ব্রাজিলে গতির ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম সারোয়ার টিপু
গোলাম সারোয়ার টিপু

ব্রাজিলে যেন গতির ঝড় দেখছি। প্রতিটি বিশ্বকাপই আগের চেয়ে গতিময় হচ্ছে৷ এটাই সাধারণ ধারা। এবারও ব্যতিক্রম নয়। তবে এবার নেইমারের দেশে বিশ্বকাপ সাফলে৵র রাস্তা বাতলে দিচ্ছে এভাবে—গতির সঙ্গে নিখুঁত থাকুন। চূড়ান্ত পাসটা ঠিকঠাক করুন। গোল আপনার পায়ে লুটোপুটি খাবে।
এ ধারার ফুটবলে বড় দলগুলোর ওপর থাকা চিরকালীন একতরফা স্পটলাইটটা এবার অনেকটা সরে গেছে। আগে কয়েকটা দলের ওপরই আলো পড়ত। কিন্তু ব্রাজিল বিশ্বকাপ আলোটা ছড়িয়ে দিয়ে ফেলছে চিলি-কোস্টারিকার মতো দলের ওপরও।
এবার দেখছি, খেলোয়াড়দের যার যার দায়িত্বে নিখুঁত থাকার ওপর ম্যাচের ভাগ্য নির্ভর করছে। শারীরিক সামর্থ্য, বল দেওয়া-নেওয়া এবং দ্রুত আক্রমণে ইতি টানা—মোটা দাগে এই হচ্ছে এখন পর্যন্ত মূল থিম। যারা প্রতিপক্ষের ওপর যত দ্রুত আঘাত হানতে পারে, ম্যাচ শেষে জয়ের মালা তাদেরই গলায় উঠছে।
বল দখলের চ্যালেঞ্জে জেতা এবং চূড়ান্ত পাস বের করার ওপরও নির্ভর করছে অনেক কিছু। গত কয়েক বছর ছিল টিকি-টাকা ধারা। বল পায়ে রেখে আক্রমণ। এখন প্রতিটা সেকেন্ডই সমান গুরুত্বপূর্ণ। অহেতুক পাস খেলতে যেয়ো না, এটা যেন বারণ।
গতি আর লক্ষ্যভেদে নিখুঁত থাকার ব্যাপারটা টেকনিক্যালিও সমন্বিত থাকা জরুরি। ঘানা, আইভরিকোস্ট বা এ-জাতীয় দলগুলোর খেলোয়াড়েরা বড় শরীরের, গতিও বেশ ভালো। তাহলে এরা সাফল্য পাচ্ছে না কেন?
আসলে টেকনিক্যাল সমন্বয়টা সেভাবে করতে পারে না এ দলগুলো। তাই শুধু গতিশক্তি দিয়ে কুলিয়ে ওঠে না। চিলি, কোস্টারিকার মতো দলগুলো এ সবকিছুর সুন্দর সমন্বয় করেই এবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এদের মেসি, নেইমার, রোনালদো নেই। তবে দু-একজন তারকা আছেন। বািকদের সঙ্গে তাঁরাই দুর্দান্ত বোঝাপড়া করে ম্যাচ করে নিচ্ছেন।
খেলোয়াড়দের স্ট্রাইকরেটও একটা বড় ফ্যাক্টর। ধরুন ১০ গজ দৌড়াতে মেসির আটটা স্টেপ লাগে। রোবেনের সাতটা। এই যে একটা স্টেপ তিনি কম নিচ্ছেন, এতে সময় বেঁচে যাচ্ছে এবং দ্রুত সেটাকে কাজে লাগিয়ে গোল করে বেরিয়ে আসছেন। এই বিশ্বকাপে কোচদের যে দর্শন দেখছি, তাতে কথা একটাই—বল ধরো, দ্রুত ওঠো, গোল করো।
সুইজারল্যান্ড ম্যাচে ফ্রান্সের দ্বিতীয় গোলটা হলো প্রথম গোলের মাত্র ৬৬ সেকেন্ডের মধ্যে। যা ম্যাচের টার্নিং পয়েন্ট। ওখানে চার-পাঁচটা পাস খেলতে গেলে হয়তো গোলটা হয় না। স্পেন হলে হয়তো ঠিকই চার-পাঁচটা পাস খেলে ফেলত। কিন্তু সেটা করতে গিয়ে তারা এবার গোল পায়নি, স্পেনের ওই ধারাটাই এবার বদলে গেছে। অন্য কিছু না আসা পর্যন্ত আগামী কয়েক বছর নতুন ধারাটা সম্ভবত চলবে।
গতি আর ছন্দের দুর্দান্ত সংমিশ্রণ ঘটিয়ে কোস্টারিকা হারিয়ে দিল ইতালিকে। ইতালি আক্রমণটা একটু ধীরগতিতে গড়ে তুলতে চেয়েছে, কিন্তু তাদের মাঝপথে বল কেড়ে নিয়ে গেছে কোস্টারিকা। বল পায়ে এবং বল ছাড়া দুভাবেই কোস্টারিকানদের ক্ষিপ্রতা ইতালির বিশ্বকাপ অভিযাত্রাকে ঢেকে দিয়েছে সংশয়ের মেঘে।
পিরলোকে নিষ্প্রভ করে রাখাও কোস্টারিকার বড় সাফল্য। ইংল্যান্ড ম্যাচটায় একটা অঞ্চলজুড়ে পিরলো দারুণ সব পাস দিয়েছেন। এদিন পারলেন না। পিরলোর খারাপ ম্যাচ মানে ইতালির হার। মাঠের মাঝখানেও এদিন দেখলাম ইতালি ভুল পাস করছে। তাহলে আর ম্যাচে জিতবে কী করে!
ফ্রান্সের খেলাটা আমার বেশ মন কেড়েছে। বিশেষ করে ওদের রক্ষণ খুব অাঁটসাঁট ছিল। লম্বা লম্বা সুইসদের সেভাবে হেডই করতে দেয়নি। সুইজারল্যান্ডের রক্ষণে ছিল অসংখ্য ফাঁকফোকর। ওদেরও কিছু ভালো খেলোয়াড় আছে, শক্তিও ভালো। কিন্তু শুধু শক্তি দিয়ে চলে না। লক্ষ্যভেদে নিখুঁত হওয়া চাই। যেটা ফ্রান্সের বেশি ছিল এবং তারা গোল উৎসব করেছে।
করিম বেনজেমাকে চটপটে লাগল। মুলারের সঙ্গে তাঁর পার্থক্যটা হলো, মুলার একটা জায়গায় বলের জন্য অপেক্ষা করেন। দুর্দান্ত ফিনিশিংয়ে তাঁর জুড়ি নেই। বেনজেমা সতীর্থদের সঙ্গে খেলে খেলে ওপরে উঠেছেন। নিজে গোল করেছেন, করিয়েছেন। এই বেনজেমাকে তৈরি করার ক্ষেত্রে জিদানের অবদান আছে। যাই হোক, দুই ম্যাচে তিন গোল করে ভালোই যাত্রা হলো বেনজেমার। ব্রাজিল বিশ্বকাপের গতিময় ফুটবল তাঁর গায়েও তো লেগেছে!