ব্রাজিলে আবারও বিশ্বকাপবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ব্রাসিলিয়ার একটি বাস টার্মিনালে বিক্ষোভ করছে ব্রাজিলের সাধারণ মানুষ। ছবি: রয়টার্স
রাজধানী ব্রাসিলিয়ার একটি বাস টার্মিনালে বিক্ষোভ করছে ব্রাজিলের সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

আর মাত্র ২৭ দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্বই অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রীড়া বিশ্বের অন্যতম বড় এই প্রতিযোগিতার জন্য। কিন্তু খোদ আয়োজন দেশ ব্রাজিলের মানুষই হাঁটছে উল্টোপথে। গতকাল আবারও নতুন করে বিশ্বকাপবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে ব্রাজিল। সাও পাওলো, রিও ডি জেনিরোসহ বেশ কয়েকটি শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে বিশ্বকাপের বিরোধিতা করে।
গত বছর কনফেডারেশনস কাপের সময় থেকেই বেশ কয়েক দফা বিক্ষোভ করেছে ব্রাজিলের সাধারণ মানুষ। বিশ্বকাপের জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করলেও ব্রাজিলিয়ানদের চিকিত্সা-বাসস্থান-পরিবহন-ব্যবস্থা উন্নয়নের দিকটি সরকার উপেক্ষা করেছে বলেই অভিযোগ তাদের। গতকালের বিক্ষোভে শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি চাকরিজীবীদেরও অংশ নিতে দেখা গেছে। কয়েক দিন আগে ধর্মঘটের হুমকি এসেছিল ব্রাজিলের পুলিশ বাহিনীর কাছ থেকেও।
গতকাল সাও পাওলো শহরের কোরিন্থিয়ান স্টেডিয়ামের পাশে দেখা গেছে সবচেয়ে বড় বিক্ষোভটি। এখানেই অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এ ছাড়া সাও পাওলো, রিও ডি জেনিরো ও রাজধানী ব্রাসিলিয়ায়ও সড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ব্রাজিলের মানুষ। শুধু বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাসস্থান ও হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

ব্রাজিল সরকার অবশ্য এই বিক্ষোভের সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই বলেই মন্তব্য করেছে। ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলডো রেবেলো বলেছেন, ‘আমি যা দেখেছি, তাতে মনে হয়েছে শ্রমিকদের নির্দিষ্ট কিছু দাবিদাওয়া আছে। এর সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। বিশ্বকাপ দেখতে আসবেন এমন বিদেশি পর্যটকদেরও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’— বিবিসি অনলাইন