ব্রাজিলে কেন এত বিক্ষোভ?

ফুটবল তাদের প্রেম, ফুটবলই তাদের প্রার্থনা। ফুটবলই তাদের জীবনের কেন্দ্রবিন্দু। সেই ব্রাজিলে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট ফিফা কনফেডারেশনস কাপ হচ্ছে যখন, কেন লাখ লাখ মানুষ উগড়ে দিচ্ছে ক্ষোভের বিষ? কেন টুর্নামেন্টটি পণ্ড করতে রীতিমতো ‘যুদ্ধে’ নেমেছে তারা? ফুটবলের প্রতি তাদের যে নিঃশর্ত ভালোবাসা, সেটা কেন উবে গেল কর্পূরের মতো? উত্তর এক জায়গাতেই—বিশ্বকাপ ফুটবল নামের মহাযজ্ঞের বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট সামাল দিতে উন্নয়নশীল দেশ ব্রাজিলের মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বের ৭৫তম দেশ ব্রাজিল। মাথাপিছু আয় ১১ হাজার ৬৪০ ডলার। বিশ্বকাপ ফুটবলের মতো একটা বৈশ্বিক আয়োজন ব্রাজিলের অর্থনীতিতে কতটা কী দিয়ে যাবে, সেটা সময়ই বলে দেবে। তবে আপাতত অবকাঠামোগত উন্নয়নে ব্রাজিল সরকার যে বিশাল বিনিয়োগ করছে, সেটাই অস্থিতিশীল করে দিচ্ছে দেশের অর্থনীতি। বাড়ানো হয়েছে কর ও সরকারি সব সেবার খরচ। চোখে পড়ার মতো বেড়েছে সরকারি পরিবহন ব্যবস্থার ব্যয়। এই ব্যয়ই ব্রাজিলের বড় শহরগুলোর অধিবাসীদের ক্ষোভের অন্যতম কারণ। এর সঙ্গে আছে আর দশটা উন্নয়নশীল দেশের মতোই দুর্বল প্রশাসনিক ব্যবস্থা; আছে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব আর স্বজনপ্রীতি। উঠেছে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সব মিলিয়েই ক্ষুব্ধ দেশের মানুষ। পরিস্থিতি এতটাই স্পর্শকাতর হয়ে উঠেছে, মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে গতকাল জাতির উদ্দেশে বিশেষ ভাষণও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ।
তবে প্রেসিডেন্টের কথায় চিড়ে ভিজবে কি না, সেটি সময়ই বলে দেবে। এরই মধ্যে ব্রাজিলে বিশ্বকাপের মতো একটি বড় আয়োজন গরিবের সংসারে মার্সিডিজ চালানোর মতো ব্যাপার বলে সমালোচনায় সোচ্চার হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে আছেন রোমারিওর মতো ব্রাজিলের সাবেক তারকাও। রোমারিওর দাবি, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ প্রতিযোগিতা দুটির পেছনে জার্মানি ও দক্ষিণ আফ্রিকা যত খরচ করেছে, তার তুলনায় দ্বিগুণ খরচ করছে ব্রাজিল।
ব্রাজিলের একাধিক সংবাদপত্রের সাইটে পোস্ট করা এক ভিডিও বার্তায় ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক এবং এখনকার সাংসদ দাবি করেছেন, যে টাকা ব্রাজিল শুধু স্টেডিয়ামের পেছনেই খরচ করেছে, সেই টাকা দিয়ে আট হাজার নতুন স্কুল, ৩৯ হাজার স্কুলবাস অথবা ২৮ হাজার খেলার ছোট মাঠ বানানো যেত। এক ব্রাসিলিয়ায় বানানো গারিঞ্চা স্টেডিয়ামের টাকা দিয়ে স্বল্প আয়ের মানুষের জন্য দেড় লাখ বাড়িও বানিয়ে দেওয়া যেত বলে মনে করেন তিনি।
সাবেকরা যখন এমনই সমালোচনায় মুখর, সেই সময় আয়োজক কমিটিতে থাকার কারণেই কি না, সাধারণ মানুষের ক্ষোভের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পেলে-রোনালদোর মতো ব্রাজিলীয় কিংবদন্তিরা। জনতার দাবির সঙ্গে একমত না হয়ে বরং এর বিরুদ্ধেই কথা বলছেন এই দুজন। ব্রাজিলের ফ্রিল্যান্স সাংবাদিক নিকোল ফ্রয়োর মতে, ব্রাজিলীয়দের প্রতি এটি পেলে-রোনালদোর ‘বিশ্বাসঘাতকতা’।
পেলে-রোনালদোর মতো বিশ্বকাপ জিতেছেন রোমারিওও। বিশ্বকাপের মাহাত্ম্য পেলে-রোনালদোর চেয়ে একটুও কম অনুভব করেন না ১৯৯৪ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা এই স্ট্রাইকার। কিন্তু তিনি যে অবস্থানটি ধারণ করেছেন, সেটার সঙ্গে মিলে যায় ব্রাজিলের বেশির ভাগ মানুষের অভিমত। নানাবিধ অর্থনৈতিক সমস্যায় জর্জরিত ব্রাজিলের মানুষের ঘাড় মটকে আদায় করে নেওয়া করের টাকা খরচ করে যে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, তা মাঠে বসে উপভোগ করার সামর্থ্য হবে শতকরা কয়জনের?
