ব্রাজিলে ‘অবাঞ্ছিত’ ভালকে
সমালোচনা করতে গিয়ে ফিফা মহাসচিব জেরোম ভালকে ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন বলে মনে করছে ব্রাজিল। ভালকের ওপর তাই ভীষণ চটেছে ফুটবলের দেশটি। ফিফা মহাসচিবকে বর্জন করার ঘোষণা দিয়েছে ২০১৪ বিশ্বকাপ আয়োজক ব্রাজিলের প্রশাসন। পরশু ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলোর মুখ থেকেই এসেছে এ ঘোষণা, ‘ফিফার মহাসচিবকে সংস্থার মুখপাত্র হিসেবে আর গ্রহণ করবে না (ব্রাজিলের) সরকার।’এর আগের দিন ভালকে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, বিশ্বকাপ প্রস্তুতিকে এগিয়ে নিতে ‘পশ্চাদ্দেশে লাথি মারা প্রয়োজন’ হয়ে পড়েছে আয়োজকদের। রাগে অগ্নিশর্মা রেবেলো ভালকের এই মন্তব্যকে ধৃষ্টতাপূর্ণ, অসংলগ্ন এবং অশোভন হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ব্রাজিলের সঙ্গে ফিফার সহযোগিতাকে তাঁরা কোন চোখে দেখছেন এটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে।ভালকের ব্যাপারটি নিয়ে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গেও কথা বলার ইচ্ছা রেবেলোর। ক্রীড়ামন্ত্রী বলছেন, ফিফা সভাপতিকে তিনি বোঝাবেন, ভালকের সঙ্গে ব্রাজিলিয়ানদেরই কোনো কথা বলার ইচ্ছা নেই।ভালকের সমালোচনার সূত্র ধরে মুখ খুলেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রিকার্ডো টিসেরা। তবে ভালকের পাল্টা সমালোচনা না করে তিনি অঙ্গীকার করেছেন, সময়মতোই বিশ্বকাপ হবে ব্রাজিলে এবং আয়োজনটা হবে অবিস্মরণীয়। স্টেডিয়াম, হোটেল নির্মাণ ও সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নকাজে আশানুরূপ অগ্রগতি না থাকলেও টিসেরার প্রতিশ্রুতি, ‘বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ফিফার উদ্বেগটা স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। কিন্তু তারা নির্ভার থাকতে পারে। কারণ একটি নিখুঁত এবং অবিস্মরণীয় বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য ব্রাজিল এবং দেশটির জনগণের আছে।’ব্রাজিলে পরিত্যাজ্য ঘোষিত হলেও এই মাসেরই ১২ তারিখে পূর্বনির্ধারিত সফরে ব্রাজিলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভালকে। আর ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন, ‘পরিণতি যদি এই হয়, তারা আমার সঙ্গে আর কথা বলবে না, আমার সঙ্গে আর কাজ করার ইচ্ছা তাদের নেই, তাহলে আমি এটিকে বলব শিশুসুলভ আচরণ।’ এএফপি, রয়টার্স।