ব্রাজিলে যাচ্ছেন? সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 একসঙ্গে থাকবেন
 অপরিচিত কারও দেওয়া কোনো পানীয় পান করবেন না
 ফাভেলায় (বস্তি) ঘোরাঘুরি করবেন না
 মশা নিরোধক সঙ্গে রাখবেন
পর্যটকেরা হয়তো এত উপদেশবাণী পেয়ে ভিরমি খেতে পারেন। ব্রাজিলে বিশ্বকাপ, কোথায় নিশ্চিন্তে-নির্ভাবনায় এ মহাযজ্ঞে যোগ দেবেন, উল্টো এখন তটস্থ থাকতে হবে সাম্বার দেশে গিয়ে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি ও আর্জেন্টিনার বিশ্বকাপযাত্রীদের যে এসব পরামর্শ পই পই করে মেনে চলতে বলেছে দেশগুলো!
উপদেশটা বিশেষ করে রিও ডি জেনিরো ও সাও পাওলোর জন্য। রিওতে হবে ফাইনালসহ বিশ্বকাপের সাতটি ম্যাচ। চুরি-ডাকাতি, ছিনতাই সেখানে নৈমিত্তিক ঘটনা। বলতে পারেন, বিশ্বের কোন বড় শহরে এটা হয় না? রিওতে একটু বেশিই হয়। ইদানীং নৈরাজ্য আরও বেড়েছে। গত বছরের চেয়ে ব্রাজিলজুড়ে এ বছরে (মার্চ পর্যন্ত) খুনের হার বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ, এক রিওতেই ১০ শতাংশ।
রিওর বিখ্যাত ‘ফাভেলা’ বা ঘিঞ্জি এলাকায় অপরাধপ্রবণতা মহামারির মতো ছড়িয়ে পড়েছে। বিখ্যাত ব্রাজিলিয়ান চলচ্চিত্র সিটি অব গড যাঁরা দেখেছেন, তাঁরা বুঝতে পারবেন কী বিপজ্জনক এ ফাভেলা। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের স্বর্গরাজ্য এ বস্তি এলাকায় হেন অপরাধ নেই, যা হয় না। গোলাগুলি, লুটতরাজ সেখানে একেবারে চোখসওয়া ব্যাপার। ইংল্যান্ড দল যে হোটেলে থাকবে, তার পাশের রোচিনা বস্তিতেই গত শুক্রবার ঘটে গেল ভয়ংকর গুলিবিনিময়ের ঘটনা। ‘ব্রাজিলে গিয়ে ফাভেলায় ঘুরব না, সেটাও কি হয়?’—এমন ইচ্ছা থাকলে সেটা এখনই ঝেড়ে ফেলতে পারেন।
ফাভেলায় নাহয় না-ই গেলেন। তা হলেও যে রক্ষা পাবেন, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইপানেমার মতো পর্যটকসংকুল এলাকাতেও নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত মাসে টিভিতে এসব নিয়েই সাক্ষাৎকার দিচ্ছিলেন এক নারী। অবিশ্বাস্য ঠেকতে পারে, সেই সাক্ষাৎকার নেওয়ার সময় মহিলার গলার হার টান দিয়ে নিয়ে যায় এক দুর্বৃত্ত! দিন কয়েক আগে রিওর দৈনিক ও ডিয়া লিখেছে, ‘রিও এখন এমন একটা জঙ্গল, যেখানে যেকোনো সময় পর্যটকেরা ছিনতাই, অপহরণ বা ধর্ষণের শিকার হতে পারেন।’ গত বছর রিওতে ছিনতাই হয়েছে সরকারি হিসাবেই প্রায় ৩১ হাজার, প্রায় সাড়ে ১২ হাজার গাড়ি চুরির ঘটনাও ঘটেছে।
দেশটির স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, রিওতে বিশ্বকাপের সময় দুই হাজার অতিরিক্ত সামরিক পুলিশ থাকবে। সঙ্গে সাধারণ পুলিশ তো আছেই। কিন্তু পর্যটকদের যথাযথ নিরাপত্তা বিধান তাতেও হবে কি না, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এএফপি।