ব্রাজিলে 'বিশ্বভ্রমণ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম, পুরো বিশ্বেরই পঞ্চম। দেশ না বলে ব্রাজিলকে বরং ‘মহাদেশই’ বলা যায়! ৬৪ বছর পর সামনের বছর ব্রাজিলে আবারও বসছে বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আয়োজন এখন জোরেশোরেই চলছে। কিন্তু ব্রাজিলে যাওয়ার টিকিট কেটে যাঁরা বিমান ধরার অপেক্ষায় আছেন, তাঁদের জন্য ছোট্ট একটা দুঃসংবাদ আছে। দেশটির দুর্বল অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার কারণে বিশ্বকাপ দেখার মজা অনেকটাই মাটি হয়ে যেতে পারে!
ছোট ছোট সব বিমানবন্দর, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের অপ্রতুলতা—এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে নাভিশ্বাস উঠে যাওয়ার কথা। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ উপলক্ষে কয়েক লাখ দর্শকের সমাগম হবে দেশটিতে। সঙ্গে ব্রাজিলিয়ান ৩০ লাখ দর্শক তো আছেই।
অবস্থাটা কেমন হতে পারে, কনফেডারেশনস কাপের উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। সে সময় মোট দর্শকের তিন শতাংশেরও কম ছিল বিদেশি। তার পরও বিমানে আসন পেতে রীতিমতো লড়াই হয়েছে দর্শকদের মধ্যে। বিশ্বকাপের সময় কী হবে, সেটা বুঝতেই পারছেন!
কিন্তু এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে বিমানেই কেন যেতে হবে? বাসে বা রেলেও তো যাওয়া যায়। দুটি কারণে সেটি একরকম অসম্ভব। এক. এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্ব। দুই. সড়ক ও রেলপথের বেহাল অবস্থা। শুধু ব্রাজিলের গ্রুপ পর্বের খেলাগুলো দেখতে হলেই রীতিমতো ‘বিশ্বভ্রমণ’ হয়ে যাবে। ব্রাজিলের উদ্বোধনী ম্যাচ সাও পাওলোতে, সেখান থেকে পরের ম্যাচের ভেন্যু ফোর্তালেজার দূরত্ব প্রায় ২৩৭০ কিলোমিটার। এর পরের ম্যাচের জন্য ব্রাসিলিয়ায় যেতে আবার পাড়ি দিতে হবে ১৭০০ কিলোমিটার। সড়কপথে এমনকি ২৪ ঘণ্টারও বেশি সময় লেগে যেতে পারে! সবচেয়ে বড় কথা, এত লম্বা সফরের জন্য পর্যাপ্ত বাস, প্রশস্ত সড়ক এমনকি ভালো রেল যোগাযোগও নেই। স্পেনের চেয়ে ১৭ গুণ বড় একটা দেশে বিশ্বকাপের সময় আকাশপথই তাই বলতে গেলে একমাত্র ভরসা।
কিন্তু সেটার অবস্থাও সুবিধার নয়। বিদেশি কারও জন্য ব্রাজিলের অভ্যন্তরীণ বিমানের টিকিট করাও বিশাল একটা হ্যাপা। অনলাইনে টিকিট কাটতে অনেক কাগজপত্র লাগে। আর বিশ্বকাপের সময় তো বিমানের টিকিটের দাম হু হু করেই বাড়বে। ধারণা করা হচ্ছে, সেটা ১০০০ শতাংশও হতে পারে।
তবে ব্রাজিলিয়ান এয়ারলাইনস অ্যাসোসিয়েশনের (এবিইএআর) একজন মুখপাত্র জানিয়েছেন, ৬ ডিসেম্বরের ড্রয়ের পর বিমানভাড়ার ব্যাপারটা আরেকবার খতিয়ে দেখা হবে। আন্তর্জাতিক কোনো এয়ারলাইনসকে অভ্যন্তরীণ ফ্লাইটের দায়িত্ব দিয়ে দেওয়ার কথাও উঠেছিল। কিন্তু তাতে আরও খরচ বেড়ে যাবে বলে সেটা বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। চারটি ভেন্যুর পাঁচটি বিমানবন্দর অবশ্য ব্যক্তিমালিকানায় দিয়ে দেওয়া হয়েছে। রিও ডি জেনিরো ও বেলো হরিজন্তের বিমানবন্দরের ব্যাপারে চুক্তিটা হওয়ার কথা মার্চে, টুর্নামেন্ট শুরুর মাত্র চার মাস আগে!
সব মিলিয়ে ব্রাজিল বিশ্বকাপ না দর্শকদের জন্য বড় এক যন্ত্রণার নামই হয়ে যায়! এএফপি।