ব্রাজিলে হতাশ রোমারিও
২০১৪ সাল এখনো অনেক দূরের ব্যাপার। তবে এই মুহূর্তে যদি বিশ্বকাপটা হতো, প্রথম রাউন্ডেই ছিটকে যেত ব্রাজিল। নিজের সাবেক দল সম্পর্কে এমনই মন্তব্য করেছেন ১৯৯৪ বিশ্বকাপের নায়ক রোমারিও। পরশু রিও ডি জেনিরোর দৈনিক ও দিয়াকে রোমারিও বলেছেন, ‘বিশ্বকাপ যদি এখন হয়, আমরা প্রথম রাউন্ডেই বাদ পড়ে যাব।’সব কটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে মাত্র তিনবার। সর্বশেষ এই লজ্জাটা তারা পেয়েছে সেই ১৯৬৬ সালে। পরবর্তী বিশ্বকাপ নিজের দেশেই। তার পরও ব্রাজিলকে ফেবারিট মানতে পারছেন না রোমারিও। এখন সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা এই সাবেক ফুটবলারকে আস্থা দিতে পারছে না বর্তমান দলটি। কোচ মানো মেনেজেসের ওপরই তাঁর আস্থা নেই। গত বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়া মেনেজেস ২১ ম্যাচের ১৪টিতেই জিতিয়েছেন। যদিও গত বছর কোপা আমেরিকায় ব্যর্থ হয়েছে ব্রাজিল।রোমারিও অবশ্য মানছেন ‘দল’ হিসেবে গড়ে ওঠার জন্য দরকার সময়, ‘মানো যে খেলোয়াড়দের দলে নিচ্ছেন, কোচ হলে আমিও তাদেরই নিতাম। কিন্তু তাতে কোনো কাজ হতো না। বড় সমস্যা হলো সময়ের অভাব। জাতীয় দলকে গড়ে তুলতে হলে আপনাকে অনেক অনুশীলন করতে হবে।’এ বছর অলিম্পিক ফুটবলে অনেক জোর দিচ্ছে ব্রাজিল। মেনেজেসকেই কোচ হিসেবে পাঠানো হবে মূলত অনূর্ধ্ব-২৩ দলের এই টুর্নামেন্টে। ধারণা করা হচ্ছে, অলিম্পিক ফুটবলে সোনা না জেতাতে পারলে চাকরি হারাবেন মেনেজেস। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত অলিম্পিক সোনা জেতেনি। সেই শূন্যতা পূরণে ব্রাজিল এবার মরিয়া। রোমারিও যদিও মনে করেন, এটাও একটা ভুল সিদ্ধান্ত। মেনেজেসের বদলে যুবদলের কোচ নেই ফ্রাঙ্কোকেই লন্ডন অলিম্পিকে পাঠানোর পক্ষে তিনি।তবে শেষ পর্যন্ত মেনেজেস চাকরি হারালে তাঁর জায়গায় রোমারিও দেখতে চান জোয়েল সান্তানাকে। ব্রাজিলের ৬৩ বছর বয়সী অভিজ্ঞ এই কোচকে ব্রাজিলের দায়িত্ব কখনো দেওয়া হয়নি। বর্তমানে ফ্লামেঙ্গোর কোচ হিসেবে দায়িত্ব পালন করা সান্তানাকেই সেরা বলছেন রোমারিও, ‘যে কোচদের অধীনে খেলেছি, এঁদের মধ্যে তিনিই সেরা।’ ওয়েবসাইট।ওই সাক্ষাৎকারে আরও একবার মেসির চেয়ে নিজেকেই বড় খেলোয়াড় হিসেবে দাবি করেছেন সাবেক ব্রাজিল স্ট্রাইকার, ‘মেসি অবশ্যই ভালো খেলোয়াড়। তবে সেরা তিনের মধ্যে আমিই আছি—আমি, পেলে আর ম্যারাডোনা। এই তালিকায় আমি জিদানকেও রাখতে চাই।’ দল হিসেবে ব্রাজিলের প্রস্তুতিতে যেমন সন্তুষ্ট নন, তেমনি আয়োজক হিসেবেও দেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন রোমারিও। আগামী বিশ্বকাপে যে সাধারণ দর্শকেরা আসবে অতিথি হয়ে, তাদের কথা ব্রাজিল ভাবছে না বলেই মনে করেন তিনি, ‘ধনী সমর্থকদের সমস্যা হবে না। তারা ব্যক্তিগত বিমানে আসবে, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবে। বড় বড় হোটেলে থাকবে। কিন্তু গরিব সমর্থকেরা জায়গা পাবে না।’