ব্রাজিলের, পর্তুগালেরও
চাইলেই কি অস্বীকার করা যায় নাড়ির টান? কোনো বিষণ্ন রাতে কিংবা কোনো অলস দুপুরে হঠাৎ কি হূদয়জুড়ে হাহাকার ওঠে না তাঁর ফেলে আসা দেশের জন্য! ২০১০ বিশ্বকাপ তো দেশপ্রেমের কঠিন এক পরীক্ষাতেই ফেলে দিতে যাচ্ছে ডেকোকে। কোনটি তাঁর আসল দেশ? যেখানে জন্মেছেন, বেড়ে উঠেছেন, কাটিয়েছেন ১৯ বছর—সেই ব্রাজিল? নাকি যে দেশ ফুটবলের তারকা বানিয়েছে তাঁকে, পরিচিতি দিয়েছে বিশ্বময়, সেই পর্তুগাল?সেই পরীক্ষার মুখোমুখি হবেন ২৫ জুন। যখন ডারবানে মুখোমুখি হবে তাঁর দুই দেশ পর্তুগাল-ব্রাজিল! চেলসির ৩২ বছর বয়সী মিডফিল্ডারও অপেক্ষায় আছেন দিনটির জন্য, ‘এটা আমার জন্য স্পেশাল একটা ম্যাচ হবে। কারণ আমি একজন ব্রাজিলিয়ান। বাকি সবার চেয়ে এই ম্যাচটা সম্পূর্ণ আলাদা হবে আমার জন্য। পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত আমি নিজেই বেছে নিয়েছি। শেষ পর্যন্ত আমি এই জার্সির প্রতি আমার আত্মনিবেদন প্রমাণ করে যাব। যখন এই সিদ্ধান্তটা নিই, আমি তখনই জানতাম, একদিন না একদিন আমাকে এমন একটা ম্যাচের সামনে পড়তেই হবে।’ব্রাজিলের সাও পাওলোতে জন্ম। যুব ক্যারিয়ারের শুরু সাও পাওলোর ন্যাসিওনালে। দ্রুত তাঁর প্রতিভা নজরে পড়ে করিন্থিয়ানসের। এক মৌসুম এখানে খেলেই চলে যান পর্তুগাল, বেনফিকার আমন্ত্রণে। কিন্তু শেষ পর্যন্ত বেনফিকার মূল দলে খেলাই হয়নি তাঁর। প্রথম দুটো মৌসুম ধারে অন্য ক্লাবে খেলতে পাঠিয়ে দেয় তাঁকে। পরে চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ডেকোর ঠিকানা হয় পোর্তো। ভাগ্যের দুয়ার যেন খুলে যায় তাঁর।পোর্তোতে এসেই কোচ হিসেবে পান হোসে মরিনহোকে। ক্লাবের সাফল্যমণ্ডিত একটা সময়ে নেতৃত্ব দেন। তিনটি করে লিগ ও কাপ শিরোপা আর সুপার কাপ শিরোপা তো আছেই, আন্তর্জাতিক মঞ্চে এই ছোটখাটো গড়নের ফুটবলারটি সবার নজর কাড়েন ২০০৩ উয়েফা কাপ এবং পরের বছর চ্যাম্পিয়নস লিগে। ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। হয়েছিলেন উয়েফার বর্ষসেরা ক্লাব ফুটবলার আর সেরা মিডফিল্ডারও।এরই মাঝে ২০০২ সালে ডেকো পর্তুগালের জাতীয়তা নিয়ে নেন। পরের বছর পর্তুগিজ দলের হয়ে অভিষেকও হয়ে যায়। ব্রাজিলের বিপক্ষেই! সেই অভিষেক ম্যাচে ফ্রি কিক থেকে গোল করে দলকে জিতিয়েও দেন। ১৯৬৬ বিশ্বকাপের পর যেটি ছিল ব্রাজিলের বিপক্ষে পর্তুগালের প্রথম জয়।ডেকো ব্রাজিলের মুখোমুখি হচ্ছেন আবার। সেটি আবার বিশ্বকাপে। ছেড়ে আসা পুরোনো ক্লাবের মুখোমুখি হতেই কেমন আবেগাক্রান্ত হয়ে যান ফুটবলাররা। খসে যায় পেশাদারির মুখোশ। এখানে তো ক্লাব নয়, মুখোমুখি হওয়া নিজ দেশের! কিন্তু ডেকো হয়তো আবেগ লুকিয়ে ফেললেন পেশাদার মুখোশটার আড়ালেই, ‘আমি যদি ব্রাজিলের বিপক্ষে গোলও করি, নিশ্চয়ই কেউ আমার বিরুদ্ধে জন্মভূমির প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ আনবে না।’কিন্তু ডেকো নিজেও তো খেলতে চেয়েছিলেন ব্রাজিলের হয়ে। কেন সেই হিসাব মিলল না, তার উত্তর যে ভালো জানা নেই তাঁর কাছেও, ‘আমার ক্যারিয়ারের দিকে যদি তাকান, ব্রাজিলের হয়ে খেলাটাই হতো আমার জন্য সবচেয়ে স্বাভাবিক। আমি যা কিছু অর্জন করেছি, তার অর্ধেকও অনেকে পায়নি, কিন্তু তার পরও ঠিকই (ব্রাজিলের) জার্সিটা তারা পেয়েছে। পোর্তোর হয়ে প্রায় সবকিছুই জিতেছে, বার্সেলোনার প্রথম একাদশে চার বছর নিয়মিত খেলেছে এবং বিশ্বের অন্যতম প্রধান ক্লাবে (চেলসি) খেলে এমন একজনের তো ব্রাজিলের হয়ে খেলা সবচেয়ে সহজ এবং স্বাভাবিক ব্যাপার।’সেটা যখন হয়নি, সেই আক্ষেপ নিয়ে পড়ে থাকতে চান না। বরং স্মরণীয় করে রাখতে চান নিজের শেষ বিশ্বকাপটা, ‘আমি সত্যিই বিশ্বাস করি, এবারের বিশ্বকাপটা আমার জন্য দারুণই হবে।’ ওয়েবসাইট।