ব্রাজিলে ফিফার জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি পান থেকে চুনটি খসে, আর কাজটি যদি হয় অধিভুক্ত কোনো ফেডারেশনের, তাহলে রক্ষা নেই। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার শাস্তি মেনে নিতে হয় নতমস্তকে। নিয়ম না মানার জন্য হরহামেশাই বিভিন্ন দেশের ফেডারেশনকে বহিষ্কার কিংবা জরিমানা করে থাকে ফিফা। কিন্তু এবার ঘটল উল্টোটা। ফিফাকেই পাঁচ লাখ রিয়াল (দুই লাখ ১০ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছেন ব্রাজিলের এক আদালত!
গত জুনে ব্রাজিলে কনফেডারেশনস কাপের সময় টিকিট নিয়ে ফিফার বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রেসিফের ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা প্রোকন। টিকিট কেটে আটজন দর্শক ১৬ জুন স্পেন-উরুগুয়ে ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। কিন্তু নির্ধারিত আসনে বসতে না দিয়ে তাঁদের কয়েকজনকে সিঁড়িতে বসতে বাধ্য করা হয়। বাকিরা মাঠ ছেড়ে চলে যান। ভুক্তভোগী ওই আটজন দর্শকের হয়ে বিষয়টি আদালতে তোলে প্রোকন। রায় আসে দর্শকদের অনুকূলে। এ রায়ে ফিফা ও এর সেবা প্রদানকারী সংস্থার প্রত্যেককে পাঁচ লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। পাশাপাশি দর্শককে দুই হাজার রিয়াল এবং অন্যদের স্বল্প ক্ষতিপূণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
বিশ্বকাপের ‘মহড়া’ টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ চলার সময় ব্রাজিলজুড়ে বিক্ষোভ হয়েছে। জনসেবার মান বাড়ানোর দিকে নজর না দিয়ে সরকার বিশ্বকাপকে সফল করে তুলতে অবকাঠামো নির্মাণে বেশি নজর দিয়েছে এমন অভিযোগ ছিল বিভোক্ষকারীদের। বিশ্বকাপ ঘিরে ব্রাজিল সরকারের ভারী বিনিয়োগের সব লাভই ফিফার—ব্রাজিলের সাবেক ফুটবলারদের কেউ কেউ এমন অভিযোগ তুলে ফিফার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। রেসিফের আদালতের রায় ফিফার বিরুদ্ধে ব্রাজিলিয়ানদের সেই ক্ষোভেরই যেন বহিঃপ্রকাশ! এএফপি।