ব্রাজিলে 'বিশ্বাসঘাতক' পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হয়ে মাস খানেক সারা পৃথিবীর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকা। অন্যদিকে নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ন। দুইয়ের মধ্যে শেষটাকেই বেছে নিয়েছেন ব্রাজিলের সাধারণ মানুষের একটা অংশ। ‘বিপুল ব্যয়ে বিশ্বকাপ নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন চাই’—এই দাবি নিয়ে ফুটবল বিশ্বকাপবিরোধী আন্দোলনে পথে নেমেছে তারা। এমনকি আন্দোলনের বিপরীত অবস্থান হওয়ায় বিশ্বাসঘাতক বলা হচ্ছে দেশটির ফুটবল কিংবদন্তি পেলেকেও। ক্ষোভটা অবশ্য শুধু একা পেলের বিরুদ্ধে নয়, বিক্ষোভকারীদের রোষানলে ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদোও। ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপের ফিফার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন পেলে, অন্যদিকে স্থানীয় আয়োজক কমিটির অন্যতম প্রধান রোনালদো। পরশু রিও ডি জেনিরোতে কয়েক শ বিক্ষোভকারীর হাতের ব্যানার ও প্ল্যাকার্ডে অবশ্য পেলের বিরুদ্ধে ক্ষোভটাই বেশি চোখে পড়েছে। এমনকি ‘পেলে—শতাব্দীর সেরা বিশ্বাসঘাতক’ ব্যানারও নিয়ে এসেছিলেন কেউ কেউ। তাদের দাবি, পরিবহন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ করতে ব্যর্থ ব্রাজিল সরকার। অথচ সেই সরকারই আবার বিপুল ব্যয়ে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দেশে। এমন সরকারের সঙ্গে হাত মেলানোয় পেলে-রোনালদোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন একজন বিক্ষোভকারী, ‘তারা অসাধারণ ফুটবলার ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তারা জনবিচ্ছিন্ন। এটা খুবই লজ্জাজনক যে তারা সরকারের হয়ে কাজ করছে।’ বিশ্বকাপ বাতিল না করলে এ বিক্ষোভ আরও বাড়বে বলে হুমকিও দিয়েছেন কয়েকজন। এএফপি।