ব্রাজিলেই ফিরলেন পাতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে ব্রাজিলের ইন্টারন্যাসিওনাল থেকে যোগ দিয়েছিলেন ইতালির এসি মিলানে। ইতালি ছেড়ে ব্রাজিলেই ফিরে গেলেন আলেজান্দ্রে পাতো। পুরোনো ক্লাব ইন্টারন্যাসিওনাল নয়, এসি মিলান থেকে দেড় কোটি ইউরোতে চার বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে করিন্থিয়ানস। চোটপ্রবণ এই স্ট্রাইকারের ওপর আগ্রহ হারিয়ে ফেলেছিল সংকটে পড়া মিলান। তবে ২৩ বছর বয়সী স্ট্রাইকারের দিকে প্যারিস সেন্ট-জার্মেইয়ের মতো আরও অনেক ইউরোপীয় ক্লাবেরই চোখ ছিল। কিন্তু ভূমিপুত্রকে ফিরিয়ে নিয়ে গেল সদ্য বিশ্ব ক্লাব কাপজয়ী দল। পাতোর সঙ্গে করিন্থিয়ানসের চুক্তিটি বিশাল কিছু নয়। তবে এতে একটি বিষয় পরিষ্কার। ব্রাজিলের অনেক প্রতিভাধর খেলোয়াড়ই হয়তো ফিরে যাবেন ব্রাজিলের ঘরোয়া ফুটবলে। কারণ ব্রাজিলের শক্তিশালী অর্থনীতি। গোটা বিশ্বেই ব্রাজিল এখন উদীয়মান অর্থনৈতিক শক্তি। আগের সময় হলে পাতোকে ফিরিয়ে নেওয়ার সামর্থ্য দেখাতে পারত না ব্রাজিলের কোনো ক্লাব। একই কারণেই হয়তো নেইমারের মতো প্রতিভাকেও এখন পর্যন্ত আটকে রাখতে পারছে সান্তোস। মিলানে যোগ দেওয়ার সময় আলোচনা ছিল, পাতোর মধ্যেই ব্রাজিলের আরেক কিংবদন্তিকে দেখতে যাচ্ছে বিশ্ব ফুটবল। ইন্টারন্যাসিওনালের হয়ে ২০০৬ সালে জিতেছিলেন ফিফা ক্লাব বিশ্বকাপ, ২০০৭ সালে কোপা সুদামেরিকানা। ক্লাব বিশ্বকাপে মিসরের আল-আহলির বিপক্ষে গোল করে সবচেয়ে কম বয়সে ফিফা আয়োজিত কোনো টুর্নামেন্টে গোল করার রেকর্ডটি কেড়ে নিয়েছিলেন পেলের কাছ থেকে। কিন্তু মিলানে মাঝেমধ্যে ঝলক দেখালেও পাতো ফুল হয়ে ফুটতে পারলেন না। চোটই ছিল বাধা। দেখা যাক, পরিচিত আলো-হাওয়ায় প্রতিশ্রুতিকে পরিণতি দিতে পারেন কিনা! এএফপি, ওয়েবসাইট।