ব্রাজিলে শিরোপা জয়ের আশায় স্পেন
২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো—বিশ্ব ফুটবলের সর্বশেষ তিনটি বড় টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন স্পেন। তার পরও একটা অপূর্ণতা হয়তো রয়ে গেছে জাভি-ইনিয়েস্তা-ভিয়াদের মনে! কনফেডারেশনস কাপটা যে জেতা হয়নি কখনোই। অবশ্য বিশ্বকাপের মহড়া এই টুর্নামেন্টে স্পেন অংশই নিয়েছে একবার, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে তারা হয়েছিল তৃতীয়। শিরোপাকে পাখির চোখ করেই আরেকটি কনফেডারেশনস কাপে খেলতে যাচ্ছে স্পেন। হুয়ান মাতা যেমন বলছেন, ব্রাজিলে শিরোপা জেতাটা হবে দারুণ!২০১৪ বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। তার আগে সেই ব্রাজিলেই বিশ্বকাপের এই মহড়ায় অংশ নেওয়াটা হবে বিশ্বকাপ প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে যাওয়া। মাঠ, পরিবেশ, আবহাওয়া সম্পর্কে মিলবে আগাম ধারণা। শিরোপা জিতলে তো সোনায় সোহাগা। সেদিকে ইঙ্গিত করেই চেলসির ২৫ বছর বয়সী মিডফিল্ডার ফিফা ডট কমকে বলেছেন, ‘হ্যাঁ, এটা আমার জন্য বিশেষ চ্যালেঞ্জ। কারণ এই প্রথম ব্রাজিলে খেলতে যাচ্ছি এবং এটাই হবে দক্ষিণ আমেরিকায় আমার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা—যা এই দলটারও প্রথম। বিশ্বকাপের স্বাগতিক দেশ সম্পর্কে আরও বেশি জানাটাও হবে দারুণ। স্টেডিয়ামগুলো কেমন সেটা দেখতে পারব, আবহাওয়া সম্পর্কে জানতে পারব—আমি নিশ্চিত আগামী বছরের প্রতিযোগিতার প্রস্তুতির শুরুর জন্য এটা হবে দারুণ।’মাতাকে টানছে মারাকানা স্টেডিয়ামও, ‘আপনি যখনই ব্রাজিলে খেলতে যাবেন, মারাকানা সব সময়ই আপনার মনে উঁকি দেবে। আমরা যদি ফাইনালে উঠতে পারি এবং শিরোপা জিততে পারি, সেটা হবে দারুণ।’ কনফেডারেশনস কাপের ফাইনালটি হবে মারাকানাতেই। মাতার মতো সৌভাগ্য নয় জাবি আলোনসোর। চোটের কারণে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার নেই কোচ ভিসেন্তে দেল বস্কের দলে। টুর্নামেন্টটি শুরু হচ্ছে ১৫ জুন থেকে। স্পেনের প্রথম ম্যাচ ১৬ জুন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তাহিতি ও নাইজেরিয়া। তার আগে হাইতি ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। ৮ ও ১১ জুন ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রে। সেখান থেকে স্পেন দল উড়ে যাবে ব্রাজিলে। এএফপি ও ফিফা ডট কম।