ব্রাজিলে বিক্ষোভ
৬৪ বছর পর বিশ্বকাপের স্বাগতিক। এর আগে কনফেডারেশনস কাপ আর বিশ্বকাপের দুই বছর পর অলিম্পিক। যে ব্রাজিলের মেতে ওঠার কথা ক্রীড়া উৎসবের আমেজে, সেখানে কিনা চলছে ধ্বংসযজ্ঞ! বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরি আর সংস্কারের কাজে ব্রাজিলিয়ান সরকার যে অর্থ ব্যয় করেছে, তাতে নাকি দুর্নীতি হয়েছে অনেক। সঙ্গে জনসেবার বেহাল দশা ও পুলিশের সহিংসতা মিলিয়ে কদিন ধরেই ফুঁসছিল ব্রাজিল। এমনকি বিক্ষোভকারীদের প্রতিবাদে পণ্ড হতে চলেছিল কনফেডারেশনস কাপের উদ্বোধনী অনুষ্ঠানও। তবে দুই দশকের মধ্যে প্রতিবাদের সবচেয়ে বড় বিস্ফোরণটা হলো গত পরশু।রিও ডি জেনিরো, সাও পাওলো, বেলো হরিজন্তে ও ব্রাসিলিয়াসহ ব্রাজিলের অনেক বড় শহরে প্রায় দুই লাখ বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছিল। অবরোধ, গাড়ি ভাঙচুর আর বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া তো ছিলই, বিক্ষোভকারীদের আক্রোশের সবচেয়ে বেশি শিকার হয়েছে পুলিশ। আসলে কনফেডারেশনস কাপের উদ্বোধনী অনুষ্ঠানের দিন পুলিশের টিয়ারশেলের ঝাঁজ ভোলেনি কেউ। ধ্বংসযজ্ঞ ঠেকাতে গিয়ে তাই রক্তাক্ত হয়েছেন পুলিশের অনেক সদস্য। ক্রমেই বাড়তে থাকা এ জনরোষ শুধু কনফেডারেশনস কাপের নিরাপত্তাই নয়, প্রশ্নবিদ্ধ করে দিয়েছে ২০১৪ বিশ্বকাপের আয়োজনকেও।বিশ্বকাপ আর অলিম্পিকের সময় সারা বিশ্ব থেকে যে অতিথিরা আসবেন, ব্রাজিলিয়ান পুলিশ কি তাঁদের নিরাপত্তা দিতে পুরোপুরি প্রস্তুত? এএফপি।