ব্রাজিলের কোচ হিসেবে লুইস ফেলিপে স্কলারি থাকবেন কি থাকবেন না সেটা এখনো নিশ্চিত নয়। তবে ব্রাজিলের গণমাধ্যমে এখনই শুরু হয়ে গেছে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা। সেই আলোচনায় উঠে আসছে বিদেশি কোচের নামও। নিজেদের ফুটবল ইতিহাসে ব্রাজিল কখনোই কোনো বিদেশিকে জাতীয় দলের কোচ করেনি। নিজেদের মাটির বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সই কি ব্রাজিলিয়ানদের বিদেশি কোচ নিয়োগে ভাবাচ্ছে? কারণ যা-ই হোক, দানি আলভেজ কিন্তু বিদেশি কোচের পক্ষেই। বার্সেলোনার ৩১ বছর বয়সী ডিফেন্ডার সরাসরিই বলে দিয়েছেন, ‘বিদেশি কোচ নিয়োগে আমি তো দোষের কিছু দেখি না। তাঁরা বরং আমাদের ফুটবলে নতুন কিছুই নিয়ে আসতে পারবেন।’ আইএএনএস।
শর্ত
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ইতালি ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ানোর কিছুদিন পর ক্ষমা চেয়েছিলেন লুইস সুয়ারেজ, প্রতিজ্ঞা করেছিলেন এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। তবে এর আগেও পিএসভি আইন্দহোফেনের অটোমান বাক্কাল আর চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ানোয় সুয়ারেজের প্রতিজ্ঞায় পুরোপুরি আস্থা রাখতে পারছে না সম্প্রতি ৭৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে সুয়ারেজকে কেনা বার্সেলোনা। ক্লাব ইতিহাসের রেকর্ড দাম দিয়ে কেনা খেলোয়াড়ের চুক্তিতে তাই কাতালান ক্লাবটি শর্ত জুড়ে দিয়েছে, আর কখনো কাউকে কামড়ানোর চেষ্টা করলে বাৎসরিক বেতন ১০ মিলিয়ন পাউন্ড থেকে ৩ মিলিয়ন পাউন্ড হারাবেন উরুগুয়ে স্ট্রাইকার। এবার কি শোধরাবেন সুয়ারেজ? এএনআই।
অনুসরণ!
হল্যান্ড শেষ পর্যন্ত ফাইনাল খেলতে পারেনি। তবে ট্যাকটিশিয়ান হিসেবে লুই ফন গালের স্তুতি চলছে ফুটবল-বিশ্বজুড়ে। ডাচ কোচে মুগ্ধ দলের সবচেয়ে বড় তারকা আরিয়েন রোবেনও। তাঁর দেখা সেরা কোচ ফন গাল, দুজনের সম্পর্কও দারুণ উষ্ণ। হল্যান্ডের মেয়াদ শেষে ফন গাল এখন দায়িত্ব নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের। রোবেনও কি সঙ্গী হতে পারেন প্রিয় কোচের? বায়ার্ন মিউনিখের ডাচ উইঙ্গার কিন্তু জানালেন, সম্ভাবনা একটা ছিল, ‘আজকের (পরশু) ম্যাচ শেষে ফন গাল আমাকে বলেছিলেন ম্যানচেস্টারে যেতে। কিন্তু আমি যাচ্ছি না। বায়ার্নে আমি ভালো আছি, সুখেই আছি।’ গোলডটকম।