ব্রাজিলের অন্য নাম ‘বিভ্রান্তি ও সংকট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিনহো-নেইমার-পাতো-গানসো চতুষ্টয়কে নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। ২০১৪ সালের সেই স্বপ্নের ভিত গড়তে চায় তারা এবারের কোপায়। কিন্তু কোপার প্রথম দুই ম্যাচ সেই বিশ্বাসের ভিত্তি দিয়েছে নাড়িয়ে। ভেনেজুয়েলা-প্যারাগুয়ের সঙ্গেও ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।দলের এই হাল মেনে নিতে পারছে না ব্রাজিলের মানুষ, মানতে পারছে না ব্রাজিলের সংবাদমাধ্যম। ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্রর পর শুরু মানো মেনেজেসের দলের সমালোচনা। প্যারাগুয়ে ম্যাচে ড্র সমালোচনার আগুনে ঢেলেছে ঘি।ব্রাজিলের প্রভাবশালী দৈনিক ও গ্লোবো বিষয়টিকে দেখেছে সংকট হিসেবে। ‘বিভ্রান্তি ও সংকট’—এই শিরোনামে পত্রিকাটি লিখেছে, ‘প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলের ড্র এবং ব্রাজিলের আরেকটা বাজে পারফরম্যান্স খুবই হতাশাজনক।’২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় ব্রাজিলকে ছাপিয়ে শীর্ষে ভেনেজুয়েলা, এটি সমর্থকদের কাছে বিভ্রান্তি নয়তো কী! আর সংকট? ইকুয়েডরের বিপক্ষে জিততে না পারলে যে টুর্নামেন্ট থেকেই বিদায় নেওয়ার শঙ্কা আছে আটবারের চ্যাম্পিয়নদের।ও গ্লোবো সংকটটা দেখছে আরেক জায়গায়। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শেষেই হনহনিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছেন রবিনহো। ওই ম্যাচে কোচ এসি মিলান তারকাকে খেলাননি। রবিনহো-কোচের মধ্যে তাহলে শুরু হয়ে গেছে চরম দ্বন্দ্ব!ফোলহা ডি সাও পাওলো অবশ্য প্যারাগুয়ে ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করেছে। বল পজেশনে ব্রাজিলের বাজে অবস্থা তুলে ধরে পত্রিকাটি লিখেছে, ‘গানসো ১৩ বার বল প্রতিপক্ষের পায়ে জমা দিয়েছেন। নেইমার ১০ বার এবং পাতো ৯ বার করেছেন এই কাজ।’ও এস্তাডো ডে সাও পাওলোর ভাষ্য সোজাসাপ্টা, ‘দল আবার বাজে খেলল।’ এই সংবাদপত্রের এক কলাম লেখক একটু কৌতুকও করেছেন, ‘দলের পারফরম্যান্স এত বাজে ছিল, দর্শক খেলা দেখতে গিয়ে টেলিভিশনের সামনে ঘুমিয়ে পড়েছে।’ ক্রীড়া দৈনিক ল্যান্স ওই পরের ম্যাচের জন্য পরামর্শ দিয়ে রেখেছে—ভালো করো!ভালো ব্রাজিলকে করতেই হবে। নইলে যে কোপার হ্যাটট্রিক শিরোপা-স্বপ্ন অঙ্কুরেই শেষ হয়ে যাবে। টলে উঠবে ২০১৪ সালে নিজেদের দেশের বিশ্বকাপে ভালো কিছু পাওয়ার স্বপ্নের ভিত। এএফপি।