ব্রাজিলে কাকা, তেভেজ নেই আর্জেন্টিনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঞ্চে তীর্থের কাকের মতো বসে থাকা কাকাকে গত বুধবার হঠাৎ করেই দেখা গেল মাঠে। রিয়াল মাদ্রিদের হয়ে খেললেন একটা প্রীতি ম্যাচে। সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ওই ম্যাচে নেমেই নিজেকে নতুন করে প্রমাণ করলেন ব্রাজিল মিডফিল্ডার। কলম্বিয়ান ক্লাব মিলোনারিয়সের বিপক্ষে হ্যাটট্রিক করে এই বার্তাই দিয়েছেন, এখনো তিনি ফুরিয়ে যাননি। রিয়াল কোচ হোসে মরিনহোর টনক এতে নড়বে কি না, তা বলবে সময়। তবে ওই দুর্দান্ত পারফরম্যান্সের নগদ পুরস্কারই পেয়ে গেলেন কাকা। দুই বছর পর ডাক পেলেন ব্রাজিল জাতীয় দলে।আগামী ১১ অক্টোবর ইরাক ও ১৬ অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুটি ম্যাচের জন্য পরশু ঘোষিত মানো মেনেজেসের ২৩ সদস্যের দলে আছেন কাকা। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি পরে ৩০ বছর বয়সী মিডফিল্ডার সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। যে ম্যাচটা হল্যান্ডের কাছে হেরে (২-১) শেষ হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ-স্বপ্ন।মেনেজেস দুঙ্গার আসনে বসার পর গত বছরের অক্টোবরেও অবশ্য ব্রাজিল দলে ডেকেছিলেন সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারকে। কিন্তু ঊরুর চোটের কারণে গ্যাবন ও মিসরে বিপক্ষে ম্যাচ দুটির দল থেকে নিজেকে সরিয়ে নেন কাকা। কাকার দিকে সুদৃষ্টি দিলেও মেনেজেসের কাছে উপেক্ষিতই থেকে গেছেন রবিনহো। ফিরতে পারেননি আলেসান্দ্রো পাতোও। দলে নতুন মুখ একজনই, রোমার ২৫ বছর বয়সী ডিফেন্ডার লিয়ান্দ্রো কাস্টান।ব্রাজিল যখন প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবে, আর্জেন্টিনা লড়বে বিশ্বকাপ বাছাইপর্বে। আগামী ১২ অক্টোবর নিজেদের মাঠে মেসিদের প্রতিপক্ষ উরুগুয়ে। চার দিন পর চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। এই দুই ম্যাচের জন্য পরশু ইউরোপভিত্তিক ১৮ জন খেলোয়াড়কে ডেকেছেন আলেসান্দ্রো সাবেলা। উপেক্ষিতই থেকে গেছেন কার্লোস তেভেজ। এই মৌসুমে ম্যানচেস্টার সিটির ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হওয়া তেভেজ ডাক না পেলেও দলে আছেন সার্জিও আগুয়েরো। হাঁটুর চোট নিয়েও ম্যারাডোনা-জামাতাকে এ মাসে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ডেকেছিলেন সাবেলা। যদিও চোট তাঁকে খেলতে দেয়নি। এএফপি।