
লিওনেল মেসিদের করতালিতে দর্শক অভিবাদনের জবাব। পরশু রাতে আসুনসিয়নে প্যারাগুয়েকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই নিয়ে টানা ১১ বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠল দুই বারের চ্যাম্পিয়নরা এএফপিশুধু ড্র হলেই চলত। কিন্তু আর্জেন্টিনা ৫-২ গোলে গুঁড়িয়ে দিল প্যারাগুয়েকে। আর এতেই নিশ্চিত হলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২০১৪ সালে প্রতিবেশী ব্রাজিলের বিশ্বকাপে থাকছে। পরশু (বাংলাদেশ সময় কাল সকালে) প্যারাগুয়ের বিশ্বকাপ খেলার ক্ষীণ আশাটুকুকেও মিলিয়ে দেওয়ার পথে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
এদিন বিশ্বকাপ নিশ্চিত হতে পারত কলম্বিয়ারও। কিন্তু উরুগুয়ের কাছে ০-২ গোলে হেরে ১৬ বছরের অপেক্ষাটা আরেকটু বাড়িয়েছে ফ্যালকাওয়ের দল। মন্টিভিডিওতে উরুগুয়ে জিতেছে এডিনসন কাভানি ও ক্রিস্টিয়ান স্তুয়ানির গোলে। টানা তৃতীয় জয়, এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলে সেরা চার দলের একটি হয়েই বিশ্বকাপে যাওয়ার সুযোগ গতবারের সেমিফাইনালিস্ট দলটির সামনে। যদিও মাত্র তিন ম্যাচ আগেও সংশয় ছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্লে-অফে সুযোগ পাওয়া নিয়েই।
বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন মেসির চোখে, ‘আমি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি। দেখে সমস্ত আর্জেন্টাইনই।’ তবে কাজটা যে সহজ হবে না সেটি জানা বার্সা তারকারও, ‘আমাদের কঠিন সব পরীক্ষায় পাস করতে হবে, হারাতে হবে বড় সব দলকে। এখনো পাড়ি দিতে হবে বহু পথ। বিশ্বকাপে খেলতে হবে সাতটি ম্যাচ, ঢেলে দিতে হবে শতভাগ। কোনো ভুল করা চলবে না, করলেই স্বপ্ন শেষ।’
তবে এর আগে কঠিন ও দীর্ঘ এক বাছাইপর্ব পেরোনোর স্বস্তিই প্রকাশ পেয়েছে জোড়া গোল করে হারনান ক্রেসপোকে ছাড়িয়ে যাওয়া মেসির কণ্ঠে। ৮৩ ম্যাচে ৩৭ গোল, আর্জেন্টাইনদের মধ্যে মেসির ওপরে এখন একজনই—৭৮ ম্যাচে ৫৬ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১০ গোল করে কনমেবল অঞ্চলে লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি। পরশু মেসি ছাড়াও গোল করেছেন সার্জিও আগুয়েরো, আঙ্গেল ডি মারিয়া ও ম্যাক্সি রদ্রিগেজ।
মন্টিভিডিওতে হারের পর কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যানের মুখে শুধুই প্রতিপক্ষ উরুগুয়ের স্তুতি, ‘উরুগুয়ে আবার উঠে গেছে সেই স্তরে, যেমনটা তারা ছিল দক্ষিণ আফ্রিকায় ও কোপা আমেরিকায় (২০১১)। তাদের গ্রেট সব খেলোয়াড় আছে, তবে তাদের মনোবল ও ধৈর্য সব সময় প্রতিপক্ষের পরীক্ষা নেয়।’
এদিনই লা পাজে গিয়ে বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট তালিকায় চতুর্থ দল ইকুয়েডর। ১৪ ম্যাচে উরুগুয়ের সমান ২২ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে আছে দলটি। আরেক ম্যাচে পেরুকে ৩-২ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। এএফপি, রয়টার্স।
চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্র ও কোস্টারিকা
কনক্যাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও কোস্টারিকা। এডি জনসন ও ল্যান্ডন ডনোভানের দ্বিতীয়ার্ধের গোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েই চূড়ান্ত পর্বে উঠেছে ইয়ুর্গেন ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র। আর এই হারে মেক্সিকোর বিপদ বেড়েছে আরও। এই অঞ্চল থেকে সরাসরি তিনটি ও প্লে-অফ খেলে একটি দল যেতে পারে বিশ্বকাপে। কিন্তু মেক্সিকো নেমে গেছে পাঁচে। শেষ দুই ম্যাচই এখন ভরসা এই অঞ্চল থেকে সবচেয়ে বেশিবার বিশ্বকাপে খেলা দলটির। এএফপি।
কে কোথায়
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
আর্জেন্টিনা ১৪ ৮ ৫ ১ ৩০/১১ ২৯
কলম্বিয়া ১৪ ৮ ২ ৪ ২২/৯ ২৬
চিলি ১৪ ৮ ০ ৬ ২৪/২১ ২৪
ইকুয়েডর ১৪ ৬ ৪ ৪ ১৮/১৪ ২২
উরুগুয়ে ১৪ ৬ ৪ ৪ ২২/২২ ২২
ভেনেজুয়েলা ১৫ ৫ ৪ ৬ ১৩/১৯ ১৯
পেরু ১৪ ৪ ২ ৮ ১৫/২২ ১৪
বলিভিয়া ১৫ ২ ৫ ৮ ১৬/২৯ ১১
প্যারাগুয়ে ১৪ ৩ ২ ৯ ১৫/২৮ ১১