউরোপিয়ান দলটির জায়গা হবে ‘এক্স’ পাত্র থেকে তুলে নেওয়া সেই দক্ষিণ আমেরিকান দলটির গ্রুপে।
৪ দুই নম্বর পাত্রের দলগুলোর ভাগ্য নির্ধারণের সময় যাতে দুটি দক্ষিণ আমেরিকান দল একই গ্রুপে না পড়ে, সে জন্য গ্রুপ এড়িয়ে যাওয়ার নিয়ম রাখা হয়েছে। ধরা যাক, চিলি লটারিতে ‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে জায়গা পেল, সে ক্ষেত্রে ‘এ’ গ্রুপে না রেখে চিলিকে পরের গ্রুপ ‘বি’তে নিয়ে যাওয়া হবে। ‘বি’তেও যদি কোনো দক্ষিণ আমেরিকান দল থাকে, তাহলে নিয়ে যাওয়া হবে ‘সি’ গ্রুপে।
৫ এরপর তিন ও চার নম্বর পাত্রের দলগুলোর ভাগ্য নির্ধারণ করা হবে।
কোন পাত্রে কোন দল
পাত্র-১ (স্বাগতিক ও শীর্ষ সাত)
ব্রাজিল (স্বাগতিক, ১১), স্পেন (১), জার্মানি (২), আর্জেন্টিনা (৩), কলম্বিয়া (৪), বেলজিয়াম (৫), উরুগুয়ে (৬), সুইজারল্যান্ড (৭)।
পাত্র-২ (আফ্রিকা ও দঃ আমেরিকা)
চিলি (১২), আইভরি কোস্ট (১৭), ইকুয়েডর (২২), ঘানা (২৩), আলজেরিয়া (৩২), নাইজেরিয়া (৩৩), ক্যামেরুন (৫৯)।
পাত্র-৩ (এশিয়া ও কনক্যাকাফ)
যুক্তরাষ্ট্র (১৩), মেক্সিকো (২৪), কোস্টারিকা (৩১), হন্ডুরাস (৩৪), জাপান (৪৪), ইরান (৪৯), দক্ষিণ কোরিয়া (৫৬), অস্ট্রেলিয়া (৫৭)।
পাত্র-৪ (ইউরোপ)
হল্যান্ড (৮), ইতালি (৯), ইংল্যান্ড (১০), পর্তুগাল (১৪), গ্রিস (১৫), বসনিয়া (১৬), ক্রোয়েশিয়া (১৮), রাশিয়া (১৯), ফ্রান্স (২১)।