ব্রাজিলে শঙ্কা, কাফুর আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনও হতে পারে, সাও পাওলোর উদ্বোধনী ম্যাচ দেখার জন্য বের হলেন। কিন্তু পাতালরেলের প্ল্যাটফর্মে ঢুকে দেখলেন, খাঁ খাঁ করছে চারদিক! ট্রেনের চিহ্ন পর্যন্ত নেই। বিস্তর দুর্ভোগের পর অবশেষে যেতে পারলেন স্টেডিয়ামে। কে জানে, হয়তো পারলেনই না!
বিশ্বকাপের বাঁশির শব্দই এখন শোনা যাচ্ছে । অথচ উদ্বোধনী ম্যাচের ভেন্যু শহর সাও পাওলোতে চলছে পাতালরেল ধর্মঘট। সরকার সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু শ্রমিক সংগঠনগুলো সাফ জানিয়ে দিয়েছে, সব দাবি-দাওয়া না মানলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কর্মবিরতি পালন করেছে রিও ডি জেনিরোতে।
ওদিকে উদ্বোধনী ম্যাচের ভেন্যুটাই ভীষণ অনিশ্চিত অবস্থায় পড়ে রয়েছে । অ্যারেনা করিন্থিয়ানসে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপের। অথচ ৬০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম এখনো পুরোপুরি তৈরি হয়নি। এখনো স্টেডিয়ামের পুরো ধারণক্ষমতা পরীক্ষা করা হয়নি একবারও। দুটি অস্থায়ী গ্যালারির কাজ এখনো শেষ হয়নি, সেখানে প্রায় ২০ হাজার দর্শক বসতে পারবে ।
এত সব অনিয়ম-অব্যবস্থাপনার সঙ্গে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ তো চলছেই। ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী দলের সদস্য কাফু স্বীকার করলেন পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল, ‘রাজনৈতিক অবস্থা কিছুটা উত্তপ্ত, সব কথা যদি ফুটবল নিয়ে হতো খুবই ভালো হতো। কিন্তু এখনকার পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না।’
কাফু অবশ্য ধর্মঘটকে অত বড় করে দেখছেন না, ‘পৃথিবীতে কত জায়গাতেই তো ধর্মঘট চলে । বিশ্বকাপের সঙ্গে এটার আসলে সম্পর্ক নেই।’ তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলা একমাত্র খেলোয়াড় আশা করছেন, ফুটবলই ভুলিয়ে দেবে সব বিভেদ, ‘আমরা দেশ হিসেবে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সে জন্যই বিশ্বকাপের আগে আমরা উচ্ছ্বাসে ভেসে যেতে পারছি না। তবে যখনই এটা শুরু হবে, আপনি অন্য রকম একটা ব্রাজিল দেখতে পাবেন।’
এর আগেও অনেকবারই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়েছে ব্রাজিলকে। ১৯৭০-এ ব্রাজিল যখন তাদের তৃতীয় বিশ্বকাপ জেতে, এখনকার প্রেসিডেন্ট দিলমা রুসেফ ছিলেন রাজনৈতিক বন্দী৷ সেই সময়ের কথা স্মরণ করে ব্রাজিল প্রেসিডেন্ট বলছেন, ‘আমরা বিশ্বকাপকে তো আগে কখনোই রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলিনি।’
কিন্তু আসলেই কি বিশ্বকাপের জন্য ব্রাজিলে এত অস্থিরতা? রিওর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কার্লোস আলবার্তো তোরেসের কথাটা শুনে নিতে পারেন, ‘এমন নয়, বিশ্বকাপই সব নষ্টের মূল। ডন পেদ্রো (ব্রাজিলের আবিষ্কারক) আসার পর থেকেই এখানে এমন হচ্ছে। কেউ না কেউ দেশকে সব সময় লুটে নিচ্ছে।’
শর্ষেতেই যদি থাকে ভূত, সেটাকে ছাড়ানো মুশকিল! এএফপি।