ব্রাজিলে ফিরে স্বপ্নপূরণ ডেকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্রাজিলের ফুটবলে ফেরা আমার বহুদিনের স্বপ্ন। অনেক প্রতীক্ষার পর আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে’, কথাগুলো কার হতে পারে বলুন তো? ১৩ বছর পর ব্রাজিলের ফুটবলে ফেরার পর সুযোগ পেয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আবেগাপ্লুত ডেকো। খবর বুয়েনস এইরেস হেরাল্ড।১৯৯৬-৯৭ মৌসুমে ব্রাজিলের করিন্থিয়ানসের হয়ে ডেকোর অভিষেক। পরের মৌসুমে ডেকো চলে যান পর্তুগিজ ক্লাব বেনফিকায়। এরপর খেলেছেন আরেক পর্তুগিজ ক্লাব পোর্তোতে। জাতীয় দল হিসেবে ব্রাজিলের বদলে ডেকো বেছে নিয়েছিলেন পর্তুগালকে। আন্তর্জাতিক ফুটবলেও অভিষেক ব্রাজিলের বিপক্ষে। এখানেই শেষ নয়, সেই ম্যাচে গোল করে হারিয়েও দিয়েছিলেন ব্রাজিলকে! ব্রাজিলের বিপক্ষে যেটি ছিল আবার পর্তুগালের ৩৭ বছর পর প্রথম জয়। তার পরও কিন্তু ব্রাজিলের জন্য সব সময় মন কেঁদেছে ডেকোর। ক্যারিয়ারের সায়াহ্নে এসে জন্মভূমির ক্লাব ফ্লুমিনেন্সে নাম লেখিয়েছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। আগামী ২২ আগস্ট রিও ডি জেনিরোতে ফ্লুমিনেন্সের হয়ে অভিষেক হবে ডেকোর।জন্মভূমিতে ফেরার স্বপ্ন পূরণের পর ডেকো বলেছেন, ‘চেলসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঘরে ফেরাটা বেশ কঠিন ছিল। ফ্লুমিনেন্সকে ধন্যবাদ, তারা দরজা খোলা রেখেছিল বলেই এখানে আসতে পেরেছি।’ নিজের লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন ডেকো, ‘ফ্লুমিনেন্সকে শিরোপা এনে দেওয়ার লক্ষ্যেই খেলব আমি।’