ব্রাজিলে গণপরিবহনের ভাড়া যখন বেড়ে যায়, তা সরাসরি শ্রমিক ও খেটে খাওয়া মানুষকে আঘাত করে। একজন কর্মজীবী মানুষ যদি প্রতি মাসে ব্রাজিলীয় মুদ্রায় ৬৮০ রিয়াল আয় করেন, তাহলে তাঁকে যাতায়াত ভাড়াবাবদই দিয়ে দিতে হয় ১২০ থেকে ১৪০ রিয়াল। বাড়িভাড়া, খাওয়া খরচ ইত্যাদি না হয় বাদ দেওয়া গেল।
শিক্ষার নিম্নমান নিয়েও ব্রাজিলে অনেক হা-হুতাশ। সত্যি কথা বলতে, ব্রাজিলের শিক্ষা খাতকে বিশ্বপ্রেক্ষাপটে নিম্নস্তরের বললেও অত্যুক্তি হয় না। যেখানে দেশটিতে একজন সাংসদ কিংবা মন্ত্রী প্রতি মাসে অন্যান্য প্রান্তিক সুযোগ-সুবিধা ছাড়াও ১৭ হাজার ব্রাজিলীয় রিয়াল গুনে পকেটে ভরেন, সেখানে একজন প্রাথমিক কিংবা মাধ্যমিক স্কুলের শিক্ষকের বেতন কোনোভাবেই হাজার রিয়াল ছাড়িয়ে যায় না। এই দেশে শিক্ষার অবস্থা কী, সেটা সহজেই অনুমেয়।
রিও ডি জেনিরো কিংবা সাও পাওলোর মতো বড় বড় শহরের সরকারি হাসপাতালে নাকি চিকিত্সা নিতে গেলে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। ব্রাজিল দেশের স্বাস্থ্য খাতের অবস্থা এমনই। রোগীর তুলনায় প্রতিটি হাসপাতালে শয্যার সংখ্যা অনেক কম। ব্রাজিলে বিশ্বকাপ হচ্ছে, অলিম্পিক হচ্ছে, কনফেডারেশনস কাপ হচ্ছে, কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই। এমন একটি পরিস্থিতিতে ব্রাজিলের মানুষের ক্ষোভ রাজপথে বিস্ফোরিত হবে—এটা তো সহজেই অনুমেয়।
এরই মধ্যে ব্রাজিল সরকার ফিফাকে করমুক্তি দিয়ে একটি বিশেষ আইন পাস করেছে। এর ফলে বিশ্বকাপ আয়োজন বাবদ ফিফা নিজে যে লাভ করবে, এর একটি টাকাও কর দিতে হবে না। অথচ ফিফা ৪০০ কোটি রিয়াল আয় করে যাবে বলে মনে করেন রোমারিও। বিশ্বকাপের পেছনে ব্রাজিলের নিজের বিনিয়োগ ১ হাজার ২৯০ কোটি ডলার।