ব্রাজিলে হাহাকার!
গতকালই হল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নিজেদের ‘জোগো বনিত্তো’র ধারক-বাহক হিসেবে পরিচিত ব্রাজিল। দক্ষিণ আফ্রিকা থেকে আজ সন্ধ্যায়ই দলটির রিও ডি জেনিরোতে পৌঁছানোর কথা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যখন খালি হাতে দেশের মাটিতে নামবে, তখন সেখানকার পরিস্থিতি কী হতে পারে, তা সহজেই অনুমেয়।আজ সকালটা ব্রাজিলবাসীদের কাছে এসেছে শোকের নিস্তব্ধতা নিয়ে। সবাই প্রতিদিনের মতো দৈনন্দিন জীবনের কাজকর্ম শুরু করলেও কোথায় যেন এক বিষাদের সুর। অনেকেই বলছেন, ব্রাজিল যে ফুটবল খেলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তা কোনোমতেই মেনে নেওয়া যায় না। ভালো খেলে বিদায় নিলেও একটা কথা ছিল। যে দলটির কাছে ফুটবল-বিশ্ব সব সময় ভালো কিছুর প্রত্যাশা করে, তাদের এমন জৌলুশহীন খেলা সমর্থকদের মনে পীড়া ছাড়া আর কিছুই সৃষ্টি করতে পারেনি। এর জন্য সবাই দুষছেন কোচ দুঙ্গাকে। ব্রাজিলীয়রা বলছে, গত চার বছরে ব্রাজিলীয় ফুটবলকে একেবারেই শেষ করে দিয়েছেন দুঙ্গা।বিশ্বকাপে হল্যান্ডের কাছে পরাজয়ের পর সাবেক ব্রাজিলীয় স্ট্রাইকার রোনালদো, যিনি ২০০২ বিশ্বকাপে অসাধারণ গোল স্কোরিং সামর্থ্যের পরিচয় দিয়ে ৮ গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট, তিনি তাঁর টুইটার পেজে গতকালের ম্যাচ নিয়ে কয়েকটি মন্তব্য করেছেন। তিনি হল্যান্ডের বিপক্ষে ম্যাচের আত্মঘাতী গোলের খলনায়ক ফিলিপ মেলোকে পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে দলের সঙ্গে ব্রাজিলে না ফিরতে। তিনি আরও বলেছেন, এরই মধ্যে মেলোকে জাতীয় শত্রুতে পরিণত করেছে ব্রাজিলীয়রা। তিনি সব মিলিয়ে অবশ্য বিশ্বকাপে ব্রাজিল দলের খেলার প্রশংসাই করেছেন। রোনালদো বলেছেন, ছেলেরা ভালোই খেলেছে। তবে দুর্ভাগ্য, তারা ফল পায়নি।এবারের বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই দুঙ্গার দল নির্বাচন নিয়ে দ্বিমত ছিল অনেকেরই। রোনালদিনহোর মতো ‘বল প্লেয়ার’কে দুঙ্গা যেদিন প্রথম দল থেকে বাদ দিয়েছিলেন, সেদিনই ফুঁসে উঠেছিল ব্রাজিলের অনেক ফুটবল বোদ্ধাই। রোনালদোর বদলে ক্লেবারসনের অন্তর্ভুক্তি এবং দলের একমাত্র ‘সৃষ্টিশীল’ মধ্যমাঠের সেনানী হিসেবে কাকার প্রতি অতিরিক্ত অনুরাগ অনেক আগেই দুঙ্গাকে সমালোচনার পাত্রে পরিণত করেছিল। কাকাকে নিয়ে সবার মূল বক্তব্য ছিল, রিয়াল মাদ্রিদের হয়ে এবারের মৌসুমটা যেখানে পুরোটাই কাকার ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে কেটেছে, সেখানে বিশ্বকাপ দলে কাকার প্রতি অতিরিক্ত নির্ভরতা দলকে ডুবাবে। শেষ পর্যন্ত অবশ্য ‘নিন্দুকদের’ কথাই সত্য হলো। কাকার ব্যর্থতা যেন হয়ে উঠেছে পুরো ব্রাজিল দলের ব্যর্থতারই প্রতিচ্ছবি।দুঙ্গার সমালোচনা করে ১৯৭০ সালের জুলেরিমে বিশ্বকাপজয়ী সেই স্বপ্নের ব্রাজিল দলের সদস্য কার্লোস আলবার্তো তোরেস বলেছেন, ২০০৭ সালের কোপা আমেরিকা ও গত বছরের কনফেডারেশন কাপে বিজয়ী ব্রাজিল স্কোয়াডটির প্রতি অতিরিক্ত অনুরাগই বিশ্বকাপে দুঙ্গাকে ডুবিয়েছে।তোরেস বলেছেন, অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর দুঙ্গা কোথায় যেন একটা ক্ষোভ কাজ করে। এ ধরনের মানসিকতা ব্রাজিলের জন্য বুমেরাং হয়েছে।কোনো একটা ব্যর্থতার পর তার কাটাছেঁড়া হবেই। ব্রাজিলেও তাই হচ্ছে। তবে সমর্থকেরা কিছুতেই মেনে নিতে পারছেন না ব্রাজিলের ব্রাজিল না হয়ে ওঠার দুঃখটা। অনেকের মতে, শেকড় থেকে সরে গিয়েই সর্বনাশ হয়েছে ব্রাজিলের। শেকড় কখনো ত্যাগ করতে হয় না।