ব্রাজিলে যত নতুন প্রযুক্তি
শৈল্পিক আঁচড়, পয়সা উশুল বিনোদন আর আবেগের ছোঁয়ায় ‘ফুটবল’ যেন স্পষ্টতই এগিয়ে অন্য সব খেলা থেকে। যান্ত্রিক জীবনের মাঝে ফুটবল নির্মল বিনোদনের খোরাক। সেই ফুটবলে যখন বিজ্ঞান ও প্রযুক্তির আবির্ভাবের কথা উঠেছে, তখন বিরোধিতা কিন্তু কম হয়নি। ফুটবলে প্রযুক্তির ব্যবহার বেড়ে গেলে খেলাটি কম্পিউটার গেমসে পরিণত হয় কি না, সেই আতঙ্কে মিশেল প্লাতিনির মতো ফুটবল সৌন্দর্যের পূজারিরা তো রীতিমতো আঁতকে উঠেছিলেন। তবে বিজ্ঞানের উৎকর্ষের যুগে প্রযুক্তির ব্যবহার আশীর্বাদ হয়ে এসেছে বেশির ভাগ ক্ষেত্রেই। প্রযুক্তির অভাবে বঞ্চনার গল্প তো আর কম নেই ফুটবল ইতিহাসে!
১৯৬৬-এর ফাইনালের অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের জিওফ হার্স্টের গোল আজও হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় জার্মানদের। ম্যাচের ১০১ মিনিটে হার্স্টের জোরালো শট আদৌ গোললাইন পেরিয়েছিল কি না, তা নিয়ে এখনো বিতর্ক চলে৷ গত বিশ্বকাপে দুর্ভাগ্যের চিত্রায়ণ হয়েছে আরও একবার। ভাগ্যের ফেরে এখানেও ইংল্যান্ড বনাম জার্মানিই! তবে এবার শিকার ইংল্যান্ড। ৩৮ মিনিটে ল্যাম্পার্ডের শট ক্রসবারে লেগে গোললাইন পেরুলেও রেফারি তাতে সায় দেননি৷ ২০১৪ বিশ্বকাপে এ রকম আক্ষেপের দৃশ্য দেখার সম্ভাবনা নেই বললেই চলে। নতুন নতুন সব প্রযুক্তি নিয়েই যে হাজির ব্রাজিল বিশ্বকাপ!
প্রথমবারের মতো গোললাইনে প্রযুক্তির ব্যবহার হবে এবারের বিশ্বকাপে। এর মাধ্যমে বল গোললাইন অতিক্রম করেছে কি না তা হক-আই পদ্ধতিতে ৭টি ক্যামেরা ব্যবহার করে জেনে যাবেন রেফারি। শুধু গোললাইন প্রযুক্তিই নয়, ২০১৪ বিশ্বকাপে থাকছে আরও বেশ কিছু চমক
‘হোয়াটসঅ্যাপ’
ক্লাব ফুটবলের ব্যাপ্তি দিন দিনই বাড়ছে। খেলোয়াড়েরা ছড়িয়ে-ছিটিয়ে থাকেন বিশ্বজুড়ে। আন্তর্জাতিক ম্যাচ কিংবা বড় কোনো প্রতিযোগিতা সামনে এলেই একই ছাতার নিচে আসার সুযোগ পান তাঁরা। ব্যস্ত ক্লাব মৌসুমে সতীর্থদের সঙ্গে যোগাযোগের সুযোগ তাই পান না বললেই চলে৷ উরুগুয়ের খেলোয়াড়েরা অবশ্য নিজেদের মধ্যে যোগাযোগটা ধরে রাখার একটা উপায় বের করেছেন৷ ফোরফোরটু ম্যাগাজিনকে সেটা জানিয়েছেন স্ট্রাইকার কাভানি। স্মার্টফোন আছে না! মুঠোফোনের ‘হোয়াটসঅ্যাপ’ অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিয়মিতই যোগাযোগ রাখতেন উরুগুয়ের ফুটবলাররা।
‘আইপ্যাড’
আইপ্যাড এখন সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। ভাবছেন এবারের বিশ্বকাপে আবার নতুন কোনো আইপ্যাডের ঘোষণা এলো কি না! ‘নতুন’ আইপ্যাড তো এসেছেই, তবে তা শুধু ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য। রুনি, জেরার্ডদের কাছে যে আইপ্যাড আছে, তাতে রয়েছে তাদের গ্রুপপর্বের প্রতিপক্ষদের সম্পর্কে সব তথ্য ও ভিডিও ফুটেজ! শুধু তা-ই নয়, ব্রাজিলের আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য তাঁরা ব্যবহার করছেন হিট চেম্বার। পরিধান করছেন অতিরিক্ত কাপড়ও! বোঝাই যাচ্ছে, সব প্রস্তুতি সেরেই মাঠে নামবেন রুনিরা। এএফপি।
‘আলট্রা এইচডি টিভি’
এবারের বিশ্বকাপেই প্রথম পরীক্ষামূলকভাবে আসছে আলট্রা হাইডেফিনেশন টেলিভিশন। এই টেলিভিশন চালাতে একটি আলাদা স্যাটেলাইট নেটওয়ার্ক লাগবে। বাজারের হাইডেফিনেশন টেলিভিশনগুলো থেকে এর রেজ্যুলেশন প্রায় চার গুণ বেশি। বিশ্বকাপের বেশ কিছু মুহূর্ত ধারণ করা হবে এই টেলিভিশনে।
‘ভ্যানিশিং ফোম’
ফুটবলে ফ্রি-কিক নিয়ে কিন্তু কম জটিলতা হয় না। দেখা যায়, যেখান থেকে ফ্রি-কিক নেওয়ার কথা, ওই অবস্থান থেকে সামনে এগিয়ে এসে ফ্রি-কিক নিচ্ছেন খেলোয়াড়েরা। ডি-বক্সের সামনে ফ্রি-কিকের সময় যে নির্দিষ্ট দূরত্বে (১০ গজ) থাকার কথা রক্ষণভাগের খেলোয়াড়দের, তাতে গরমিল হয় প্রায়ই। এসব এড়াতে এবার আসছে ‘ভ্যানিশিং ফোম’। রেফারি নির্দিষ্ট জায়গাটুকু সহজেই চিহ্নিত করতে পারবেন এই ফোমের সাহায্যে। ভ্যানিশিং ফোম স্প্রে করার অল্প কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে।
‘টুইটারওয়াল’
সমর্থকদের সমর্থনেই তো ভালো কিছু করার প্রেরণা পান ফুটবলাররা। সে কথা ভেবেই কিনা জার্মান ফুটবল ফেডারেশন বেছে নিয়েছে অভিনব এক পন্থা। তারা মুলারদের হোটেলে লাগিয়ে দিয়েছে এক বিশেষ ‘টুইটারওয়াল’। টুইটারে সমর্থকদের পাঠানো অনুপ্রেরণাদায়ী সব ছবিসংবলিত টুইট দেখা যাবে সেই বিশেষ দেয়ালে৷ #onyourside—এই হ্যাশট্যাগ ব্যবহার করে সমর্থকেরা পাঠাতে পারবেন তাঁদের বিশেষ বার্তা।