ব্রাজিলের অলিম্পিক দলে হাল্ক-সিলভা-মার্সেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুটি পরাজয়ের স্মৃতি নিয়ে অলিম্পিক-যাত্রা। তার পরও এই ব্রাজিল দলকে নিয়ে সমর্থকেরা আশায় বুক বাঁধতেই পারেন। বিশেষ করে আর্জেন্টিনা ম্যাচে ৪-৩ গোলে হারলেও ব্রাজিলের তরুণ তুর্কিরা দেখিয়ে দিয়েছে, তারা দুঃসাহসিক, অ্যাডভেঞ্চার-প্রিয়। রক্তের মধ্যেই আছে তাদের ব্রাজিলীয় শিহরণ। কার্লোস-দুঙ্গার হাতে যে ব্রাজিলের মৃত্যু হয়েছিল বলে মনে করেন অনেকে, নেইমার-অস্কার-রোমুলোদের মতো তরুণদের পায়ে তারই পুনর্জন্ম হচ্ছে। ব্রাজিলের এই তরুণ দলই যাচ্ছে এবারের অলিম্পিকে। দুই বছরে পরিণত হয়ে এই তরুণেরাই নিজের দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে নেতৃত্ব দেবে ব্রাজিলের।অলিম্পিক দল এমনিতে অনূর্ধ্ব-২৩ বছর বয়সী। তবে ১৮ জনের দলে তিনজন বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়। পোর্তো স্ট্রাইকার হাল্কের পাশাপাশি রক্ষণে থিয়াগো সিলভা আর মার্সেলোকে নিয়ে এই কোটা পূর্ণ করেছেন ব্রাজিল কোচ মানো মেনেজেস। মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে পরিষ্কার বোঝা গেছে হুয়ান আর ব্রুনো উভিনিদের অনভিজ্ঞতা। মার্সেলো-সিলভার মতো অভিজ্ঞতা সেই ঘাটতি ঢাকবে। অবশ্য মেনেজেসের দাবি, অলিম্পিকে ব্রাজিল দলের রক্ষণে কোনো ফাটল কেউ খুঁজে পাবে না। কারণ? লিওনেল মেসিই তো নেই! গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার বাছাই পর্ব পেরোতে পারেনি। মেনেজেস বলেন, ‘আর্জেন্টিনা ম্যাচে যে সমস্যা হয়েছিল, তা অলিম্পিকে হবে বলে মনে হয় না। কারণ, মেসি অলিম্পিকে থাকবে না। আমাদের এমন কোনো খেলোয়াড়ের মুখোমুখি হতে হবে না, যে মাঝমাঠে বল নিয়ে একার চেষ্টাতেই রক্ষণ ধ্বংস করে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে।’এবারের অলিম্পিককে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে ব্রাজিল। কখনোই এই শিরোপা জেতা হয়নি বিশ্বের সবচেয়ে সফল দলটির। ‘সি’ গ্রুপের শীর্ষ দল ব্রাজিল ২৬ জুলাই মিসরের সঙ্গে খেলবে প্রথম ম্যাচ; ২৯ জুলাই বেলারুশের পর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১ আগস্ট, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এর আগে কন্ডিশনের স্বাদ পেতে ২০ জুলাই স্বাগতিক ব্রিটেনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এএফপি, রয়টার্স।ব্রাজিল দল: গোলরক্ষক—রাফায়েল কাব্রাল (সান্তোস) ও নেতো (ফিওরেন্টিনা)। ডিফেন্ডার—মার্সেলো (রিয়াল মাদ্রিদ), রাফায়েল (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (পোর্তো), অ্যালেক্স সান্দ্রো (পোর্তো), থিয়াগো সিলভা (এসি মিলান), হুয়ান (ইন্টার মিলান) ও ব্রুনো উভিনি (সাও পাওলো)। মিডফিল্ডার—রোমুলো (ভাস্কো ডা গামা), গানসো (সান্তোস), অস্কার (ইন্টারন্যাসিওনাল), সান্দ্রো (টটেনহাম) ও লুকাস (সাও পাওলো)। ফরোয়ার্ড—নেইমার (সান্তোস), আলেসান্দ্রে পাতো (মিলান), লিওনার্দো দামিয়াও (ইন্টারন্যাসিওনাল) ও হাল্ক (পোর্তো)।