ব্রাজিলে তাকাচ্ছেন ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় টুর্নামেন্টে আরও একবার চোখের জলে বিদায় নিল জার্মানরা। বাকি সতীর্থদের চেয়ে হয়তো মিরোস্লাভ ক্লোসার হতাশাটাই বেশি। ২০০১ সালে জাতীয় দলে অভিষেক। এর পর থেকেই যে বড় টুর্নামেন্টে শিরোপার কাছে গিয়ে চোখের জলে বুক ভাসিয়ে যাচ্ছেন!২০০২ বিশ্বকাপের ফাইনাল, ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০০৮ ইউরোর ফাইনাল, ২০১০ বিশ্বকাপের সেমিফাইনাল এবং সর্বশেষ গত পরশু ইউরোর সেমিফাইনাল থেকে বিদায়—শিরোপার কাছাকাছি গিয়েও প্রতিবারই জার্মানির স্বপ্নভঙ্গের বেদনায় নীল। এভাবে আক্ষেপ আর স্বপ্নভঙ্গের যন্ত্রণাকে স্মৃতি করেই ইতি টানবেন বর্ণাঢ্য ক্যারিয়ারের? অভিজ্ঞ ক্লোসা তাই মনের কোণে ছবি আঁকছেন ২০১৪ বিশ্বকাপের। ব্রাজিল বিশ্বকাপে দলকে জিতিয়ে মুছে ফেলতে চান এসব হতাশা।বয়স ৩৪ হয়ে গেছে। অবসর ভাবনাটা তাই এসেই যায়। কিন্তু ক্লোসার দৃষ্টি সামনের দিকেই, ‘আমি হয়তো খুব বেশি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কিংবা বিশ্বকাপ আর পাব না। তবে এখনই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। কিন্তু আমি এটা কল্পনা করতেই পারি যে, আরও দুই বছর খেলে অপূর্ণতা ঘোচাব।’মারিও বালোতেল্লি প্রথমার্ধেই ইতালিকে এগিয়ে দেন ২-০ গোলে। ম্যাচের যোগ করা সময়ে মেসুত ওজিলের পেনাল্টি গোল জার্মানিকে ম্যাচে ফেরায়, তবে বড্ড দেরি হয়ে গিয়েছিল। ম্যাচ শেষে জার্মানির ড্রেসিংরুম ছিল ‘মৃত্যুপুরী’। ১২৭ ম্যাচে ৬৪ গোল করা ক্লোসাই বর্ণনা করেছেন সেই পরিবেশ, ‘আবহটা ছিল খুবই শোকের। কেউ কেউ কাঁদছিল। আপনি কেবল তাদের মাথাটা উঁচু রাখার কথাই বলতে পারেন।’ জার্মানির সর্বোচ্চ গোলদাতা জার্ড মুলারের চেয়ে ৪ গোল পেছনে থাকা ক্লোসা বলছেন নিজের কথাও, ‘এটা ছিল আমার ক্যারিয়ারের অন্যতম তিক্ত এক মুহূর্ত। ইতালি হার্ডলটা খুবই উঁচুতে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। সম্ভবত আমরা তাদের একটু বেশিই শ্রদ্ধা দেখিয়েছি।’ এএফপি।