ব্রাজিলে খেলতে আগ্রহী ভালদেস
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার গোলরক্ষক তিনি। কখনো ন্যু ক্যাম্প ছাড়লে কোথায় পাড়ি জমাবেন ভিক্টর ভালদেস? স্প্যানিশ এই গোলরক্ষক জানিয়েছেন, বার্সেলোনা ছাড়লে ব্রাজিলের কোনো ক্লাবে নাম লেখাতে পারেন তিনি।গোল ডটকমের খবরে বলা হয়েছে, ব্রাজিলীয় ফুটবলের বরাবরই ভক্ত ভালদেস। তাঁর ব্রাজিল-প্রীতির কারণ, ফুটবলের প্রতি সেখানকার সমর্থকদের অসম্ভব রকম উন্মাদনা। ভবিষ্যতে ব্রাজিলে খেলার সম্ভাবনা প্রশ্নে এক সাক্ষাত্কারে ভালদেস বলেছেন, ‘ব্রাজিলে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তবে এটা এমন সিদ্ধান্ত, যেটা স্ত্রীর সঙ্গে আলোচনা করে নিতে হবে। ভবিষ্যতে কী হয়, কে জানে? তবে ব্রাজিলে খেলতে পারলে দারুণ হবে।’লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—কে পাবেন এবারের ফিফা ব্যালন ডি’ অর? দুজনের মধ্যে বার্সায় তাঁর সতীর্থ মেসিকেই এগিয়ে রেখেছেন ভালদেস, ‘পুরস্কারটা আবারও মেসির প্রাপ্য। ও প্রতি বছর বিভিন্ন রেকর্ড ভাঙে এবং সব সময়ই ফেবারিট।’গুঞ্জন চলছে, বার্সেলোনায় যোগ দিতে পারেন নেইমার। ব্রাজিলীয় এই তরুণ তারকার প্রতি নাকি বেশ আগ্রহী ক্লাব কর্তৃপক্ষ। এ সম্পর্কে ভালদেস বলেন, ‘নেইমার এমন একজন খেলোয়াড় যে বিশ্বের যে কোনো ক্লাবে খেলার যোগ্যতা রাখে। ওর মতো খেলোয়াড়কে পাওয়ার স্বপ্ন দেখে সবাই। নেইমার খুবই প্রতিভাবান। বার্সেলোনায় এলে ওকে কাছ থেকে দেখতে পাব আমরা।’বার্সেলোনার ইতিহাসে সফল গোলরক্ষকদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয় ভিক্টর ভালদেসকে। পাঁচটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা ডেল রেসহ বার্সার ১৯টি শিরোপা জয়ের সাক্ষী হয়ে আছেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। এত এত সফলতার পরও একটি বিষয়ে বেশ দুর্ভাগা ভালদেস। স্পেন জাতীয় দলে থাকলেও মাঠে নেমে খেলার সুযোগ তাঁর নেই বললেই চলে। এই মুহূর্তে ইকার ক্যাসিয়াস ও পেপে রেইনার পর স্প্যানিশ দলে তৃতীয় গোলরক্ষক তিনি। ইকার ক্যাসিয়াসের স্বর্ণযুগে জন্মানোর অভিশাপটা হয়তো বয়ে বেড়াতে হবে ভালদেসকে। বার্সেলোনার সঙ্গে ২০১৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি।