ব্রাজিলে যাচ্ছেন না গার্দিওলা
বার্সেলোনা ছাড়ার পর পেপ গার্দিওলার পরবর্তী গন্তব্য কোথায়, সেটা নিয়ে আলাপ-আলোচনা, গুজব আর রটনার শেষ নেই। এই মুহূর্তে ফুটবল বিশ্বের অনুদ্ঘাটিত এক সমীকরণের নাম এই গার্দিওলা। কিছুদিন আগে রাশিয়া জাতীয় দলে ডিক অ্যাকভোকাটের উত্তরসূরি হিসেবে তাঁর নাম এসেছিল। তবে ইংল্যান্ডের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলো সেই দায়িত্ব নিয়ে নেওয়ার পর ওটা বায়বীয় খবর হিসেবেই প্রতীয়মান হয়েছে। নতুন করে পেপ গার্দিওলার নামের সঙ্গে জড়ানো হয়েছে নতুন রটনা, তিনি নাকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে গার্দিওলার এজেন্ট জোসেফ মারিয়া অরোবিটজ এই খবরকে ডাহা গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।খেলোয়াড়ি জীবনটা অতটা সমৃদ্ধ না হলেও কোচ হিসেবে যেন জাদুকরের মর্যাদাই পাচ্ছেন পেপ গার্দিওলা। মাত্র চার বছরের মাথায় বার্সেলোনাকে তিনি বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত করেছেন। বার্সাকে এনে দিয়েছেন সম্ভব সব ধরনের শিরোপা। অলিম্পিক ফুটবলে হাতের নাগালে থাকা সোনা শেষ বেলায় হারিয়ে ফেলা ব্রাজিলের সাফল্যের জন্য গার্দিওলার শরণাপন্ন হওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। তা ছাড়া কোচ মানো মেনেজেসের ওপরও ক্ষিপ্ত ব্রাজিলীয় ফুটবলের প্রভাবশালী কিছু মহল। অস্কার-নেইমারদের কোচ হিসেবে গার্দিওলা যে দারুণ উপযোগী, এ কথা বলছেন ব্রাজিলের ফুটবলসংশ্লিষ্ট অনেকেই।তবে গার্দিওলার এজেন্ট মারিয়া অরোবিটজ বলেছেন, ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে গার্দিওলার সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি, কোচ হওয়ার আলোচনা তো অনেক পরের ব্যাপার।আপাতত স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন গার্দিওলা। সেখানে ছেলেমেয়েদের স্কুলে ভর্তির ব্যবস্থাও নাকি করেছেন। আপাতত নাকি মার্কিন মুলুকেই দীর্ঘ সময় ধরে থাকার পরিকল্পনা এই গুণী কোচের।গার্দিওলার ভবিষ্যত্ এখনো অনিশ্চয়তার মধ্যেই আছে বলে জানিয়েছেন তাঁর এজেন্ট। তবে অরোবিটজ নিজের অভিজ্ঞতা থেকে গার্দিওলার কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাকে ক্ষীণ হিসেবেই দেখতে চান। অরোবিটজ বলেন, ‘আমার মনে হয় না, পেপ কোনো জাতীয় দলের দায়িত্ব নেবেন। তিনি তাঁর ভবিষ্যত্ কর্মক্ষেত্র হিসেবে ইউরোপের কোনো ক্লাবকেই বেছে নেবেন বলে আমার ধারণা। কারণ, তিনি ইউরোপীয় ক্লাব সংস্কৃতিকে খুবই পছন্দ করেন।’ ইএসপিএন।